জো রুটই সবচেয়ে বড় দাবিদার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
নাসের হুসেইন
নাসের হুসেইন
সতীর্থদের শ্রদ্ধা আর ভালোবাসা মিলিয়ে অ্যালিস্টার কুক সব সময়ই অন্য রকম এক ব্যক্তিত্ব। কিন্তু সম্প্রতি ছেড়ে দিলেন ইংল্যান্ডের টেস্ট অধিনায়কত্ব। স্কাই স্পোর্টসের হয়ে সদ্য সাবেক অধিনায়ক কুকের সাক্ষাৎকার নিয়েছেন আরেক সাবেক ইংল্যান্ড অধিনায়ক নাসের হুসেইন

নাসের হুসেইন * ইংল্যান্ডের অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত কতটা কঠিন ছিল?

অ্যালিস্টার কুক: একদিক থেকে খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। কী ছাড়তে যাচ্ছি, সেটা নিয়ে অনেক ভেবেছি। ইংল্যান্ডকে নেতৃত্ব দেওয়ার মধ্যে যে সম্মান, গর্ব, আভিজাত্য ও চ্যালেঞ্জ সেটা ছাড়া সহজ নয়। আমি নেতৃত্বের প্রতিটি মিনিট উপভোগ করেছি। ভালো ও মন্দ—দুই সময়েই। সামনে থেকে নেতৃত্ব দিতে ভালো লাগত। সুতরাং ছাড়াটা একেবারেই সহজ ছিল না। কিন্তু যখন ভারত সফর থেকে ফেরার বিমানে উঠছিলাম, তখনই একটা অনুভূতি হয়েছিল যে, আমি আর অধিনায়ক থাকছি না। এটা এমন একটা কাজ, সব সময় আপনাকে শতভাগ দিতে হয়। আমি হয়তো ৯৫ শতাংশ দিতে পারতাম। কিন্তু সেটা যথেষ্ট নয়।
* কোনো নির্দিষ্ট মুহূর্ত আছে, যখন মনে হয়েছিল, আমাকে দিয়ে আর অধিনায়কত্ব চলবে না?
কুক: ঠিক ও রকম নয়। তবে বিশেষ কোনো সময়ের কথা যদি বলতে হয়, ভারত সফরের শেষ সপ্তাহের কথা বলব। আমি খুব গভীরভাবে ভাবলাম এবং মনে হলো, আর বেশি কিছু করার নেই। খুব খারাপ লাগবে তখন। আপনি সৎ ভাবে যখন আয়নার সামনে দাঁড়াবেন এবং মনে হবে সত্যিই সময় শেষ।
* খেলোয়াড়েরা তোমাকে কতটা ভালোবাসে সেটা নিশ্চয়ই বুঝতে পারছ? তারা তোমার অধীনে খেলতে কতটা পছন্দ করত, তুমি কতটা ভালো মানুষ সেসবই নিশ্চয়ই এই কয়েক দিনে আরও বেশি করে বুঝতে পেরেছ। এগুলোর নিশ্চয়ই অনেক মূল্য তোমার কাছে...
কুক: অবশ্যই। এত এত মেসেজ পেয়েছি! শুধু সতীর্থদের কাছ থেকে নয়, সারা পৃথিবী থেকে। আমি সামাজিক যোগাযোগমাধ্যমে নেই। তাই ওখানে কী প্রতিক্রিয়া জানি না। কিন্তু ফোনেই এত এত মেসেজ, কল এসেছে! আমি সবগুলোর জবাব দিতে পারিনি। কিন্তু এসবের মূল্য অনেক। এটা দারুণ ব্যাপার।
* ইংল্যান্ডকে ৫৯ টেস্টে নেতৃত্ব দিয়েছ। অ্যাশেজ জয় আছে, ভারত ও দক্ষিণ আফ্রিকা সফরে জিতেছ। কোনটাকে সেরা অর্জন বলবে?
কুক: ২০১৫ অ্যাশেজ। কারণ ওটা আসলেই আমার দল ছিল। এর আগের অ্যাশেজে খুব কঠিন সময় পার করেছিলাম আমরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে জেতাটা আসলেই বিশেষ কিছু।
* তাহলে সবচেয়ে বড় ব্যর্থতা কি ২০১৩-১৪ অ্যাশেজ?
