শততম টেস্টের আগে ইউনিস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ইউনিস খান
ইউনিস খান
জাভেদ মিয়াঁদাদ, সেলিম মালিক, ওয়াসিম আকরাম ও ইনজামাম-উল-হকের পর পাকিস্তানের পঞ্চম ক্রিকেটার হিসেবে আজ শততম টেস্ট খেলতে নামছেন ইউনিস খান। মাইলফলকের সামনে দাঁড়িয়ে নিজের ক্যারিয়ার নিয়ে গতকাল কথা বলেছেন ইএসপিএনক্রিকইনফোর সঙ্গে

* ১০০তম টেস্ট খেলতে যাচ্ছেন। আপনার কাছে এর তাৎপর্য কী?
ইউনিস খান: এটি স্বপ্ন সত্যি হওয়ার মতো ব্যাপার আমার কাছে। কারণ আমার চাওয়া ছিল এমনই। যখন প্রথম টেস্ট খেলি, তখন থেকেই এক শর বেশি টেস্ট খেলার স্বপ্ন দেখে আসছি। আমি যখন শুরু করি ১০০ টেস্ট খেলা (পাকিস্তানের হয়ে) ক্রিকেটার ছিলেন দুজন—জাভেদ মিয়াঁদাদ ও সেলিম মালিক। ওয়াসিম আকরাম ও ইনজামাম-উল-হকের শততম টেস্টে কথা আমার এখনো মনে আছে। আমার চোখের সামনেই তাঁদের ওই মাইলফলক ছুঁতে দেখে ১০০ টেস্ট খেলার স্বপ্নটা আরও বড় হয়েছে। এখন পঞ্চম খেলোয়াড় হিসেবে নিজেই মাইলফলকটা ছুঁতে যাচ্ছি। পাকিস্তানি হিসেবে খুব গর্ব হচ্ছে।
* মাইলফলকটা ছুঁতে পারবেন—এই বিশ্বাসটা কি আপনার সব সময়ই ছিল?
ইউনিস: ঐকান্তিক ইচ্ছা থাকলেই কোনো কিছু পাওয়া সম্ভব। সব সময়ই চেয়েছি ১০০ টেস্ট খেলব, যত বেশি সম্ভব ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলতে চেয়েছি। দেশের হয়ে বড় শিরোপা জেতার আকাঙ্ক্ষাও ছিল আমার। মহান আল্লাহর ইচ্ছায় আমি যা চেয়েছি তাই পেয়েছি।
* আপনি কি মনে করেন ক্রিকেট থেকে যা কিছু পাওয়া সম্ভব, সবই পেয়ে গেছেন?
ইউনিস: আমি বিশ্বাস করি আরও অনেক কিছু পাওয়ার আছে, জীবনে করার আছে অনেক কিছুই। পাকিস্তানের মতো একটা দেশে যেখানে তুলনামূলকভাবে টেস্ট খেলার সুযোগ কম, সেখানে আমি ১০০ টেস্ট খেলতে পারছি, এটাই খুব সম্মানের। ১২৪ টেস্ট খেলতে জাভেদ মিয়াঁদাদের ১৮ বছর লেগেছে। ১০০ ছুঁতে আমার লাগল ১৫ বছর। এতটা বছর ধরে ফিটনেস ধরে রেখে খেলে এসেছি আমি।
* অনেক টেস্টই তো ফাঁকা স্টেডিয়ামে খেললেন। ব্যাপারটা কতটা পীড়াদায়ক?
ইউনিস: কয়েক বছরে ধরেই দেশের বাইরে সংযুক্ত আরব আমিরাতে খেলতে হচ্ছে। ওই দেশের লোকজনের টেস্ট ম্যাচ দেখার মতো সময় কই! ফাঁকা স্টেডিয়ামে খেলায় কোনো তৃপ্তি নেই। দর্শক যদি হাততালিই না দিল আপনি উৎসাহ পাবেন কীভাবে? পাকিস্তানে ম্যাচ হলে অন্তত বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন খেলা দেখতে আসত। কিন্তু আমাদের কী করার আছে?
