হকিতে বাংলাদেশের ভরাডুবি
ব্যর্থতার সব দায় নিচ্ছেন হকির সাধারণ সম্পাদক
ঢাকায় চলমান এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকিতে পাঁচ দলের মধ্যে পঞ্চম হয়েছে বাংলাদেশ। সব মিলিয়ে খেয়েছে ২৩ গোল। মাঠে ও মাঠের বাইরে ছিল নানা অব্যবস্থাপনা। এসব নিয়েই প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ হকি ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ।
প্রশ্ন :
প্রশ্ন: পঞ্চম হয়ে এশিয়ান চ্যাম্পিয়নস ট্রফি হকি শেষ করল বাংলাদেশ। জাতীয় দলের এমন ব্যর্থতার কারণ কী?
মোহাম্মদ ইউসুফ: প্রথমত, এই টুর্নামেন্ট বারবার পিছিয়েছে করোনার কারণে। আদৌ টুর্নামেন্ট হবে কি না, তা নিয়ে একটা সময় পর্যন্ত সংশয়ে ছিলাম। তাই টুর্নামেন্টের জন্য বসে না থেকে প্রিমিয়ার ডিভিশন লিগ শুরু করেছি। কিন্তু লিগে ক্লাবগুলোর সম্পৃক্ততা বড় ব্যাপার। এ ছাড়া আরও অনেক বিষয় আছে। তাই হঠাৎ চাইলেও লিগ বন্ধ করে জাতীয় দলের অনুশীলন করা সম্ভব হতো না। আমরা অল্প সময়ে লিগটা শেষ করে অনুশীলন শুরু করেছি।
প্রশ্ন :
প্রশ্ন: টুর্নামেন্ট শুরুর আগে মাত্র ১০ দিন জাতীয় দল অনুশীলন করেছে। এটা কি যথেষ্ট ছিল?
ইউসুফ: যেটুকু প্রস্তুতি নিয়েছি, সেটা অবশ্যই পর্যাপ্ত নয়। তবে এটুকু বলতে পারি, ছেলেরা খেলার মধ্যে ছিল। তা ছাড়া আমাদের বুঝতে হবে, এশিয়ার সেরা দলগুলোর সঙ্গে খেলেছি। বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক এগিয়ে ওরা। আমরা যেখানে ভারতের সঙ্গে ৯ গোলে হেরেছি, সেখানে জাপান হেরেছে ৬ গোলে। যদি তুলনা করি, তাহলে আমরা যে খুব বেশি খারাপ করেছি, তা নয়।
প্রশ্ন :
প্রশ্ন: বাংলাদেশ প্রায় ৪০ মাস কোনো আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলেনি কেন?
ইউসুফ: এটা সত্যি, অনেক দিন পর টুর্নামেন্ট খেলছি। আমিও মানছি, আমাদের প্রচুর টুর্নামেন্ট খেলতে হবে। ভালো ফল করতে হলে দীর্ঘমেয়াদি কোচ লাগবেই। পরিকল্পনাও লাগবে। আমাদের দেশে অনেক করপোরেট হাউস আছে। তাদের অনুরোধ করব, যদি অন্তত তিন বছরের জন্য জাতীয় দলকে স্পনসর করে, তাহলে একজন বিদেশি কোচ এনে দীর্ঘমেয়াদি কোচিং ক্যাম্প করলে এই দল অনেক দূর যাবে।
প্রশ্ন :
প্রশ্ন: খেলা শুরুর আগে জানতে পারলেন, একজন খেলোয়াড়ের পাসপোর্ট নেই। ট্রফি উন্মোচন অনুষ্ঠানে অন্য অধিনায়কেরা জাতীয় দলের নির্ধারিত ট্র্যাকস্যুট, ট্রাউজার পরে এলেও বাংলাদেশ অধিনায়ক আশরাফুল ইসলাম এসেছিলেন টি-শার্ট পরে। এসব অব্যবস্থাপনা কেন?
ইউসুফ: আমাদের ফেডারেশনের অভ্যন্তরীণ সমস্যা এগুলো। আমরা দল পেয়েছি দেরিতে। যেভাবে দলটা পাওয়ার কথা ছিল, সেভাবে পাইনি। আর দল ব্যবস্থাপনার সবকিছু তো সাধারণ সম্পাদক দেখেন না। এসব দেখার জন্য কাউকে না কাউকে দায়িত্ব দেওয়া হয়। সেই দায়িত্ব সবাই পালন করেনি ভালোভাবে। তারপরও বলব, সব ব্যর্থতার দায় আমার। আসলে দলাদলি করলে আমাদের হকি এগোবে না।
প্রশ্ন :
প্রশ্ন: এই দলাদলি কেন হচ্ছে?
ইউসুফ: সবাই জানে যে হকির নির্বাচনে দুটি পক্ষ ছিল। আমি প্রথম যুগ্ম সম্পাদক হই। কিন্তু নির্বাচিত সাধারণ সম্পাদকের অনুপস্থিতিতে আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে বিরোধিতা অনেক। অনেকে আমার বিরুদ্ধে মন্ত্রীর কাছে অভিযোগ করেছেন। আমাকে একটা জাতীয় দল দেওয়া হচ্ছে কিন্তু কাকে দেওয়া হচ্ছে, সেটা কোথাও লেখা হচ্ছে না। একটা তালিকা করে আমার অফিসে ছুড়ে ফেলে দিয়ে চলে যাচ্ছে। এটা তো কাম্য নয়।
প্রশ্ন :
প্রশ্ন: তাহলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন করে বাংলাদেশের প্রাপ্তি কী?
ইউসুফ: চ্যাম্পিয়নস ট্রফির মতো বড় টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছি, এটাই প্রাপ্তি। কিন্তু এর যে গুরুত্ব কতখানি, সেটাই বুঝতে পারিনি আমরা।