আজ ৩১ মে। বাংলাদেশের ক্রিকেটে বিশেষ একদিন। আন্তর্জাতিক ক্রিকেটে যখন বড় দলের বিপক্ষে খেলাটাই ছিল স্বপ্ন, তখনই কিনা প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে গিয়ে বাংলাদেশ দেখা পেয়ে যায় পাকিস্তানের বিপক্ষে প্রথম জয়ের! হ্যাঁ, ১৯৯৯ সালের ইংল্যান্ড বিশ্বকাপে আজকের এ দিনেই নর্দাম্পটনে পাকিস্তানকে ৬২ রানে হারিয়ে তাক লাগিয়ে দিয়েছিল বাংলাদেশ দল। ব্যাট হাতে ৩৪ বলে ২৭ রানের পর বল হাতে ৩১ রানে ৩ উইকেট নিয়ে সেদিন বাংলাদেশের জয়টাকে সহজ করে ম্যাচসেরা হয়েছিলেন খালেদ মাহমুদ। প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জাতীয় দলের সাবেক অধিনায়ক ও বর্তমানে বিসিবির পরিচালক খালেদ মাহমুদ স্মৃতিচারণা করেছেন ২২ বছর আগের সেই জয়ের—
প্রশ্ন :
টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সেদিন পাকিস্তানকেই প্রথমে হারিয়েছিল বাংলাদেশ দল। সেটাও বিশ্বকাপের মঞ্চে। কেমন ছিল দিনটা?
খালেদ মাহমুদ: আমাদের জন্য, আমার জীবনের জন্য অনেক বড় দিন সেটা। আমরা কোনো টেস্ট খেলুড়ে দেশকে ওই প্রথম হারাই। এর আগে কেনিয়া, স্কটল্যান্ডের সঙ্গে জিতেছিলাম। কিন্তু ওরা কেউ টেস্ট খেলুড়ে দেশ ছিল না। আমাদের টেস্ট মর্যাদা পাওয়ার পেছনেও সেই জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। পাকিস্তানকে বিশ্বকাপে হারানো অনেক বিরাট ব্যাপার ছিল। সেই দলের সঙ্গে থাকতে পেরে নিজেকে ভাগ্যবান মনে হয়।
আমি বলে দিয়েছিলাম, আমরা দুটি ম্যাচ জিতব। স্কটল্যান্ডকে তো আমরা হারাবই। আর আমরা একটা অঘটন ঘটাব। আমি জানি না কেন বলেছিলাম তখন। পরে তো সেটাই হয়েছে!
প্রশ্ন :
আপনার বোলিংটাই সেদিন পার্থক্য গড়ে দিয়েছিল…
মাহমুদ: সেদিন শান্ত (হাসিবুল হোসেন) ও মঞ্জু না খেলায় আমাকে নতুন বল নিতে হয়। আমিও খুশি ছিলাম। কারণ, ইংলিশ কন্ডিশনে বল সুইং করে। আমিও মূলত সুইং বোলার ছিলাম। আমরা ব্যাটিংয়ে নেমে যখন দুই শর ওপর রান করি, তখন আমাদের মধ্যে একটা ইতিবাচক অনুভূতি চলে আসে। সেদিন বলে সুইংও হচ্ছিল। তবে জেতার আশা করাটা কঠিন ছিল। কারণ, পাকিস্তান খুবই ভালো দল ছিল। পরে যখন একে একে উইকেট পড়তে থাকল, ওদের মূল ব্যাটসম্যানরা আউট হতে লাগল, তখন আমাদের মধ্যে একটা আত্মবিশ্বাস চলে আসে। বিশেষ করে যখন ওয়াসিম আকরাম আউট হয়ে যায়, তখন থেকে। পুরো দলেরই আসলে ওই জয়ে অবদান ছিল। তবে নতুন বলে উইকেট নেওয়াটা অনেক গুরুত্বপূর্ণ ছিল। সেলিম মালিকদের মতো ব্যাটসম্যানকে আউট করাটা অবশ্যই বিশেষ কিছু।
প্রশ্ন :
কখনো কি ভেবেছিলেন, বিশ্বকাপে ম্যান অব দ্য ম্যাচ হবেন?
