বাংলাদেশ টেস্ট দলের ছবিটা পাল্টে গেছে গত জানুয়ারির নিউজিল্যান্ড সফর থেকে। মাউন্ট মঙ্গানুই টেস্ট জয়ের পর বিদেশের মাটিতে বাংলাদেশ দলকে নিয়ে বেড়েছে প্রত্যাশাও। এবারের দক্ষিণ আফ্রিকা সফরের আগে বাংলাদেশ দলের আবহে তাই আত্মবিশ্বাসের কমতি নেই। গতকাল কেপটাউনের উদ্দেশে ঢাকা ছাড়ার আগে প্রথম আলোর সঙ্গে মুঠোফোন সাক্ষাৎকারে সেই আত্মবিশ্বাসের কথাই বললেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক—
প্রশ্ন :
নিউজিল্যান্ডে সাফল্যের পর দক্ষিণ আফ্রিকা সফর কীভাবে দেখছেন?
মুমিনুল হক: চ্যালেঞ্জটা একটু বেশি। আর কিছু না। নিউজিল্যান্ডে যেহেতু একটা টেস্ট ম্যাচ জিতেছি, এখন সবাই আমাদের আগের মতো দেখবে না। আমাদের গুরুত্ব দেবে। তবে কাজটা কঠিন হবে। দক্ষিণ আফ্রিকা বলেই চ্যালেঞ্জটা একটু বেশি।
প্রশ্ন :
নিউজিল্যান্ড সফরের আগে দল নিয়ে এতটা আত্মবিশ্বাস ছিল না। কিন্তু এবার দলের আবহটা ভিন্ন…
মুমিনুল: নিউজিল্যান্ড সিরিজের আগে আমরা, আপনারা—কেউই বিশ্বাস করেনি যে আমরা জিততে পারি। এখন সেটা বদলে গেছে। সবারই প্রত্যাশা, আমরা ভালো খেলব। দক্ষিণ আফ্রিকার মতো কঠিন কন্ডিশনেও আমরা জিততে পারব—এই প্রত্যাশাও এখন আছে। আগে কখনো মনে হয় এটা ছিল না।
প্রশ্ন :
অধিনায়ক হিসেবেও আপনাকে বেশ আত্মবিশ্বাসী মনে হচ্ছে…
মুমিনুল: আমি? না, না। আমি এত দূর ভাবি না। অধিনায়ক হিসেবে কখনো নিজের খ্যাতি বা গৌরবের জন্য খেলি না। আমি সব সময় দেশের জন্য খেলি। নিউজিল্যান্ডে ভালো করেছি, এটা তৃপ্তির। তবে এর বাইরে আর কিছু ভাবি না।
প্রশ্ন :
দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বগুড়ায় ক্যাম্প করেছেন। কেপটাউনেও বিশেষ ক্যাম্প করবেন। টেস্ট সিরিজের আগে প্রস্তুতিটা কেমন হবে বলে মনে করছেন?
মুমিনুল: বগুড়ার ক্যাম্পের পর আমি ব্যক্তিগতভাবে একটা ভালো জায়গায় আছি। তবে কন্ডিশনের পার্থক্যটা বিরাট। এটা সবাই জানে। সেখানে গিয়ে কেমন প্রস্তুতি নিতে পারি, সেটা গুরুত্বপূর্ণ। আমরা যদি অনুশীলন থেকে কিছু অর্জন করতে পারি তাহলে ভালো হবে। শুধু অনুশীলন করার জন্য করলে হবে না। এত কিছু করার পরও সাফল্যের কোনো নিশ্চয়তা নেই। কিন্তু ক্যাম্প করলে হবে কী, আপনি একটা প্রক্রিয়া মেনে এগোলেন। এতে আপনি ১০-১৫ ভাগ উন্নত অবস্থায় থেকে সিরিজ খেলতে নামবেন।
প্রশ্ন :
উপমহাদেশের বাকি সব দলের মতো বাংলাদেশের জন্যও দক্ষিণ আফ্রিকার কন্ডিশনে ব্যাটিংটা খুবই চ্যালেঞ্জিং। আপনি ২০১৭ সালে বাংলাদেশ দলের সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন। গতবারের অভিজ্ঞতা থেকে একটু বলুন, এবার সেখানে ভালো করতে হলে বাংলাদেশ দলকে কী করতে হবে?
