
ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে ভারতের ওয়ানডে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। নিজের দল নিয়ে কথা বললেন, বললেন প্রতিপক্ষ বাংলাদেশকে নিয়েও। উঠে এসেছে বাংলাদেশ সফরের অভিজ্ঞতা, এ সিরিজে তাঁর দলের লক্ষ্য—এমন আরও অনেক প্রসঙ্গ...
* কোহলি বলেছেন, ওয়ানডেতে বাংলাদেশ বিপজ্জনক দল। আপনার কী মত?
মহেন্দ্র সিং ধোনি: ওয়ানডেতে বাংলাদেশ সত্যিই খুব ভালো দল। ওরা ওয়ানডে খেলছেও অনেক দিন ধরে। আর টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা থেকে এখন বুঝে গেছে কখন মারতে হবে, আর কখন ধরে খেলতে হবে। আমি সব সময়ই ওয়ানডেতে ওদের ভালো দল মনে করি। টেস্টেও তারা উন্নতি করছে। কিন্তু ওই খেলাটা হয় ৫ দিনে, দুটি করে ইনিংস খেলতে হয়। ওখানে একটু ধারাবাহিকতা থাকতে হয়। তবে সময়ের সঙ্গে সেখানেও তারা আরও উন্নতি করবে।
* টেস্ট তো ছেড়ে দিয়েছেন। এখন কি আপনার ওয়ানডে খেলার ধরন কিছুটা আলাদা হবে?
ধোনি: না, সামগ্রিক ধরনটা একই রকম থাকবে। কারণ আমি সব সময় দলের জয়ের জন্য খেলি, আর সেটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তবে একাদশে কার কী ভূমিকা আর দায়িত্ব সেটা তো পরিস্থিতি বুঝে ঠিক করা হয়। সেটার সঙ্গে মানিয়ে নেওয়া এবং আরও উন্নতির চেষ্টা করাটাই আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটা আমার ওপর নির্ভর করে না। নির্ভর করে ম্যাচের পরিস্থিতি কী এবং দল আমার কােছ কী চায় সেটার ওপর।
* কোহলি বলেছেন টেস্টে আপনাকে খুব মিস করেছেন তিনি। টেস্টে তাঁর ৬ ব্যাটসম্যান ৫ বোলার খেলানোর কৌশল নিয়ে আপনার মত কী?
ধোনি: ওয়ানডে নিয়েই কথা বলি শুধু। আমি জানি এটা খুব ভালো প্রশ্ন, কিন্তু শুধু ওয়ানডে নিয়েই কথা বলতে চাই। দেখুন, প্রতিটি মানুষ আলাদা। আপনারা সবাই তো প্রশ্ন করেন, কিন্তু আপনার প্রশ্নটা যেমন অন্যদের চেয়ে আলাদা, একই কথা প্রযোজ্য অধিনায়কত্বের বেলায়ও। প্রত্যেকেরই অধিনায়কত্বের একটা ধরন থাকে। সবাই এক রকম হবে, এটা আপনি আশা করতে পারেন না। শেষ পর্যন্ত এখানে ব্যক্তিমানুষের চরিত্র অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
* বাংলাদেশ কেমন লাগছে?
ধোনি: এখানকার মানুষ ক্রিকেট ভালোবাসে। ওরা ওদের দলটাকে দারুণ সমর্থন দেয়, ক্রিকেটটা উপভোগ করে। সমর্থকেরা মাঠে আসছে, দলের জন্য গলা ফাটাচ্ছে—একটা দলের জন্য এটা অনেক বড় ব্যাপার। আগেরবার যখন এসেছিলাম, তার চেয়ে এবার যানজট আরও বেড়েছে মনে হয়। কিন্তু মানুষগুলো দারুণ ভালো। যানজট বাদ দিলে খুব ভালো জায়গা।
* বাংলাদেশ-ভারত প্রতিদ্বন্দ্বিতাকে কীভাবে দেখছেন?
ধোনি: দারুণ হাড্ডাহাড্ডি লড়াই হয়। দুটি দলই পেশাদারি ধরে রেখে দেশের জয়ের জন্য নিজেদের সেরাটা খেলে। মাঠে আমাদের মধ্যে এখন পর্যন্ত তিক্ত কিছু হয়নি। আমি তো বলব চমৎকার প্রতিদ্বন্দ্বিতা হয়, আর সেটা সঠিক দিকেই এগোচ্ছে।
* পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশকে কেমন দেখেছেন?
ধোনি: সত্যি বললে, আমাদের জন্য অন্য দলের খেলা দেখা খুব কঠিন, কারণ আমরা বলতে গেলে সারা বছরই খেলি। আমি যদিও এখন এক ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিয়েছি, তবু যে পরিমাণ খেলতে হয় আমাদের, অন্য দলকে অনুসরণ করা খুব কঠিন। হ্যাঁ, ভিডিও দেখেছি, আমাদের ভিডিও বিশ্লেষক আছেন। তবে সেটা ঠিক কোনো মন্তব্য করার মতো যথেষ্ট নয়। দেখুন, গুরুত্বপূর্ণ হচ্ছে ভালো প্রথম শ্রেণির ক্রিকেট থাকা। আমি মনে করি বাংলাদেশের তরুণ খেলোয়াড়েরা যেটুকু সুযোগ পেয়েছে, বেশির ভাগই ভালো করেছে। এটা একটা দলের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ আপনার যখন বেশি খেলোয়াড় থাকবে, কেউ চোট পেয়ে ছিটকে গেলে বিকল্পও পাবেন।
* এ সিরিজে আপনাদের লক্ষ্য কী?
ধোনি: সিরিজ জেতাই প্রথম লক্ষ্য। আর সে জন্য একটা করে ম্যাচ ধরে এগোতে চাই। ওটাই হয়তো কাজটাকে একটু সহজ করবে। কারণ যা বুঝছি, বৃষ্টি হতে পারে। মনোযোগ ধরে রাখাটা এখানে গুরুত্বপূর্ণ। বৃষ্টিবিরতি যাতে আমাদের ছন্দে বাগড়া দিতে না পারে সেই চেষ্টা করতে হবে।