নেইমারকে অধিনায়ক চাই না

তিনটি বিশ্বকাপের ফাইনালে খেলা একমাত্র ফুটবলার তিনি। নিজের সময়ের তো বটেই, কাফু সর্বকালেরই অন্যতম সেরা ডিফেন্ডার। ফুটবল সাময়িকী ফোরফোরটুকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রাজিল রাইটব্যাক খুলে দিলেন স্মৃতির ঝাঁপি—
* এটা কি সত্যি, অল্প বয়সে আপনি মিডফিল্ডার ছিলেন? সেখান থেকে আপনি ফুলব্যাক হলেন কীভাবে?
কাফু: হ্যাঁ, আমি উইঙ্গার হিসেবে ক্যারিয়ার শুরু করেছিলাম। তারপর একদিন সাও পাওলোর রাইটব্যাক জে তোয়েদোরো চোট পেল। কোচ টেলে সান্তানা ঠিক করলেন, সে সেরে ওঠার আগে তিন ম্যাচে আমাকে খেলাবেন। সেই শুরু। তবে শুরুতে আমি ফুলব্যাক হিসেবে খেলাটা খুব একটা উপভোগ করতে পারিনি। ধীরে ধীরে অনেক কিছুই শিখতে হয়েছিল আমাকে। ১৯৯০ সালে পাওলো রবার্তো ফ্যালকাও যখন আমাকে ব্রাজিল দলে ডাকলেন, আমি জানতাম সান্তানাই ঠিক। সেলেসাওদের হয়ে খেলার চেয়ে বড় আর কী হতে পারে?
* ১৯৯৪ বিশ্বকাপের ফাইনালে বদলি হিসেবে খেলতে নেমে কি স্নায়ুচাপে ভুগছিলেন?
কাফু: কোচ কার্লোস আলবার্তো পাহেইরা যখন বললেন, ‘জর্জিনহো চোট পেয়েছে, তোমাকে নামতে হবে’। ‘কে? আমি?’ এটা বলার পরই তাঁকে জানিয়ে দিলাম আমি তৈরি। পুরো ৪৫ দিন ধরে দলের সঙ্গে ছিলাম, ওই মুহূর্তটির জন্যই যেন আমি অপেক্ষা করছিলাম। এর আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোয়ার্টার ফাইনালে হল্যান্ডের সঙ্গে শেষ ১০ মিনিট খেলেছি। কিন্তু ফাইনাল তো সব সময়ই স্পেশাল।
* ওই ফাইনালে পেনাল্টি নিতে না হওয়ায় আপনি কি খুশি হয়েছিলেন?
কাফু: আমি পেনাল্টি নেওয়ার জন্য একদমই তৈরি ছিলাম না, এই ব্যাপারে আমি কাঁচা ছিলাম। মনে হয় পেনাল্টি তালিকার সবার শেষে ছিলাম আমি। এমনকি ডায়ানা রসও (ওই বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পেনাল্টি মিস করে হাস্যরসের জন্ম দিয়েছিলেন এই গায়িকা) বোধ হয় আমার আগে ছিল!
* ১৯৯৮ বিশ্বকাপ ফাইনালের আগের রাতে কী হয়েছিল? দলের সবাই অমন দিশেহারা হয়ে পড়েছিল কেন?
কাফু: রোনালদোর তন্দ্রাচ্ছন্ন অবস্থা ছিল। আমি মনে হয় ওর রুমে প্রথম দিকে ঢুকেছিলাম। দেখলাম, সিজার সাম্পাইও ওর জিব পরীক্ষা করে দেখছে। রবার্তো কার্লোসও পাশে উদ্বিগ্নমুখে বসে, পুরো দৃশ্যটা ছিল একটু ভীতিকর। আমরা সবাই ভেবেছিলাম, ওর খেলা উচিত নয়। কিন্তু ডাক্তার অন্য কথা বললেন। রোনালদোও ড্রেসিংরুমে এসে কোচ মারিও জাগালোকে বলল, সে খেলতে চায়। আমরা একটু ভড়কে গিয়েছিলাম, কিন্তু দলের সেরা খেলোয়াড়কে নিষেধ করা যায় কীভাবে? হয়তো এডমুন্ডোকে খেলালে ভালো হতো, সেও বেশ ভালো ফর্মে ছিল। কিন্তু জয়টা ফ্রান্সের প্রাপ্য ছিল।
* রোনালদো না রোমারিও, কে সেরা?
