সাক্ষাৎকারে আর্জেন্টাইন হকি তারকা গঞ্জালো পেইলাত
‘ম্যারাডোনা-মেসির মতো জনপ্রিয় না হলেও আর্জেন্টিনার মানুষ আমাকে চেনেন’
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আজ আবাহনী-মোহামেডান লড়াই। প্রিমিয়ার হকি লিগের প্রথম পর্বের শেষ দিনে দুই প্রধানের সাক্ষাৎ সমর্থকদের কাছে বিশেষ কিছু। দুই দলই শক্তি বাড়াতে নিয়ে এসেছে ইউরোপ ও লাতিন খেলোয়াড়। গতকাল হল্যান্ডের তিনজন খেলোয়াড় যোগ দিয়েছেন আবাহনীতে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের জার্সিতে খেলতে সোমবার ঢাকা এসেছেন বিশ্বের অন্যতম সেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ গঞ্জালো পেইলাত। ২০১৬ রিও অলিম্পিকে সর্বোচ্চ ১১ গোল করে আর্জেন্টিনাকে সোনা জেতান এই ডিফেন্ডার। বাংলাদেশে প্রথম আসা ও আর্জেন্টিনা দল নিয়ে প্রথম আলোর সঙ্গে একান্তে কথা বলেছেন পেইলাত-
প্রশ্ন :
সোমবার সকালে ঢাকা এসেই বিকেলে অ্যাজাক্সের বিপক্ষে মাঠে নেমে গেলেন। মোহামেডানের ৬-০ গোলের জয়ে জোড়া গোল আপনার। বাংলাদেশে খেলে প্রথম দিনের অনুভূতি কেমন?
গঞ্জালো পেইলাত: ভালো লাগছে। নতুন দেশ, ভিন্ন পরিবেশ। সোমবার সকালে ঢাকা আসার পর আমাকে ক্লাব কর্মকর্তারা জিজ্ঞাসা করেছিল, বিকেলে খেলব কি না? আমি বললাম, কেন নয়? যদিও ১৫ ঘণ্টার ভ্রমণ ক্লান্তির কারণে নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পারিনি। তবে সতীর্থরা আমাকে উষ্ণ অভ্যর্থনাই জানিয়েছে। এটা বেশ উপভোগ করেছি।
বলতে বাধ্য হচ্ছি, আবাহনী আমার সঙ্গে ভালো আচরণ করেনি। এটা বাংলাদেশে আসতে বিদেশি খেলোয়াড়দের অনীহা তৈরি করবে। আবাহনীর বিপক্ষে ম্যাচটি (আজ) আমার জন্য ব্যক্তিগত একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
প্রশ্ন :
মাওলানা ভাসানী স্টেডিয়ামের টার্ফে খেলে কেমন লাগল?
পেইলাত: এই টার্ফ কিছুটা ধীর মনে হয়েছে আমার। এখানে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। টার্ফটি পরিষ্কারও করতে হবে।
প্রশ্ন :
বাংলাদেশে আসা আপনিই প্রথম লাতিন হকি খেলোয়াড়। কীভাবে এলেন?
পেইলাত: সুনীলের ( মওলানা ভাসানী স্টেডিয়ামে মোহামেডানের ভারতীয় খেলোয়াড়ের দিকে আঙুল দেখিয়ে) অনুপ্রেরণায় আমার আসা। ভারতে আমরা এক সঙ্গে খেলেছি। ও আমার ভালো বন্ধু। নতুন পরিবেশে বন্ধুদের সঙ্গে খেলার সুযোগটা নিয়েছি। মোহামেডানে আর্জেন্টিনার আরেক খেলোয়াড় আসবে। সে-ও আমার ভালো বন্ধু।
প্রশ্ন :
আবাহনী লিমিটেডও নাকি আপনাকে আনতে চেয়েছিল?