কুক: বলা কঠিন। ভারতের মাটিতে এবারের হারটাও হতে পারে। আমরা এমন একটা কন্ডিশনে হেরেছি, যেটা অনেকটা ইংলিশ কন্ডিশনের মতোই। তার ওপর ভারতের দলটাও তরুণ ছিল। এর পাশাপাশি হয়তো ২০১৩-১৪ অ্যাশেজের হারটাও থাকবে। সিডনিতে আমাদের ৫-০ ব্যবধানে হার নিশ্চিত হলো। তারপর কেপিকে (কেভিন পিটারসেন) নিয়ে একটা পরিস্থিতি তৈরি হলো। এরপর আমরা শ্রীলঙ্কার কাছেও সিরিজ হারলাম। সবকিছুই হলো প্রায় ছয় মাসের মধ্যে।
* পিটারসেনের ব্যাপারটায় আসি। এখন ফিরে তাকালে কী মনে হয়, আবার সুযোগ পেলে ওই পরিস্থিতিতে কি তুমি অন্য কিছু করতে?
কুক: এটা আমার অধিনায়কত্বের একটা বড় অধ্যায়। আমি যেটা মনে করি, ইসিবি ব্যাপারটা খুব ভালোভাবে সামলাতে পারেনি। আমাকে অনেকে ভুল বুঝেছেন। প্রায় সবাই মনে করেছে, এটা আমার সিদ্ধান্ত। আমাকে সবচেয়ে কঠিন সমালোচনাগুলো নিতে হয়েছে। যেটা আমি মনে করি, আমার প্রতি অন্যায় হয়েছে। একটা কথা সবারই জানা দরকার, ইংল্যান্ড অধিনায়ক হিসেবে আপনি যত ক্ষমতাই ভোগ করুন না কেন, এ ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আপনার নেই। এ রকম একটা সিদ্ধান্ত আরও ছয়-সাতজন মিলে নিয়ে থাকেন এবং সেখানে চূড়ান্ত কথাটা কিন্তু আমার থাকে না। অথচ সবার কথা শুনে আমার মনে হয়েছে, আমি একাই যেন সেই সিদ্ধান্তটা নিয়েছি। কিন্তু একই সঙ্গে এটাও সত্যি, এসবই ইংল্যান্ড অধিনায়ক হওয়ার চ্যালেঞ্জ। ভালো বা মন্দ যে ফলই হোক, আমি চেষ্টা করেছি সব সময় ইংলিশ ক্রিকেটের জন্য সেরা সিদ্ধান্তটাই নিতে। প্রতিটি সিদ্ধান্ত, হোক সেটা একটা অতিরিক্ত স্লিপ রাখা কিংবা শর্ট লেগ রাখা—সবই দলের ভালোর জন্য।
* যদি অ্যান্ড্রু স্ট্রাউস তোমাকে জিজ্ঞেস করে, পরবর্তী ইংল্যান্ড অধিনায়ক কার হওয়া উচিত, কার কথা বলবে?
কুক: ভালো লাগছে যে আমাকে আর এ রকম সিদ্ধান্ত নিতে হবে না (হাসি)। তবে সত্যি কথা বললে, জো রুটই এর সবচেয়ে বড় দাবিদার। সে এখন সহ-অধিনায়ক। বছর দুয়েক ধরে সে নেতৃত্বের সঙ্গে অভ্যস্ত হয়েছে। সে দলের সেরা ব্যাটসম্যান। এটাও সত্যি, কেউ দলের সেরা ব্যাটসম্যান হলেই যে ভালো অধিনায়ক হবে, এটা বলা যায় না। কিন্তু রুটের ক্রিকেট-মস্তিষ্ক আসলেই ভালো। তবে যে-ই অধিনায়ক হোক, বেন স্টোকস, জনি বেয়ারস্টো ও জস বাটলারের বড় ভূমিকা থাকবে মাঠে ও মাঠের বাইরে। ওরা সবাই দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়, দলটাকে এগিয়ে নিতে ওদের বড় ভূমিকা নিতে হবে।
* ইংল্যান্ডের পরের টেস্টটা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, লর্ডসে। অনেক দিন পর ওই ম্যাচে তুমি সবার সামনে থেকে মাঠে নামবে না। কেমন লাগবে, কারও পেছনে থেকে মাঠে ঢুকতে?
কুক: প্রথম দিনটা হয়তো একটু অন্য রকম লাগবে, একটু অচেনা পরিস্থিতি। সুইটের বদলে অন্য রুমে থাকতে হবে। দেখি স্ট্রাউসির (অ্যান্ড্রু) সঙ্গে কথা বলে, এ ব্যাপারে কিছু করা যায় কি না। আর এসেক্সে তো আমি খেলিই টেনডে (রায়ান টেন ডেসকাট), ফজির (জেমস ফস্টার) অধীনে। আমি অধিনায়ক না থাকলেও পরামর্শ তো দেবই। তবে হ্যাঁ, এক মিনিটের জন্য হলেও একটু অদ্ভুত তো লাগবেই।