কাফু: ওরা দুজনই দুর্দান্ত প্রতিভাবান, চ্যাম্পিয়ন। রোমারিও ছিল খুবই ক্ষিপ্র, বক্সে এক সেকেন্ড থামলেই সে আপনার চেয়ে এগিয়ে যাবে। আমি ওর বিপক্ষে অনেক ভুগেছি। তবে ফাউল করার ব্যাপারেও সতর্ক থাকতাম, দলকে কষ্ট দিতে চাইনি (হাসি)। রোনালদো যখন এল, তখন আমি ব্রাজিলে থিতু। ওর বিপক্ষে খুব একটা খেলার সুযোগ হয়নি। কিন্তু সে ছিল রোমারিওর মতোই স্পেশাল।
* ২০০২ বিশ্বকাপের আগে আপনার কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নেওয়া হলো। ভ্যানডারলি লুক্সেমবার্গো চলে যাওয়ার পর অধিনায়কত্ব ফিরে পেয়ে আপনি কি হাঁফ ছেড়ে বেঁচেছিলেন?
কাফু: আসলে এটা হয়েছিল লুইস ফেলিপে স্কলারি আসার পর। বাছাইপর্বে আমি সব ম্যাচে অধিনায়ক ছিলাম, কিন্তু স্কলারি এসে বাহুবন্ধনীটা এমারসনকে দিলেন। স্কলারি আমার কাছে ব্যাপারটা ব্যাখ্যা করতেই আমি বললাম এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। কিন্তু ওই বিশ্বকাপের ঠিক আগে এমারসন চোটে পড়ায় আমি আবার অধিনায়ক হয়ে গেলাম। আমি চেয়েছিলাম এমারসন অধিনায়ক থাকুক, দলে ওকে আমাদের দরকার ছিল। কিন্তু স্কলারি সেবার আমার কথা শোনেননি, রিকার্ডোকে এনেছিলেন দলে। আমাদের মধ্যে সম্পর্কটা ছিল খুবই উষ্ণ।
* কোন বিশ্বকাপটা বেশি মনে রাখবেন, ১৯৯৪ নাকি ২০০২?
কাফু: অবশ্যই ২০০২। প্রথমবার আমি ছিলাম তরুণ, আর পরেরবার আমি ছিলাম নেতৃত্বে। অনেক দায়িত্ব ছিল আমার ওপর, অনেক কিছু ঘটেছিলও।
* ব্রাজিলে তো আপনি অনেকের সঙ্গেই খেলেছেন, আপনার সবচেয়ে প্রিয় কে ছিলেন?
কাফু: রিভালদো। ১৯৯৮ ও ২০০২ বিশ্বকাপে সে ছিল দারুণ। একটু লাজুক ছিল, নিজেও জানত না কতটা অসাধারণ ছিল সে। যখন শুনতাম কোনো ম্যাচের আগে রিভালদো ফিট, ব্রাজিলের জন্য সেটা হতো বিশাল সুখবর।
* কোন খেলোয়াড়ের সঙ্গে খেলতে চেয়েছিলেন, অথচ খেলা হয়নি?
কাফু: জিনেদিন জিদান ও ডিয়েগো ম্যারাডোনা। ১৯৯০ সালে একটা প্রদর্শনী ম্যাচে পেলের সঙ্গে খেলেছিলাম, ওই আক্ষেপ তাই নেই! আর পেলের সঙ্গে খেলার সময় আমি তো রীতিমতো কাঁপছিলাম। পেলে আমাকে অবশ্য খুবই স্নেহ করেন।
* এই ব্রাজিলকে কেমন দেখছেন? অধিনায়ক হিসেবে নেইমার কেমন করবে?
কাফু: ২০১৮ বিশ্বকাপে ভালো করার সবকিছুই ব্রাজিলের আছে। অনেকেই তরুণ, কিন্তু তাদের অনেক অভিজ্ঞতা। গত বিশ্বকাপের ধাক্কাটা বুঝিয়ে দিয়েছে আমাদের ট্যাকটিক্যালি ভালো করতে হবে। আর আমি আসলে নেইমারকে অধিনায়ক চাই না। ওর কাঁধ থেকে দায়িত্ব কমিয়ে আনতে হবে। ও ব্রাজিলের সবচেয়ে বড় আইকন, কিন্তু সে জন্য ওকে খেলাটা উপভোগ করতে দিতে হবে। বরং দায়িত্বটা মিরান্ডা বা ডেভিড লুইজকে দেওয়া যেতে পারে।