মাহমুদ: একজন ক্রিকেটারের জন্য এটা খুবই গর্বের বিষয়। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটের তখনকার প্রেক্ষাপটে অনেক বড় বিষয় ছিল এটা। তখন আমার পরিবারের কথা অনেক বেশি মনে পড়ছিল। কারণ, তাদের সাহায্য ছাড়া আমার পক্ষে ক্রিকেটার হওয়া সম্ভব হতো না। ওই সময় আমরা ম্যাচ খেলার সুযোগই পেতাম না। এখনকার তুলনায় সুযোগ সুবিধাও ছিল না বললেই চলে। আমরা খেলা শিখতাম টিভিতে দেখে। সেই জায়গা থেকে ইংল্যান্ডে বিশ্বকাপের মতো জায়গায় ম্যান অব দ্য ম্যাচ হওয়া অনেক বড় পাওয়া ছিল আমার জন্য।
প্রশ্ন :
আপনি তো নাকি সেবার দেশ ছাড়ার আগেই ভবিষ্যদ্বাণী করেছিলেন, বিশ্বকাপে দুটি ম্যাচ জিতবে বাংলাদেশ দল!
মাহমুদ: দেশ ছাড়ার আগে আমাদের একটা সংবাদ সম্মেলন হয়েছিল। অধিনায়ক হিসেবে বুলবুল ভাইকেই (আমিনুল ইসলাম) সব প্রশ্ন করা হচ্ছিল। আমার কাছেও একটা প্রশ্ন করা হয়েছিল। বিশ্বকাপে কয়টা ম্যাচ জিততে পারি, এ ব্যাপারে। কোনো কিছু চিন্তা না করেই আমি বলে দিয়েছিলাম, আমরা দুটি ম্যাচ জিতব। স্কটল্যান্ডকে তো আমরা হারাবই। আর আমরা একটা অঘটন ঘটাব। আমি জানি না কেন বলেছিলাম তখন। পরে তো সেটাই হয়েছে!
প্রশ্ন :
শিরোপা না জিতলেও পাকিস্তানের সেই দলকে ১৯৯৯-এর বিশ্বকাপের সেরা দল বলা হয়। আপনিও কি তা–ই বলেন?
মাহমুদ: সেই দলে অনেক বড় বড় ক্রিকেটার ছিলেন, যেমন শোয়েব আখতার, ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাকলাইন মুস্তাক। বোলিং আক্রমণের কথা চিন্তা করলে তো বলাই যায় পাকিস্তানের বোলিং সেরা ছিল। সেই দলের বিপক্ষে বিদ্যুৎ (শাহরিয়ার হোসেন), অপি (মেহরাব হোসেন) খুবই ভালো শুরু করেছিল। আকরাম ভাইয়ের দারুণ একটা ইনিংস ছিল। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলেছি। আমাদের হারানোর কিছুই ছিল না।
প্রশ্ন :
এমন জয়ের পর দলের উদ্যাপন কেমন ছিল?
মাহমুদ: ম্যাচ শেষে ড্রেসিংরুমে ফিরে তো মনে হয়েছে, সবাই পাগল হয়ে গেছি! পাকিস্তানকে হারাব, এটা তো কেউ চিন্তাও করেনি! মাঠ থেকে বেশি মজা হয়েছে হোটেলে ফেরার পর। হোটেলে সেদিন কত যে বাংলাদেশি এসেছিল, আল্লাহ ভালো জানেন। অনেকে অনেক রকমের খাবার নিয়ে আসে আমাদের জন্য। অনেক রাত পর্যন্ত সবাই মিলে আড্ডা দিই, গল্প করি। অনেক মজা করেছি সে রাতে।
প্রশ্ন :
প্রশ্ন: ম্যাচের আগে কোচ গর্ডন গ্রিনিজের চাকরি যাওয়ার বিষয়টা সেই দিনের বড় ঘটনা ছিল…
মাহমুদ: এটা ঠিক, সেদিন জয়ের পর সবাই খুশি ছিল, কিন্তু দিনের শুরুটা ভালো ছিল না। সেদিনই কোচ গর্ডন গ্রিনিজ আমাদের ছেড়ে চলে যান। সেটার একটা দুঃখ আমাদের মধ্যে ছিল। গর্ডন আমাদের সঙ্গে চার বছর কাটিয়েছিলেন। তাঁর ওই রকম বিদায় আমাদের কারোই ভালো লাগেনি। তাঁর বিদায়টা আরও ভালো হতে পারত। কোনো কোচই সারা জীবন থাকেন না। কিন্তু তিনি একা যা করেছেন বাংলাদেশ দলের জন্য, সেটা তুলনাহীন। তখন তো ব্যাটিং, বোলিং, ফিল্ডিংয়ের জন্য আলাদা কোচ ছিল না। গর্ডনই ছিলেন আমাদের সব। তিনি আমাদের খুব কাছের একজন ছিলেন। কিন্তু আমরা যদি মানুষকে সম্মান না করতে পারি, তাহলে তো সমস্যা। তাঁর অধীনে আমরা আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হই। এগুলো তো ভুলে যাওয়ার মতো ব্যাপার নয়। এটা আসলে ওই সোনালি দিনেরই একটা কালো অধ্যায় হয়ে থাকবে।