গত আগস্টে অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে মালদ্বীপ জাতীয় দলের দায়িত্ব পেয়েছেন আলী সুজাইন। আসন্ন সাফ ফুটবল নিয়ে কয়েক দিন আগে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন তিনি
প্রশ্ন :
নিশ্চয়ই ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপ খেলার জন্য মুখিয়ে আছেন। বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে শিরোপা ধরে রাখা সম্ভব?
আলী সুজাইন: আমরা অবশ্যই শিরোপার ধরে রাখার জন্য খেলব। আমাদের সে সামর্থ্য আছে। তবে বাস্তবতা হলো আমাদের আগে শিরোপার দাবিদার আরও দুটি দল আছে।
প্রশ্ন :
আপনি কোন দুটি দলকে শিরোপা জয়ের পথে এগিয়ে রাখছেন?
সুজাইন: অবশ্যই প্রতিবারের মতো এবারও সবচেয়ে ফেবারিট দল ভারত। পূর্ণ শক্তির দল নিয়ে খেলবে বলে এবার তাদের আরও এগিয়ে রাখতে হচ্ছে। দক্ষিণ এশিয়ার ফুটবলে তারা সবকিছুতেই অন্যদের চেয়ে এগিয়ে। শুধু র্যাঙ্কিংয়ের জন্যই আমি এ কথা বলছি না; মাঠেও তারা সেরা। ভারতের পর আমি বাংলাদেশকে এগিয়ে রাখব।
প্রশ্ন :
কোনো সন্দেহ নেই ভারত অন্যতম ফেবারিট। কিন্তু শেষ ৪টি সাফের গ্রুপ পর্ব থেকে বাদ পড়া বাংলাদেশকে ফেবারিট তালিকায় রাখার কারণ কী? বাংলাদেশি সাংবাদিক বলে বিনয় দেখাচ্ছেন না তো!
সুজাইন: হা...হা...। শুনেছি ইউরোপে অবস্থান করা বাংলাদেশি বংশোদ্ভূত খেলোয়াড় নেওয়া হয়েছে দলে। এ ছাড়া এলিটা কিংসলি নামের একজন নাইজেরিয়ান খেলোয়াড় নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ দলে খেলবেন (যদিও শেষ পর্যন্ত খেলার ছাড়পত্র পাননি তিনি)। নাইজেরিয়ান এই খেলোয়াড় ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। দক্ষিণ এশিয়ার ফুটবলে ১০০ মিলিয়ন পাউন্ড খরচ করেও ভালো একজন নাম্বার নাইন পাওয়া যায় না। নাগরিকত্বের সুবাদে বাংলাদেশ সেটি পেয়েছে। আমাদের দেশে তো এমন কেউ নেই। এ ছাড়া অস্কার ব্রুজোন জাতীয় দলের দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের শক্তি অনেক বেড়ে গিয়েছে।
প্রশ্ন :
তাহলে ৭ অক্টোবর মালদ্বীপের বিপক্ষে বাংলাদেশই ফেবারিট?
সুজাইন: আগে হলে বলতাম মালদ্বীপ ফেবারিট। কিন্তু এখন ম্যাচটি ফিফটি-ফিফটি। মূলত, এর অন্যতম প্রধান কারণ অস্কার। যদিও অল্প সময়ের মধ্যে একটি দল গুছিয়ে আনা যায় না। কিন্তু তিনি বাংলাদেশের ক্লাব ফুটবলে কোচিং করানোর সুবাদে সেখানকার সব ফুটবলারকে চেনেন। শুধু বাংলাদেশ নয়, তাঁর এই অঞ্চলের সব ফুটবলারকেই চেনা আছে। তিনি মালদ্বীপেও অনেক জনপ্রিয় কোচ। ২০১৮ সালে প্রতিপক্ষ কোচ হিসেবে একে ওপরের বিপক্ষে ডাগআউটে দাঁড়িয়েছি আমরা। তিনি হয়তো ভারতের আইএসএলের কোচদের মতো দামি কেউ নন। তবে আমার দৃষ্টিতে এই অঞ্চলে তিনি অন্যতম সেরা কোচ।
প্রশ্ন :
শুধু কোচের জন্যই কি একটা দলকে এগিয়ে রাখা যায়?
সুজাইন: আমি বাংলাদেশের খেলোয়াড়দেরও চিনি। এই তো কিছুদিন আগে আমাদের এখানে এএফসি কাপ খেলে গিয়েছে বসুন্ধরা কিংস। দলটির অধিনায়ক ৪ নম্বর জার্সিধারী ডিফেন্ডারকে (তপু বর্মণ) আমার খুব ভালো লেগেছে। এ ছাড়া কিরগিজস্তানে অনুষ্ঠিত টুর্নামেন্টে ফিলিস্তিনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখেছি। বাংলাদেশের অধিনায়কের খেলাও আমার ভালো লেগেছে। এর আগে বিশ্বকাপ বাছাইপর্বে ভারতের বিপক্ষে ১-১ গোলের ড্র ম্যাচটি আমার মনে আছে। সেখানে দেখেছি, বাংলাদেশ দলে কয়েকজন ভালো খেলোয়াড় আছে। বড় কোনো সাফল্য না পেলেও দু–তিন বছর ধরে দলটি ভালো খেলছে।
প্রশ্ন :
দোহায় ভালো প্রস্তুতি নিয়েছে মালদ্বীপ। দলে সাফের সর্বোচ্চ ২০ গোল করা অভিজ্ঞ আলী আশফাকের মতো খেলোয়াড় আছেন। আপনার দল সম্পর্কে জানতে চাই?
সুজাইন: করোনায় আক্রান্ত হওয়ায় প্রথমে আমি দলের সঙ্গে কাতারে যেতে পারিনি। পরে যোগ দিয়েছি। নির্বাচকেরা দলে আলী আশফাকসহ বেশ কয়েকজন অভিজ্ঞ ফুটবলার রেখে আমার হাতে দলটা তুলে দেন। আমার দলটাকে অভিজ্ঞ ও তরুণের সংমিশ্রণ বলা যায়। আশা করি, ভালো ফুটবল উপহার দেবে তারা।
প্রশ্ন :
ঘরের মাঠে খেলার সুবিধা কতটা নিতে পারবেন?
সুজাইন: নিজেদের মাঠে জাতীয় দল ও আমাদের ক্লাবগুলো খুব ভালো খেলে থাকে। কিন্তু এখন তো ঘরের সুবিধা নেওয়ার তেমন সুযোগ নেই। কারণ, মাঠে দর্শকসংখ্যা সীমিত থাকবে হয়তো। গত মাসে এফসি কাপে দর্শকশূন্য মাঠে খেলা হয়েছে। আমাদের ক্লাবগুলো সমর্থন পায়নি।