পেইলাত: হ্যাঁ। তবে বলতে বাধ্য হচ্ছি, আবাহনী আমার সঙ্গে ভালো আচরণ করেনি। এটা বাংলাদেশে আসতে বিদেশি খেলোয়াড়দের অনীহা তৈরি করবে। আবাহনীর বিপক্ষে ম্যাচটি (আজ) আমার জন্য ব্যক্তিগত একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই ম্যাচে অবশ্যই আমাকে জিততে হবে।
প্রশ্ন :
মোহামেডানের ডিফেন্ডার আশরাফুল ইসলাম ভালো পেনাল্টি কর্নার নিতে পারেন। তাঁকে কেমন দেখলেন?
পেইলাত: ওকে আমার খুব ভালো লেগেছে। পেনাল্টি কর্নারে নিখুঁত। ওর খুব ভালো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি।
প্রশ্ন :
আর্জেন্টিনা মানেই ফুটবল। আপনি হকি বেছে নিলেন কেন?
পেইলাত: যেকোনো দেশে খেলতে গেলেই এই প্রশ্নের উত্তরটা দিতে হয় আমাকে। পারিবারিকভাবেই আসলে আমরা হকি খেলি। আমার বাবা হকির গোলকিপার ও মা স্ট্রাইকার ছিলেন। তাঁরা ক্লাব পর্যায়ে খেলেন। আমার জন্মস্থান বুয়েনস এইরেসে আর্জেন্টিনার হকির জন্য সমৃদ্ধ জায়গা। সেখানেই আমার বেড়ে ওঠা। তিন বছর বয়স থেকেই হকি খেলা শুরু করি। কখনো ফুটবলার হওয়ার ইচ্ছাও জাগেনি। তবে বন্ধুদের সঙ্গে মজা করে অনেক সময় খেলেছি।
প্রশ্ন :
আপনি বিশ্বের অন্যতম সেরা হকি খেলোয়াড়। ফুটবলার হলে মেসিদের মতো জনপ্রিয়তা পেতেন মনে করেন?
পেইলাত: ফুটবল খুবই জনপ্রিয় খেলা। মেসি-ম্যারাডোনাকে বিশ্বের সবাই চেনেন। ম্যারাডোনার সঙ্গে আমি নিজেও দেখা করেছি। তাঁদের মতো জনপ্রিয় না হলেও আর্জেন্টিনার মানুষও আমাকে চেনেন। আর মেসি চাইলেই সিনেমা হল বা বিপণিবিতানে যেতে পারেন না। আমি কিন্তু পারি। একেকজনের জীবন একেক রকম।
প্রশ্ন :
আপনি নাকি রাগ করে আর্জেন্টিনা জাতীয় দল থেকে নিজেকে সরিয়ে রেখেছেন। কারণ কী?
পেইলাত: কোচ ও কিছু খেলোয়াড়ের সঙ্গে ঝামেলা হওয়ায় আমি নিজেকে সরিয়ে রেখেছি। ২০১৬ সালে রিও অলিম্পিকে সোনা জেতার পর থেকে দলে অনেক অনিয়ম ঢুকে পড়ে। কে খেলবে, কে খেলবে না, এই বিষয়গুলো কিছু মানুষ নিয়ন্ত্রণ করছিল। এসব ঠিক নয়। জাতীয় দলে এগুলো মেনে নেওয়া যায় না। তাই ২০১৯ থেকে নিজেকে সরিয়ে রেখেছি জাতীয় দল থেকে। ব্যক্তিগতভাবে বলব, এটা ভালো সিদ্ধান্ত। এ নিয়ে আমার কোনো আফসোস নেই।
প্রশ্ন :
প্রিমিয়ার হকি লিগে চ্যাম্পিয়নশিপ ধরে রাখতে চায় মোহামেডান। পারবেন মোহামেডানকে সহায়তা করতে?
পেইলাত: নিজের সেরাটা দিয়ে চেষ্টা করব। মোহামেডানকে চ্যাম্পিয়ন করতে মাঠে সব অভিজ্ঞতা ঢেলে দেব।