এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা কে? সেরা খেলোয়াড়ের পুরস্কার থাকলে সেটি কে পেতেন? রবসন দা সিলভা নামটাই আসছে সবার আগে। বসুন্ধরা কিংসের এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গোল ১৯টি। সমানসংখ্যক গোল নিয়ে এরই মধ্যে লিগ শেষ করেছেন শেখ জামালের গাম্বিয়ান স্ট্রাইকার পা ওমর জোবে। তবে বসুন্ধরার আরও ৩টি ম্যাচ বাকি থাকায় এককভাবে রবসনের সর্বোচ্চ গোলদাতা হওয়ার সম্ভাবনা প্রবল। সেই লক্ষ্য পূরণে নিজের কাছে প্রতিশ্রুতিবদ্ধ রবসন প্রথম আলোর মুখোমুখি হয়ে কথা বললেন প্রাসঙ্গিক আরও অনেক বিষয়ে—
প্রশ্ন :
বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথমবার এসেই সর্বোচ্চ গোলদাতার তালিকায় এখন পর্যন্ত আপনার সঙ্গী ওমর জোবে। এককভাবে সেরা হতে পারবেন?
রবসন দা সিলভা: আমার গোল এখন ১৯টি। বসুন্ধরার বাকি ৩ ম্যাচে আশা করি লিগ আরও গোল পাব। আমার লক্ষ্য যত বেশি সম্ভব গোল করা।
এখানে মাঠের যত্ন নেওয়া হয় না। অথচ ভালো ফুটবলের জন্য চাই ভালো মাঠ।
প্রশ্ন :
বাংলাদেশের ঘরোয়া লিগে ১৯৮২ সালে সর্বোচ্চ ২৭ গোলের গোলের রেকর্ড গড়েন বাফুফের পেশাদার লিগ কমিটির বর্তমান চেয়ারম্যান সালাম মুর্শেদী। ৩৯ বছরের পুরোনো রেকর্ডটি ভাঙার কথা কখনো মনে এসেছে?
রবসন: এই রেকর্ডের কথা আমি জানি। লিগ বারবার বন্ধ না হলে হয়তো ২৭ গোলের কাছাকাছি চলে যেতে পারতাম। তবে রেকর্ড ভাঙতে বাকি ৩ ম্যাচে আমার আরও ৯ গোল চাই। সেটা অনেক কঠিন। তবে আমি যত বেশি সম্ভব গোল করতে চাই।
প্রশ্ন :
বসুন্ধরা কিংস ৪ ম্যাচ হাতে রেখেই বাংলাদেশ লিগে টানা দ্বিতীয় চ্যাম্পিয়ন। সেই অনুভূতি কেমন?
রবসন: আমি ভীষণ আনন্দিত। মৌসুমের দুটি টুর্নামেন্টেই আমরা চ্যাম্পিয়ন। ফেডারেশন কাপের পর লিগও। আমার বেশ ভালো লাগছে।
আশা করব, লিগের সাংগঠনিক দিকটার আরও উন্নতি হবে এবং মাঠের যত্ন নেওয়া হবে। এখানে দলগুলোর জন্য আরও মাঠ দরকার। কেননা, পেশাদার ফুটবল এভাবে এক মাঠে হয় না। সব দলের আলাদা আলাদা মাঠ দরকার। সেটা সম্ভব না হলেও মাঠের সংখ্যা আরও বাড়াতে হবে।
প্রশ্ন :
বাংলাদেশ লিগটা কেমন হলো সব মিলিয়ে?
রবসন: এই লিগটা ছিল অগোছালো। অনেক ম্যাচ স্থগিত হয়ে গেছে। লম্বা বিরতির পর খেলা শুরুর পর আবার বন্ধ হয়েছে। এতে খেলায় মনোযোগ ধরে রাখা কঠিন। আপনি দেখুন, গত ১৩ জানুয়ারি শুরু হয়েছিল, সাড়ে ৭ মাসে আমরা ম্যাচ খেলেছি মাত্র ২১টি। মাসে গড়ে মাত্র ৩টি। তা ছাড়া এখানে মাঠের যত্ন নেওয়া হয় না। অথচ ভালো ফুটবলের জন্য চাই ভালো মাঠ।
প্রশ্ন :
লিগ নিয়ে কোনো পরামর্শ আছে আপনার?
রবসন: আশা করব, লিগের সাংগঠনিক দিকটার আরও উন্নতি হবে এবং মাঠের যত্ন নেওয়া হবে। এখানে দলগুলোর জন্য আরও মাঠ দরকার। কেননা, পেশাদার ফুটবল এভাবে এক মাঠে হয় না। সব দলের আলাদা আলাদা মাঠ দরকার। সেটা সম্ভব না হলেও মাঠের সংখ্যা আরও বাড়াতে হবে। বাংলাদেশের ঘরোয়া লিগে সবকিছু আরও ভালো এবং আরও পেশাদার হলে দেশের ফুটবল এগিয়ে যাবে।
বাংলাদেশ দল অনেক বেশি রক্ষণাত্মক খেলে। হয়তো প্রতিপক্ষ বুঝে ও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী এটা ঠিক আছে। তবে একই সঙ্গে বলব, বাংলাদেশ দলকে আক্রমণও করতে হবে। কারণ, আক্রমণ না করলে আপনি গোল পাবেন না।
প্রশ্ন :
বসুন্ধরা কিংসের জার্সিতে প্রথম মৌসুম শেষ করতে চলেছেন। আগামী মৌসুমেও থাকছেন?
