কী করতে হবে আমার জানা আছে

মালে যাত্রার আগের দিন বাংলাদেশ দলের অন্তর্বর্তীকালীন কোচ সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে শোনালেন আশার কথা। অস্কার ব্রুজোন চান বাংলাদেশ–মালদ্বীপ ফাইনাল। কিন্তু জেমি ডের হঠাৎ বিদায়ের পর এই অল্প কদিনে জামাল ভূঁইয়াদের কতটা প্রস্তুত করা গেল? সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে কাল মালে যাওয়ার আগে গত পরশু সেসব নিয়েই প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন জাতীয় ফুটবল দলের নতুন কোচ—

সাফ ফুটবলের জন্য দায়িত্ব নিয়েছেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজোনছবি: তানভীর আহাম্মেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্ন:

সাফ চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। কতটা প্রস্তুত আপনি ও আপনার দল?

অস্কার ব্রুজোন: মাত্র ছয়টি অনুশীলন সেশন পেয়েছি। এত অল্প সময়ে মনমতো প্রস্তুতি হয় না। কিন্তু কিছু করার নেই। হাতে যা সময় ছিল, সেটার সর্বোচ্চ ব্যবহার করেছি। সত্যি বলতে আমার দম ফেলার ফুরসত নেই। এখনো দুপুরের খাবারও খাইনি।

আমি মনে করি বাংলাদেশের আরও ভালো করার ক্ষমতা আছে। সেই বিশ্বাস আছে বলেই হঠাৎ দায়িত্বটা নিয়ে নিয়েছি। এখন সাফে ভালো ফুটবল খেলতে হবে। সুযোগ তৈরি করে গোল করতে হবে। লক্ষ্য অবিচল থাকলে আশা করি আমরা ভালো করব।
অস্কার ব্রুজোন, জাতীয় ফুটবল দলের কোচ
প্রশ্ন:

হঠাৎ জেমি ডেকে সরিয়ে আপনাকে দায়িত্ব দিয়েছে বাফুফে। এমন কিছু কখনো ভেবেছিলেন?

ব্রুজোন: না, কখনোই ভাবিনি এমন কিছু হবে। তবে মানুষের জীবনে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটে। আমি সেভাবেই বিষয়টা দেখেছি। প্রথমে ভাবছিলাম, এটা অনেক বড় চ্যালেঞ্জ। যদিও সময় অল্প। তবু ভেবেছি, দেখি না চেষ্টা করে।

সাফে ফাইনালেই খেলার লক্ষ্য ব্রুজোনের
ছবি: তানভীর আহাম্মেদ
প্রশ্ন:

বাংলাদেশের ফুটবলে সাফ চ্যাম্পিয়নশিপ মানে নিজেদের প্রমাণের শ্রেষ্ঠ মঞ্চ। কিন্তু চারটি সাফে বাংলাদেশ গ্রুপ পর্বই পেরোতে পারেনি...

ব্রুজোন: আমি মনে করি বাংলাদেশের আরও ভালো করার ক্ষমতা আছে। সেই বিশ্বাস আছে বলেই হঠাৎ দায়িত্বটা নিয়ে নিয়েছি। এখন সাফে ভালো ফুটবল খেলতে হবে। সুযোগ তৈরি করে গোল করতে হবে। লক্ষ্য অবিচল থাকলে আশা করি আমরা ভালো করব।

Tanvir Ahammed
প্রশ্ন:

ভালো মানে কী? কী ধরনের ফল আশা করা যায়?

ব্রুজোন: অন্তত ফাইনাল খেলতে চাই। আর চ্যাম্পিয়ন হতে পারলে তো কথাই নেই।

সাফে কী করতে হবে, সেটা জানেন ব্রুজোন
ছবি: প্রথম আলো
প্রশ্ন:

কিন্তু আপনি কোনো জাতীয় দলের দায়িত্বে এই প্রথম। সাফের মতো বড় মঞ্চে অভিজ্ঞতার ঘাটতি আপনাকে পিছিয়ে রাখবে মনে করেন?

