লিভারপুলের ইয়ুর্গেন ক্লপ

* ইয়ুর্গেন, লিভারপুল ফুটবল ক্লাবে স্বাগত...
ধন্যবাদ।
* কেমন লাগছে?
অসাধারণ! আমার জন্য এটা অসাধারণ একটা অনুভূতি, বেশ সম্মানেরও। আমার জীবনের সেরা মুহূর্তগুলোর একটি।
* লিভারপুল ফুটবল ক্লাবের কোন দিকটি টেনেছে আপনাকে?
সবকিছু। যা শুনেছি, যা পড়েছি, দেখার পর যা অনুভব করছি—সব। আমি ফুটবল ভালোবাসি, আর লিভারপুলে ফুটবলের তীব্রতাটা আমার জন্য ভালো। সব সময়ই ইংল্যান্ডে কাজ করার কথা ভেবেছি, এখানকার ফুটবলের ধরন ও এটি নিয়ে আবেগের কারণেও। লিভারপুলই সব সময় প্রথম পছন্দ ছিল।
* ফুটবল থেকে বিরতির সময়টায় কী করেছেন?
অনেক কিছু। ১৫ বছর একটানা কোচিং করিয়ে ক্লান্ত ছিলাম। প্রতি মৌসুমেই শেষ দিনটি পর্যন্ত কাজ করতে হয়েছে। বেশ কঠিন ছিল সেটা। কিছুটা নির্ভার হওয়ার চেষ্টা করলাম। মনে হচ্ছিল, আমি মানে তো শুধুই ফুটবল নয়, অন্য অনেক বিষয়েও আমি আগ্রহী হতে পারি। বেশ স্মার্ট, তৎপর কিছু লোকের সঙ্গে সাক্ষাৎ হলো যাঁদের সঙ্গে আমি ফুটবল, পুষ্টিবিজ্ঞান ও অন্য অনেক বিষয়ে কথা বলেছি। তারপর মনে হলো আগ্রহ জাগায় এমন কেউ ডাকলে আমি প্রস্তুত।
* লিভারপুলকে আপনার একটা ঘর বানিয়ে তোলা আর এর সমর্থকদের জন্য কোচ হওয়ার বিষয়টাকে কীভাবে দেখছেন?
একটা রোমাঞ্চ কাজ করছে। আমি সবকিছু দেখতে চাই, অনুভব করতে চাই, এর গন্ধ শুঁকতে চাই...সব করতে চাই। ফুটবলের কারণে পৃথিবীর অনেক জায়গায় গিয়েছি আমি, এর মধ্যে এটিই সবচেয়ে স্পেশাল। ডর্টমুন্ডের সিগনাল ইদুনা পার্ক আছে, অসাধারণ একটা স্টেডিয়াম। মেইঞ্জের ছোট্ট স্টেডিয়ামটাও নিখুঁত। তবে অ্যানফিল্ড ঐতিহাসিক।
* সমর্থকদের সঙ্গে বিশেষ বন্ধন তৈরি করা আপনার জন্য কতটুকু গুরুত্বপূর্ণ?
আমি যেটা জানি, যা বুঝি, যা অনুভব করি তা হলো—সমর্থকদের আনন্দ দিতে হবে। ফুটবল অতটা গুরুত্বপূর্ণ নয়, আমরা কারও জীবন বাঁচাই না। আমাদের কাজ হবে ৯০ মিনিটের জন্য ওঁদের সকল সমস্যা ভুলিয়ে রাখা। যতটা সম্ভব সমর্থকদের কাছাকাছি থাকতে চেষ্টা করি আমি।
‘আমি নরমাল ওয়ান’
হোসে মরিনহো চেলসিতে এসেই ঘোষণা দিয়েছিলেন, তিনি ‘স্পেশাল ওয়ান’। ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকার সময় ডেভিড ময়েসকে বলা হতো ‘দ্য চোজেন ওয়ান’। সংবাদ সম্মেলনে কাল ইয়ুর্গেন ক্লপের কাছ থেকেও হয়তো এমন ‘চটকদার’ কিছু শোনার আশা করেছিল ইংলিশ সংবাদমাধ্যম। সে আশায় গুঁড়েবালি! ‘মরিনহো তো স্পেশাল ওয়ান, আপনি নিজেকে কী ভাবেন?’ এমন প্রশ্নে ক্লপের উত্তর, ‘আমি নিজেকে এভাবে বর্ণনা করতে চাই না। এখানে এমন কেউ কি আছেন যিনি ভাবেন আমি অলৌকিক কিছু করব? নেই? তাহলে আমাকে কাজ করতে দিন। আমি স্বাভাবিক একজন লোক। ব্ল্যাক ফরেস্ট (জার্মানির দক্ষিণাঞ্চলের পার্বত্য এলাকা) থেকে এসেছি।’ ‘আমি “নরমাল ওয়ান”—যদি এতে আপনাদের মন ভরে!’ দ্য গার্ডিয়ান।
* ইংলিশ ফুটবলে মানিয়ে নিতে পারবেন?
