২০২০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের অনেকেই এর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলে ফেলেছেন। কিন্তু গত দুই বছর মৃত্যুঞ্জয় চৌধুরী ব্যস্ত ছিলেন চোটের সঙ্গে লড়াইয়ে। অস্ত্রোপচার আর পুনর্বাসনের বৃত্তে বন্দী মৃত্যুঞ্জয়ের ক্যারিয়ারই তাতে হুমকির মুখে পড়ে গিয়েছিল। কিন্তু গত পরশু রাতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএল অভিষেকে সেই তিনিই হ্যাটট্রিক করে চমক লাগিয়ে দিয়েছেন। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের এই পেস বোলিং অলরাউন্ডার গতকাল প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে জানালেন তাঁর ক্রিকেটার হয়ে ওঠার গল্প—
বিপিএলে অভিষেকেই হ্যাটট্রিক—এমন শুরু কি কল্পনা করেছিলেন?
মৃত্যুঞ্জয় চৌধুরী: না, একবারও না। ওই বলটা যে হ্যাটট্রিক বল, এটাই মাথায় ছিল না! বললে হয়তো বিশ্বাস করবেন না, কিন্তু এটাই সত্যি। আউট করার পর মুহূর্তের মধ্যে বুঝতে পেরেছি যে কী করে ফেলেছি।
ওই ওভারের প্রথম দুই বলে ১০ রান দিয়েছিলেন। তখন কী ভাবছিলেন?
মৃত্যুঞ্জয়: আমার হাসি আসছিল। কিন্তু হাসলেই দলের কেউ না কেউ বকা দিয়ে বসবে। তাই তেমন কোনো প্রতিক্রিয়া দেখাইনি। নিজের কাছে পরিষ্কার ছিলাম আমি কী করতে যাচ্ছি। তাই বাউন্ডারি দুটির পরও চাপ নিইনি। ম্যাচ শেষে রাতে ভাবছিলাম, যে ক্যাচ আউটটা হয়েছে, সেটা যদি আউট না হয়ে চার হতো, তাহলে এত হইচইয়ের কিছুই থাকত না। এটাই ক্রিকেট।
এরপরই তো এল হ্যাটট্রিক…
মৃত্যুঞ্জয়: আমি এত কিছু ভাবিনি। এনামুল ভাইয়ের ব্যাট সুইং ভালো। ওনার ব্যাটে লাগলেই লেগ সাইডে রান হয়ে যেত। তাই অফ সাইডে বাউন্ডারি ছোট থাকার পরও সেদিকে বল করেছি। মোসাদ্দেক ভাইকে করা বলটা ভালো ছিল। বিসিএলে উনি আমার দলে ছিলেন। তাঁকে অনেক বল করেছি। সেটা কাজে দিয়েছে। ম্যাচ শেষে তাঁর সঙ্গে এটা নিয়ে মজাও করছিলাম। আর ইয়র্কারটা ভালো হয়েছে।
ইনডিপেনডেন্স কাপেও ইনিংসের শেষে ভালো বোলিং করেছেন। সে অভিজ্ঞতাও নিশ্চয়ই সাহায্য করেছে...
মৃত্যুঞ্জয়: আমি ছোটবেলা থেকেই শেষের ওভারগুলোতে বোলিং করা উপভোগ করি। এটা আমার জন্য নতুন কিছু নয়। আমি বুঝতে পারি ব্যাটসম্যান কী করতে যাচ্ছে। সে অনুযায়ী বল করি। ইনডিপেনডেন্স কাপে বোলিংয়ের ছন্দটা ভালো ছিল। সেটা এখানে কাজে দিয়েছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের বাকিদের থেকে পিছিয়ে গেলেন চোটের কারণে। খারাপ লাগে না?
মৃত্যুঞ্জয়: খারাপ লাগে না, উল্টো উপভোগ করি। আমার কাছে জীবন উপভোগের। আমাকে তারকাখ্যাতি তেমন টানে না। এই যে দেখুন, এক ম্যাচেই কিন্তু আমাকে সবাই চিনে ফেলেছে। তাই এটা নিয়ে ভাবি না। বিশ্বকাপের পরের এক বছর যখন বসে ছিলাম, তখন ভাবতাম, এই সময়টা একসময় আসবেই। কিন্তু যখন প্রিমিয়ার লিগ দিয়ে মাঠে ফিরে আবার চোটে পড়লাম, তখন খুব খারাপ লাগছিল। এত দিন পর ফিরলাম, আবার চোট! এটাই মাথায় ঘুরছিল। সেটা খুব হতাশার ছিল।
আপনার ক্রিকেটে আসার গল্পটা বলুন...
মৃত্যুঞ্জয়: ১১ বছর বয়সে দিপু রায় চৌধুরী স্যারের ক্রিকেট কোচিং স্কুলে ভর্তি হই। এরপর ভর্তি হই এহসান স্যারের একাডেমিতে। ঢাকা মহানগর থেকে আমার বয়সভিত্তিক ক্রিকেট খেলার শুরু। ভাইয়ের পড়াশোনার কারণে আমরা ঢাকাতেই থাকতাম। আব্বু সাতক্ষীরায় শিক্ষক ছিলেন। সেখান থেকে ভাইয়ের জন্য পুরো পরিবার ঢাকায় চলে আসে। শুরুর দিকে ঢাকায় আমাদের সময়টা ভালো ছিল না। ২০১৪-১৫ পর্যন্ত সমস্যা ছিল। ভাইয়া কাজ শুরু করার পর এখন সমস্যা কেটেছে।
শুনেছি খেলার ব্যাপারে বাবার কাছ থেকে অনেক সমর্থন পেয়েছেন...
মৃত্যুঞ্জয়: আমি পড়াশোনায় ভালো ছিলাম। কিন্তু আব্বু আমার ক্রিকেট খেলা নিয়ে বেশ আত্মবিশ্বাসী ছিলেন। আমার পরিবারের কেউ চিন্তাও করেনি যে আমি একদিন ক্রিকেটার হব। শুধু আব্বু আর আমার বিশ্বাস ছিল।
ব্যাট হাতে আপনার দক্ষতাটা কবে দেখা যাবে?
মৃত্যুঞ্জয়: আমি ছোটবেলায় ব্যাটিংটাই বেশি করেছি। উচ্চতা বেশি না থাকায় বোলিং তেমন করা হতো না। এহসান স্যার আমাকে পছন্দ করেছিল আমার ব্যাটিং দেখেই। পরে ঢাকা মেট্রোতে যাওয়ার পর আমাকে সবাই বোলিং করতে দিত। অনূর্ধ্ব-১৯-এ এসে কিছু ভালো ইনিংস খেলার পর আবার ব্যাটিং নিয়ে আলোচনা হচ্ছিল। আপাতত একটা ভালো হচ্ছে। এটাই আগে ভালো হতে থাকুক। এরপর আশা করি ব্যাটিংয়েও ভালো করব।