ব্রুজোন: হ্যাঁ, জাতীয় দলের কোচ হিসেবে আমি অনভিজ্ঞ ঠিকই। তবে বাংলাদেশ দলের খেলোয়াড়দের সবাইকে আমি চিনি, জানি। বাংলাদেশের এই সাফ দলের প্রায় অর্ধেকের কাছাকাছি খেলোয়াড় বসুন্ধরা কিংসে আমার অধীনে খেলে। এই খেলোয়াড়দের নিয়েই ২০১৮ থেকে আমি বসুন্ধরাকে টানা ৫টি শিরোপা এনে দিয়েছি। কাজেই সাফে কী করতে হবে আমার জানা আছে।

ব্রুজোন বিশ্বাস করেন বাংলাদেশের ফুটবলাররাও ভালো কিছু দিতে পারে
ছবি: প্রথম আলো
প্রশ্ন:

ক্লাবের খেলায় তো আপনার হাতে উঁচু মানের বিদেশি খেলোয়াড়ও থাকে। এবার পেয়েছেন ব্রাজিলিয়ান রবসন, জোনাথন, আর্জেন্টাইন রাউল বেসেরা, ইরানি খালিদদের মতো খেলোয়াড়। এই মানের খেলোয়াড় বাংলাদেশ জাতীয় দলে নেই। সাফল্য পাওয়া কঠিন মনে হচ্ছে না?

ব্রুজোন: (হাসি) মনে রাখবেন, প্রতিপক্ষ দলগুলোতেও কোনো বিদেশি নেই। তবে আমার বিশ্বাস, বাংলাদেশের ফুটবলাররা আরও ভালো কিছু দিতে পারে। সামর্থ্যের সেরাটা আদায় করতে হবে ওদের কাছ থেকে।

প্রশ্ন:

সাফে এবার ভুটান ও পাকিস্তান নেই। ৫ দল লিগ ভিত্তিতে খেলবে। সব দলই অন্তত ৪টি করে ম্যাচ পাচ্ছে। কোন ম্যাচটা বেশি কঠিন হতে পারে?

ব্রুজোন: ৪টি নয়, আশা করি ফাইনালসহ আমরা ৫টি ম্যাচ খেলব। এর মধ্যে নিঃসন্দেহে ভারত ম্যাচটা আমাদের জন্য বেশি কঠিন। মালদ্বীপ, নেপালও কম নয়। তবে আমি ১ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচটাকেই আপাতত সবচেয়ে কঠিন ভাবছি। জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারলে আত্মবিশ্বাস বেড়ে যাবে।

ব্রুজোনের চোখে স্বপ্ন দেখছে বাংলাদেশ
ছবি: প্রথম আলো
প্রশ্ন:

ফাইনালে যাওয়ার আশা যেহেতু করছেন, সেখানে প্রতিপক্ষে হিসেবে কাদের পেলে খুশি হবেন?

ব্রুজোন: ফাইনালে অবশ্যই বাংলাদেশকে চাই, অন্য দলটি কারা, সেটাই প্রশ্ন। আমি ভারত ও মালদ্বীপের ক্লাব ফুটবলে কাজ করেছি। তবে দিন শেষে চাইব বাংলাদেশ–মালদ্বীপ ফাইনাল হোক। মালদ্বীপ স্বাগতিক এবং অন্যতম ফেবারিট।

প্রশ্ন:

জেমি ডের অধীনে বাংলাদেশ রক্ষণ সামলে প্রতি–আক্রমণনির্ভর ফুটবলই বেশি খেলেছে। আপনি আবার আক্রমণাত্মক ফুটবল পছন্দ করেন। ভালো বিদেশি থাকায় ক্লাবে ফলও পেয়েছেন। সাফে কেমন ফুটবল খেলবে আপনার দল?

ব্রুজোন: প্রতিপক্ষ বুঝে কৌশল ঠিক করব। তবে সাধারণভাবে বলতে পারি, জিততে হলে গোল চাই। আক্রমণে বেশি বেশি যেতে হবে। সেদিকে বাড়তি মনোযোগ রাখব।

প্রশ্ন:

কিন্তু গোল করবে কে? আন্তর্জাতিক ছাড়পত্র না আসায় সাফে পাওয়া গেল না এলিটা কিংসলিকেও...

ব্রুজোন: এলিটা থাকলে ভালো হতো ঠিক। এখন মতিন, সুফিল, বিপলুদের দায়িত্ব নিতে হবে। ওরা নিজেদের কাজটা ভালোভাবে করতে পারলে গোল আসবে। আমি গোলের জন্য এককভাবে কোনো খেলোয়াড়ের ওপর নির্ভর করছি না। গোল যে কেউ করতে পারে।

প্রশ্ন:

সাফে এবার ভালো না করলে বাংলাদেশের ফুটবলে আরও হতাশা নেমে আসবে। কী বার্তা দেবেন দেশের ফুটবল সমর্থকদের?

ব্রুজোন: আমি জাদুকর নই যে রাতারাতি কিছু করে ফেলব। তবে চেষ্টা করব আস্থার প্রতিদান দিতে। সমর্থকদের বলব, পাশে থাকুন। তবে আমরা হতাশ করব না। এটা অন্তত দেখাতে চাই ফিফার তালিকায় বাংলাদেশ ১৮৯–এ থাকার মতো দল নয়।