সাক্ষাৎকারে ভারতের কোচ স্টিমাচ
বাংলাদেশ ঝুঁকি নেয় না
সবাইকে চমকে দিয়ে ১৯৯৮ বিশ্বকাপে তৃতীয় হয়েছিল ক্রোয়েশিয়া। সেই দলে খেলেছেন ইগর স্টিমাচ। পরবর্তী সময়ে দায়িত্ব নেন ক্রোয়েশিয়া জাতীয় দলের কোচেরও। বর্তমানে ভারতের জাতীয় দলের দায়িত্ব তাঁর কাঁধে। সে সুবাদেই মাঠে নিয়মিত দেখা হচ্ছে প্রতিবেশী বাংলাদেশ দলের সঙ্গে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে ৪ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে ম্যাচ দিয়েই টুর্নামেন্ট শুরু করবে ভারত। এর আগে প্রথম আলোকে ই–মেইলে দেওয়া সাক্ষাৎকারে ইগর স্টিমাচ জানিয়েছেন বাংলাদেশ সম্পর্কে তাঁর পর্যবেক্ষণ ও নিজের দল নিয়েও—
দুই বছরের মধ্যে আপনার অধীন বাংলাদেশের বিপক্ষে তৃতীয় ম্যাচ খেলতে যাচ্ছে ভারত। বিশ্বকাপ বাছাইপর্বে প্রথম ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর ফিরতি পর্বে ভারত জিতেছে ২-০ গোলে। এবার সাফ চ্যাম্পিয়নশিপে কী আশা করছেন?
ইগর স্টিমাচ: চোট ও নিষেধাজ্ঞার কারণে কলকাতায় ঝিঙ্গান ও বোরগেসকে না পাওয়ায় প্রথম ম্যাচটি আমাদের জন্য কঠিন ছিল। সে ম্যাচে ব্র্যান্ডন একাদশে খেলার মতো ফিট ছিল না। দ্বিতীয় ম্যাচে সব ঠিক হয়ে যায়। আমরা ভালো খেলে ম্যাচ নিয়ন্ত্রণ করেছি এবং সুনীলের গোল করার আগেই ম্যাচ শেষ করে দেওয়ার অনেক সুযোগ তৈরি করেছি। তবে কোনো ম্যাচ নিয়ে আমি ভবিষ্যদ্বাণী করতে পছন্দ করি না। অবশ্যই বাংলাদেশ-ভারত ভালো একটি ম্যাচ হতে যাচ্ছে। বাংলাদেশসহ আমাদের প্রতিপক্ষ দলগুলো ভালো প্রস্তুতি নিয়ে আমাদের কাজ কঠিন করে দিয়েছে। ভারতের ক্লাবগুলো আইএসএলের প্রস্তুতি শুরু করায় টুর্নামেন্টের জন্য আমরা প্রস্তুতিমূলক ক্যাম্প আয়োজন করতে পারিনি।
বাংলাদেশ দুটি ম্যাচেই আমাদের বিপক্ষে কঠোর রক্ষণাত্মক কৌশলে খেলেছে। প্রতি–আক্রমণে ওঠার সুযোগ খুঁজেছে তারা। রক্ষণভাগ জমাট রেখে খেলতে পছন্দ করে। আক্রমণে বাংলাদেশ ঝুঁকি নেয় না।
বাংলাদেশ দল সম্পর্কে আপনার মূল্যায়ন কী?
স্টিমাচ: বাংলাদেশ দুটি ম্যাচেই আমাদের বিপক্ষে কঠোর রক্ষণাত্মক কৌশলে খেলেছে। প্রতি–আক্রমণে ওঠার সুযোগ খুঁজেছে তারা। রক্ষণভাগ জমাট রেখে খেলতে পছন্দ করে। আক্রমণে বাংলাদেশ ঝুঁকি নেয় না।
সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে পার্থক্য গড়ে দিচ্ছেন ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী। অনেকেই বলেন, সুনীলকে বাইরে রাখলে ভারতের পক্ষে বাংলাদেশকে হারানো সম্ভব নয়...
স্টিমাচ: মানুষ যা মনে করে, তা–ই বলে। এর ওপর আমার কোনো হাত নেই। এ নিয়ে আমার কোনো ভাবনাও নেই। তবে আমি মনে করি, তাদের ভাবনা পুরোপুরি ভুল।
সমর্থকদের দৃষ্টিতে সাফে প্রথম ফেবারিট দল ভারত। আপনার দৃষ্টিতে ফেবারিট কারা?
স্টিমাচ: র্যাঙ্কিংয়ের কথা বললে হয়তো আপনি সঠিক। কিন্তু ১২ দিনের মধ্যে ৫টি ম্যাচ খেলে মাঠে সে প্রমাণ দিতে হবে। কাজটি সহজ হবে না। তবে আশা করছি, টুর্নামেন্টে আমরাই সেরা হব।
সাফে ভারত সর্বাধিক সাতবারের চ্যাম্পিয়ন। আগেরবার মালদ্বীপের কাছে হারানো শিরোপা কি এবার পুনরুদ্ধার করা সম্ভব?
স্টিমাচ: অবশ্যই সম্ভব। সে কারণেই আমরা মালদ্বীপে যাচ্ছি। তবে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য ভালো প্রস্তুতি নেওয়া।
সম্প্রতি সাফে ভারতকে যুব দল পাঠাতে দেখা গেছে। এবার মূল দল নিয়ে সাফে যাওয়ার কারণ কী?
স্টিমাচ: সামনে অনেক ব্যস্ততা থাকায় নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগোনো অসম্ভব। আগামী নভেম্বর থেকে মার্চ পর্যন্ত আইএসএল লিগ চলবে। ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় এশিয়ান কাপের বাছাইপর্বের জন্য তাই আমাদের আর একসঙ্গে হওয়ার সুযোগ নেই বললেই চলে। সে কারণেই এই টুর্নামেন্টকে আমরা প্রস্তুতির ক্ষেত্র হিসেবে ধরে নিয়েছি। এশিয়ান কাপের যোগ্যতা অর্জন করতে আমাদের বেশ কয়েকটি জায়গায়ই উন্নতি করতে হবে।
প্রায় দুই বছর ধরে ভারতের কোচের দায়িত্বে আছেন। দক্ষিণ এশিয়ার ফুটবল সম্পর্কে কী ধারণা পেলেন এই সময়ে?
স্টিমাচ: ভারতের কোচ হওয়ার আগে আমি ইরান ও কাতারের ক্লাবের কোচের দায়িত্ব পালন করেছি। দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, আরব আমিরাত ও চীনের উন্নতি চোখে পড়েছে। তাদের সঙ্গে দক্ষিণ এশিয়ার ফুটবলের মূল পার্থক্যটা মূলত বিনিয়োগে। এই অঞ্চলে অবকাঠামো নির্মাণ ও খেলোয়াড় তৈরির পরিকল্পনায় বিনিয়োগ কম বলেই তাদের সঙ্গে বড় পার্থক্য তৈরি হয়েছে।