রবসন: আগামী মাস অর্থাৎ অক্টোবর পর্যন্ত আমার চুক্তি বসুন্ধরার সঙ্গে। আশা করছি আগামী মৌসুমেও থাকব। দেখা যাক কী হয়।
প্রশ্ন :
এএফসি কাপে বসুন্ধরার বড় আশা ছিল আপনাকে ঘিরে। শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হতে পারলেন না। কতটা হতাশ?
রবসন: অনেক হতাশ। গ্রুপ সেরা হয়ে পরের রাউন্ডে যাওয়ার অনেক চেষ্টা করেও হলো না। আমরা গ্রুপ রানার্সআপ হয়েছি। পরের রাউন্ডে যেতে পারলে বসুন্ধরা এবং বাংলাদেশের ফুটবলের জন্য দারুণ কিছু হতো। আমি সর্বোচ্চ চেষ্টাই করেছি। একটা গোলও করেছি এএফসি কাপে। দলকে পরের রাউন্ডে নিতে পারলে বেশি ভালো লাগত। সেটা হলো না, কী আর করা।
প্রশ্ন :
আপনি ব্রাজিলের ফ্লুমিনেন্স ক্লাবে খেলেছেন ২০১৭ সালে। বাংলাদেশে এসেই এবার ফেডারেশন কাপে প্রথম তিন ম্যাচে সেরা খেলোয়াড়। লিগে আপনাকেই সেরা বলছেন প্রায় সবাই। ভিন্ন পরিবেশ থেকে এসে ব্রাজিল আর বাংলাদেশের ফুটবলে কেমন পার্থক্য দেখলেন?
রবসন: পার্থক্য অনেক। ব্রাজিল ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন। বাংলাদেশ চেষ্টা করছে ফুটবলে উন্নতি করতে। তাই বলে কেউ ভাববেন না এখানে এসে মাঠে নামলাম আর গোল করে ফেললাম...ব্যাপারটা এত সহজ নয়।
প্রশ্ন :
বসুন্ধরা ছাড়া বাংলাদেশের অন্য দলগুলো কেমন?
রবসন: সবাই প্রায় কাছাকাছি মানের। তবু আলাদাভাবে বলব শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনীর কথা। এ দুটি দলকে কঠিন মনে হয়েছে আমার। এ মৌসুমে আমরা লিগে একমাত্র ম্যাচ হেরেছি চট্টগ্রাম আবাহনীর কাছে। ভালো ফুটবল খেলে শেখ জামাল রানার্সআপ হয়েছে।
প্রশ্ন :
বসুন্ধরার সাফল্যের পেছনে বড় অবদান ১৬ গোল করা আর্জেন্টাইন স্ট্রাইকার রাউল বেসেরারও। আপনি তাঁকে প্রচুর গোল তৈরি করে দিয়েছেন। বেসেরার সঙ্গে খেলে কতটা স্বাচ্ছন্দ্য পাচ্ছেন?
রবসন: বেসেরা দারুণ খেলোয়াড়। আমরা মাঠে একে অন্যকে সহায়তা করি। আমার পাসে সে বেশ কয়েকটি গোল করেছে। বেসেরা দারুণ ও স্মার্ট খেলোয়াড়। স্ট্রাইকার হিসেবে উঁচু মানের। সে ধারাবাহিক ছিল মাঠে, একজন খেলোয়াড়ের জন্য যা খুবই দরকার।
প্রশ্ন :
ফুটবলার হিসেবে আপনার আদর্শ কে?
রবসন: রোনালদিনহো। আর এখন যারা খেলছে, তাদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো।
প্রশ্ন :
বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে কাকে বেশি ভালো লাগে আপনার?
রবসন: বসুন্ধরা কিংসে আমার সতীর্থ বিপলু আর জিকোকে। চট্টগ্রাম আবাহনীর ৭ নম্বর জার্সিধারী খেলোয়াড়কেও (উইংগার রাকিব হোসেন) আমার ভালো লাগে।
প্রশ্ন :
এবার বলুন, বাংলাদেশে থাকতে কেমন লাগছে?
রবসন: ভালোই। আমার কোনো সমস্যা নেই। এখানে স্ত্রী, সন্তান আছে আমার সঙ্গে। ফ্ল্যাটসহ সব সুযোগ–সুবিধা দিয়েছে ক্লাব। কাজেই কোনো সমস্যা নেই। অবসরে পরিবারের সঙ্গে সময় কাটাই। বন্ধুদের সঙ্গে গল্প করতে ভালো লাগে। খাওয়াদাওয়া...খেলা...এই তো। খারাপ লাগে শুধু লম্বা সময় দেশ থেকে দূরে আছি বলে।
প্রশ্ন :
বাংলাদেশ জাতীয় দলের ম্যাচ দেখেছেন?
রবসন: অবশ্যই দেখেছি। বাংলাদেশ দল অনেক বেশি রক্ষণাত্মক খেলে। হয়তো প্রতিপক্ষ বুঝে ও ম্যাচ পরিস্থিতি অনুযায়ী এটা ঠিক আছে। তবে একই সঙ্গে বলব, বাংলাদেশ দলকে আক্রমণও করতে হবে। কারণ, আক্রমণ না করলে আপনি গোল পাবেন না।