ক্যারিবিয়ান ক্রিকেট নিয়ে হোল্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেসন হোল্ডার
জেসন হোল্ডার

ক্লাইভ লয়েড, ভিভ রিচার্ডস আর কার্টলি অ্যামব্রোসরা তাঁর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের উজ্জ্বল ভবিষ্যৎ দেখেন। মাত্র ২৩ বছর বয়সেই তাই ওয়ানডে দলের অধিনায়কত্ব বর্তেছে জেসন হোল্ডারের কাঁধে। ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে বারবাডিয়ান ফাস্ট বোলার কথা বলেছেন নেতৃত্বের চাপ, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে। বাদ থাকেনি পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার প্রসঙ্গও—
. আপনার মধ্যে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের নতুন যুগের প্রতিচ্ছবি দেখেন অনেকে। মাত্র ২৩ বছর বয়সে ওয়ানডে দলের অধিনায়কও হয়েছেন। চাপটা কেমন বুঝছেন?
জেসন হোল্ডার: চাপ তো আছেই। কিন্তু এটাই স্বাভাবিক। যেটা আপনার অভীষ্ট লক্ষ্য ছিল, সেখানে আসা মানে সঙ্গে চাপটাও নিয়ে আসা। কেউ তো আর পারফর্ম না করার ইচ্ছে নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আসে না। আর আপনি যখন পারফর্ম করবেন, অল্পবিস্তর সাফল্য পাবেন, তখন চাপটাও স্বাভাবিকভাবেই চলে আসবে। শুধু আমি নই, ওয়েস্ট ইন্ডিজ দলে যারা খেলছে সবারই কিছু না-কিছু দিতে হবে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটকে এগিয়ে নিয়ে যাওয়ার এই দায়িত্বটা আমাদের সবার, আলাদা একজন কিংবা দুজনের নয়।
. টেস্ট অধিনায়ক হিসেবে দিনেশ রামদিনের উত্তরসূরি হওয়াটাও এখন সময়ের ব্যাপার বলে মনে হচ্ছে...
হোল্ডার: যখন হই, তখন দেখা যাবে। যদি এমন পরিস্থিতি হয়, যে দিনেশ দায়িত্ব ছেড়ে দেওয়ার পরে আমাকে ওর জায়গায় ভাবা হচ্ছে, তখন সেটা নিয়ে ভাবব এবং সিদ্ধান্ত নেব। এ মুহূর্তে ওয়ানডে অধিনায়কত্বই আমার জন্য বড় চ্যালেঞ্জ। আমি সেটাই উপভোগ করছি।
. কার্টলি অ্যামব্রোস তাঁর আত্মজীবনীতে বলেছেন, আবার ক্রিকেটের পরাশক্তি হতে ওয়েস্ট ইন্ডিজের ১৫ বছর লাগবে। আপনি তাঁর সঙ্গে একমত?
হোল্ডার: ১৫ বছর তো অনেক লম্বা সময়। আমার মনে হয়, আমরা যদি কঠোর পরিশ্রম করি, আমাদের ক্রিকেটের ধরন, ফিজিক্যাল ফিটনেস এসব নিয়ে ঠিকঠাক কাজ করতে পারি, তাহলে সব ধরনের ক্রিকেটেই আগামী ৫ বছরের মধ্যে সেরাদের কাতারে যেতে পারব। ব্যক্তিগত ও দলগতভাবে আমাদের সেই কাজগুলো করার জন্য এই সময়টুকু নিতে হবে এবং সঠিকভাবে করতে হবে। সাফল্যের জন্য আমাদের কঠিন পরিশ্রম করতে হবে এবং যেটা করা খুব কঠিন বলে মনে হয় সেটাও করতে হবে। সেটা করতে পারলেই আমরা এক নম্বরে যেতে পারব।
. আপনি নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলেছেন। কিন্তু জুনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজটাই সম্ভবত বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে...
হোল্ডার: অস্ট্রেলিয়া অনেক দিন টেস্টের এক নম্বর ছিল। কিছুদিন আগেও তারা দক্ষিণ আফ্রিকার চেয়ে এগিয়ে ছিল। ওরা খুবই ভালো দল, বিশেষ করে টেস্টে, এটা আমরা জানি। যদিও মাত্র দুই টেস্টের সিরিজ ওদের বিপক্ষে, কিন্তু দেশের মাটিতে এটা আমাদের জন্য বিশাল চ্যালেঞ্জ।
. আইসিসি সম্প্রতি ওয়ানডে ক্রিকেটের নিয়মে বেশ কিছু পরিবর্তন এনেছে। যার মধ্যে ব্যাটিং পাওয়ার প্লে তুলে দেওয়া এবং ফিল্ডিং বাধ্যবাধকতা কমিয়ে আনার ব্যাপারগুলোও আছে। আপনি এতে সন্তুষ্ট?
হোল্ডার: আমি শুনেছি, কিন্তু বিস্তারিত এখনো দেখিনি। তবে ব্যাটিং পাওয়ার প্লে তুলে দেওয়াটা ব্যাট-বলের লড়াইয়ে ভারসাম্য আনবে বলে মনে হয়। এখন তো ব্যাটিং পাওয়ার প্লে আর ফিল্ডিং বাধ্যবাধকতার কারণে সবকিছুই ব্যাটসম্যানদের পক্ষে যাচ্ছে। নতুন নিয়মগুলো বোলারদের একটু স্বাধীনতা দেবে, পরীক্ষা-নিরীক্ষার সুযোগ বাড়বে।
. পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট স্থগিত হওয়ার প্রায় বছর চারেক পরে আপনার ক্যারিয়ার শুরু। সম্প্রতি সেখানে আবার আন্তর্জাতিক ক্রিকেট ফিরেছে। আপনার দল কি জিম্বাবুয়ের পদাঙ্ক অনুসরণে আগ্রহী?
হোল্ডার: হ্যাঁ, জিম্বাবুয়ে সেখানে গেছে এবং শেষ পর্যন্ত এটা একান্তই তাদের সিদ্ধান্ত। কিন্তু আমি এখনো পাকিস্তান সফরে যেতে রাজি নই। আমাকে আগে নিশ্চিত হতে হবে যে সেখানে শতভাগ নিরাপত্তা আছে এবং সব সময় শতভাগ নিরাপত্তাই থাকবে। আমি জানি না ওরা এখন সেই নিশ্চয়তা দিতে পারবে কি না।