মুমিনুল: লম্বা সময় ব্যাটিং করতে হবে। দুই-আড়াই দিন যদি কোনো টেস্টে ব্যাটিং করতে পারি, তাহলে আমরা সব সময় ম্যাচে টিকে থাকব। দক্ষিণ আফ্রিকায় আমরা কতক্ষণ ব্যাটিং করতে পারি, সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। নিউজিল্যান্ডে ছেলেরা লম্বা সময় ব্যাটিং করে দেখিয়েছে যে, ওরা পারে। ফলও পেয়েছে। আমাদের নিজেদের জন্যও এই উদাহরণটা দরকার ছিল। আমরা এখন জানি যে ক্রিজে টিকে থাকলে আমরা যেকোনো বোলিং আক্রমণকে ক্লান্ত করতে পারব। আমাদের বোলাররাও যথেষ্ট বিশ্রাম পাবে। ওদের ক্লান্ত ব্যাটসম্যানদের চাপে ফেলতে পারবে।
প্রশ্ন :
দক্ষিণ আফ্রিকার বাউন্স সব সময় বড় আলোচনার বিষয়…
মুমিনুল: উপমহাদেশের যেকোনো দলের জন্য বাউন্সের চ্যালেঞ্জটা থাকে। আপনি কীভাবে মানিয়ে নেবেন, মানসিকভাবে প্রস্তুত হবেন, সেটাই গুরুত্বপূর্ণ। আমরা খুব বেশি হলে টেস্টের আগে ১০ দিন সময় পাব। এর মধ্যে আপনি একদম নিজেকে বদলে ফেলতে পারবেন না। আপনাকে কৌশলগতভাবে মানিয়ে নিতে হবে। এ ক্ষেত্রে একেকজনের কৌশল একেক রকম। কেউ হয়তো ছেড়ে খেলে সামলাবে, কেউ আক্রমণ করবে। যার যেটা শক্তি সেভাবেই সে মানিয়ে নেবে। সারা দিন তো আর বাউন্সার মারবে না। হয়তো ১০ ওভার, ৫ ওভারের এক-দুইটা স্পেল যায়। ওই সময়টা কে কীভাবে পার করে, সেটাই গুরুত্বপূর্ণ।
প্রশ্ন :
পেস বোলারদের নিয়ে কিছু বলুন। ম্যাচ জিতিয়ে দেওয়ার কাজটা তাদেরই করতে হবে...
মুমিনুল: আমাদের বোলিং আক্রমণ এখন আগের চেয়ে অনেক ভালো অবস্থানে আছে। ওরা অনভিজ্ঞ হলেও সবাই একসঙ্গে উন্নতি করছে। একটা ভালো বোঝাপড়া তৈরি হয়েছে সবার মধ্যে, যা মাঠে ওদের পারফর্ম করতে সাহায্য করবে।
প্রশ্ন :
দেশের বাইরে গেলে পেস নিয়ে অনেক কথা হয়। কিন্তু দেশের বাইরে বাংলাদেশের স্পিনাররা খুব একটা সফল নন। গত কয়েকটি টেস্টে মেহেদী হাসান মিরাজ এ ক্ষেত্রে বেশ উন্নতি করেছে...
মুমিনুল: আগে হয়নি এটা ঠিক। তবে মিরাজ এখন অনেক ম্যাচ খেলেছে। অভিজ্ঞতাও হচ্ছে ওর। দেশের বাইরে নিজের দায়িত্বটাও বুঝতে পারছে। তাই সাফল্যও আসছে।
প্রশ্ন :
তামিম ইকবাল টেস্টে একটু আক্রমণাত্মক ব্যাটিং করেন। নিউজিল্যান্ডে বাংলাদেশ দলের টপ অর্ডার খেলেছে আদর্শ টেস্ট মেজাজে। সেদিক থেকে তাঁর ফেরাটা কীভাবে দেখছেন?
মুমিনুল: টপ অর্ডারে একজন অভিজ্ঞ ব্যাটসম্যান থাকলে কাজটা একটু সহজ হয়ে যায়। উনি যেহেতু দ্রুত রান তোলেন, বাকি ব্যাটসম্যানদের কাজটা এতে সহজ হয়ে যায়। তামিম ভাই থাকলে আমি একটু স্বস্তিতে থাকতে পারি। অধিনায়ক হিসেবেও আমার চিন্তা একটু কমে যায়।
প্রশ্ন :
লিটন দাসের ব্যাটিং নিয়ে অনেক কথা হয়। নিশ্চয়ই তাঁর ব্যাটিং দলের জন্য গুরুত্বপূর্ণ। সঙ্গে উইকেটের পেছনে তাঁর সরব উপস্থিতি অধিনায়ক হিসেবে কতটা গুরুত্বপূর্ণ?
মুমিনুল: খুবই গুরুত্বপূর্ণ। লিটনের ব্যাটিং তো আছেই। উইকেটের পেছনেও কিন্তু লিটনই থাকে। অধিনায়ক সব সময় সবকিছু ধরতে পারে না। এদিক থেকে সে আমাকে অনেক বেশি সাহায্য করে। কৌশলগত বিভিন্ন দিকেও এখন আগের চেয়ে অনেক বেশি উন্নতি করেছে।