অবশ্যই মানিয়ে নেব। মানিয়ে নিতেই হবে। আমি ইংলিশ ফুটবল সম্পর্কে জানি। অনেক খেলা দেখেছি, ইংলিশ দলগুলোর বিপক্ষেও খেলেছি। কিছু জিনিস হয়তো ভিন্ন, তবে সেটা অত গুরুত্বপূর্ণ নয়। কারণ এটা ফুটবল। ভুলে যাবেন না, এটা একটা খেলাই। সবার নিয়মই এক, মাঠের আকারও এক, তাই খুব একটা কঠিন হবে না। আমার অভিজ্ঞতা বলে—শোনো, দেখো, অনুভব করো, তারপর চিন্তা করো কী পরিবর্তন আনতে হবে। আমি বিষয়গুলোকে খুব বেশি জটিল করতে চাই না। আমি কী চাই খেলোয়াড়েরা তা বুঝতে পারছে কি না সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
* লিভারপুলে যে দলটা পাচ্ছেন সেটি কেমন?
ভালো। আমি এখানে এসেছি কারণ এই দলের সম্ভাবনা আছে বলে আমি বিশ্বাস করি। এ মুহূর্তে আমরা বিশ্বের সেরা দল নই, তাতে কী? আজই কে বিশ্বসেরা হতে চায়? আমরা কাল বা অন্য কোনো দিন বিশ্বসেরা হব। দলটাকে বাইরে থেকে যতটুকু দেখেছি সব ঠিকই আছে। গুরুত্বপূর্ণ হচ্ছে—আমাদের গতি আছে, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দক্ষতা আছে, ভালো ডিফেন্ডার, মিডফিল্ডার, স্ট্রাইকার, উইঙ্গার আছে। আমি স্বপ্নচারী নই। ক্রিস্টিয়ানো (রোনালদো), লিওনেল (মেসি) বা ওই রকম খেলোয়াড় দলে চাচ্ছি না আমি। আমি এই খেলোয়াড়দেরই চাই।
* আমরা খেলার কেমন ধরনটা আশা করতে পারি?
(হেসে) বুনো। ফুটবলে সব বিশ্বমানের দলই বল দখলে রেখে খেলে। তবে সবার আগে যেটা লাগবে সেটা হলো, দৃঢ় রক্ষণ। কারণ খেলায় আপনি ততক্ষণই আত্মবিশ্বাসী থাকবেন, যতক্ষণ জানবেন যে প্রতিপক্ষের প্রতিটি আক্রমণ মানেই গোল নয়। আমি যে ধরনের ফুটবল শেখাই সেটা আবেগপ্রবণ। আমি খেলায় গতি দেখতে চাই। আগ্রাসনের কথা বললে নিজের বিরুদ্ধেই আগ্রাসী হতে বলব। আমাদের শক্ত হতে হবে, কোনো ব্যথা থাকবে না। সমর্থকদের সঙ্গেও কথা বলতে হবে, তাদের প্রত্যাশার কথা জানতে হবে। কারণ প্রত্যাশা খুব সমস্যা তৈরি করে। এটা অনেকটা পিঠের ঝোলায় ২০ কেজি ওজনের মতো, যা নিয়ে দৌড়ানো বুদ্ধিমানের কাজ নয়।
* লিভারপুলে স্বল্প ও দীর্ঘ মেয়াদে কী অর্জন করতে চান?
সাফল্য! এখানে ম্যানচেস্টার সিটি ও ইউনাইটেড, চেলসি, আর্সেনাল, টটেনহাম আছে—ওরা সবাই সফল হতে চায়। ওরা যেটা পারবে, আমরা কেন পারব না? এ মুহূর্তে লিভারপুল পরিবারে সবাই একটু নার্ভাস, একটু হতাশ, একটু সংশয়ে আছে। ম্যাচে উদ্যাপন করে ঠিকই, স্টেডিয়ামের পরিবেশও অসাধারণ, তবে এ মুহূর্তে তাঁদের বিশ্বাসের অভাব আছে। সবাই ৫, ১০, ২০ বছর পেছনে তাকায়। ইতিহাস ভালো, তবে সেটা শুধু মনে রাখার জন্য। চাইলেই নতুন গল্প লেখার সুযোগ আছে আমাদের। আমি এমন নই যে বলব ‘এই বছরটাই লিভারপুলের ইতিহাসের সেরা হবে’।
* সবশেষে লিভারপুল-ভক্তদের উদ্দেশে কী বলবেন?
আমাদের সংশয় ঝেড়ে বিশ্বাস করতে হবে। এখনই।