* অধিনায়ক হিসেবে আপনার বিদায়টা ঝঞ্ঝাটপূর্ণ কেন?
ইউনিস: দেখতে আমি হয়তো আক্রমণাত্মক নই, তবে ব্যক্তি হিসেবে আমি খুবই আক্রমণাত্মক। তাই যখন অধিনায়ক হলাম, চাইলাম সবাই যেন আমার মতো আক্রমণাত্মক হয়। ব্যাপারটা নিয়ে আমি জোর খাটালাম বলতে পারেন। ঠিক এ কারণেই মনে হয় নির্ঝঞ্ঝাটে অধিনায়কত্ব ছাড়তে পারিনি। তবে আমার অধিনায়কত্বের শেষ ছয়টা মাস দেখুন, আমরা ২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপটা জিতলাম।
* ২০০৯-১০ সালে বিতর্ক সঙ্গী করেই আপনি কিছু সময়ের জন্য হারিয়ে গেলেন। এরপর ফিরে এসে অবশ্য আর পেছন ফিরে তাকাননি। ওই সময়টায় কীভাবে নিজেকে উদ্দীপ্ত রাখলেন?
ইউনিস: ক্যারিয়ারের কোনো না কোনো সময় আপনাকে বিরতি নিতে হবেই। চোট, খারাপ খেলা, বিতর্কে জড়ানো, এ রকম আরও নানা কারণে আপনি বাদ পড়তে পারেন। তবে আমি ব্যাপারটাকে নেতিবাচক হিসেবে নিইনি। নিজের ভুলগুলো নিয়ে ভাবার সময় আমি তখনই পেয়েছি। ক্যারিয়ার কীভাবে সামনে এগিয়ে নেব, সেই ছকও ওই সময়ে কষেছি। তখন থেকেই আমি আরও ভালো পারফর্ম করছি।
* •নিজের কোন ইনিংসটাকে সবার ওপরে রাখবেন, কেন রাখবেন?
ইউনিস: ২০০১ সালে অকল্যান্ডের ইনিংসটার কথা বলতে হয় (১৪৯*)। দলে নিজের জায়গা পাকা করতে ওই ইনিংসটা দরকার ছিল। এরপর ২০০৯ সালে অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার বিপক্ষে ইনিংসটা। ক্যারিয়ারের নতুন বাঁকে আমার এ রকম কিছু দরকার ছিল, আমি ট্রিপল সেঞ্চুরি করেছিলাম (৩১৩)।
* •টেস্টের তুলনায় আপনার ওয়ানডে পরিসংখ্যান খুবই সাধারণ। কেন এমন হলো?
ইউনিস: পাকিস্তানের অল্প যে কজন ক্রিকেটার ২৫০ ওয়ানডে খেলেছে আমি তাঁদের একজন। বেশির ভাগ সময়ই আমাকে ছয় বা সাতে খেলতে হয়েছে। যেহেতু আমি অতটা আক্রমণাত্মক নই, তাই ওই জায়গায় স্বস্তি পাইনি। তবে আমি কখনোই নিজের জন্য খেলিনি, চেষ্টা করিনি অপরাজিত থাকতে। দ্রুত খেলতে গিয়েই আউট হয়েছি। এ কারণেই আমার ওয়ানডে গড় মাত্র ৩১।
* অবসর নিয়ে কী পরিকল্পনা?
ইউনিস: সময়টা খুব দূরে নয়, তবে আমি সম্মানের সঙ্গেই ক্যারিয়ারের ইতি টানতে চাই। আমি নিজেই সরে যাব। তবে এর আগে আরও কিছু লক্ষ্য পূরণ করার আছে। ওই লক্ষ্যগুলো থেকে আমি খুব একটা দূরে নেই। আমি এখনই কিছু বলতে চাই না, আপনারা খুব শিগগির জেনে যাবেন।