
দ্বিতীয় বিভাগ ফুটবলের সপ্তম রাউন্ড শেষে শীর্ষে কসাইটুলি সমাজকল্যাণ পরিষদ। এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা আরিফুল ইসলাম (শান্ত)। ব্রাহ্মণবাড়িয়ার তরুণ এরই মধ্যে ৫ ম্যাচে ৮ গোল করে আলাদাভাবে নজর কেড়েছেন
* আপনাকে নাকি কোচ গোলমেশিন বলে ডাকেন?
আরিফুল ইসলাম: তৃতীয় বিভাগে আমার খেলা দেখে কোচ আরমান হোসেন এই দলে নিয়েছেন। তখন থেকেই তিনি আমাকে গোলমেশিন বলে ডাকেন।
* কতগুলো গোল করেছেন এ পর্যন্ত?
শান্ত: ব্রাহ্মণবাড়িয়ায় অনূর্ধ্ব-১৪ ফুটবল টুর্নামেন্টসহ বয়সভিত্তিক প্রতিযোগিতায় প্রচুর গোল করেছি। ২০১৩ সালে প্রথম ঢাকায় এসে খেলি পাইওনিয়ারে। তখন আরাফ স্পোর্টিংয়ের হয়ে খেলতে নেমেই দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হই। লিগে আমি ১৬টি গোল করেছিলাম।
* এরপর...?
শান্ত: এরপর আমাদের ক্লাব পরের মৌসুমে তৃতীয় বিভাগে ওঠে। তৃতীয় বিভাগের প্রথম রাউন্ডে আমি ৯ গোল করেছিলাম। এবার দ্বিতীয় বিভাগে ৭ ম্যাচ হয়েছে আমাদের। প্রথম দুটি ম্যাচে খেলতে পারিনি। বাকি ৫ ম্যাচে ৮ গোল করে সর্বোচ্চ গোলদাতার স্থানটা ধরে রেখেছি। হ্যামস্ট্রিংয়ে টান লাগায় লিগের সর্বশেষ ম্যাচে মাত্র ২৫ মিনিট খেলেছি। শুধু ওই ম্যাচেই গোল পাইনি।
* লিগের প্রথম দুটি ম্যাচ কেন খেলতে পারেননি?
শান্ত: আমি তখন চট্টগ্রামে প্রিমিয়ারে খেলছিলাম। ওটা শেষ করে এখানে যোগ দিই। চট্টগ্রামেও ৫ ম্যাচে ৩ গোল করেছি।
* আপনাকে ফুটবলে এনেছেন কে?
শান্ত: আমার বাবা শাহ মোহাম্মদ শরীফ এলাকায় টুকটাক ফুটবল খেলতেন। জাতীয় পর্যায়ে কখনো সুযোগ পাননি। আমাকে দিয়েই নিজের স্বপ্নটা পূরণ করতে চান। আমার মূল প্রেরণাদাতা বাবা ব্রাহ্মণবাড়িয়া শহরের একজন মুদি দোকানদার। ফুটবল খেলে যা আয় করি সব বাবার হাতে তুলে দিই। যদিও বাবা টাকার চেয়ে ফুটবল খেলার দিকেই বেশি নজর দিতে বলেন আমাকে।
* আপনি ঢাকায় খেলার সুযোগ পেলেন কীভাবে?
শান্ত: আরাফ স্পোর্টিংয়ের এক কর্মকর্তার আত্মীয় ব্রাহ্মণবাড়িয়ায় একবার আমার খেলা দেখেছিলেন। উনি আমার খেলায় মুগ্ধ হয়ে ঢাকায় আসতে বলেন।
* পড়াশোনা করছেন?
শান্ত: ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক কলেজের ছাত্র আমি।
* ঢাকায় ফুটবল খেলা আর জেলা শহরে গিয়ে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন না?
শান্ত: একটু কষ্ট হয়। তবে কলেজের স্যাররা অনেক সাহায্য করেন। তাঁরা চান আমি যেন বড় ফুটবলার হই।
* জাতীয় দলে বর্তমানে স্ট্রাইকার-সংকট। এসব দেখে আপনার কেমন লাগে?
শান্ত: বিদেশি স্ট্রাইকাররা প্রিমিয়ার লিগে সর্বোচ্চ গোলদাতা হচ্ছে দেখে খারাপ লাগে। জাতীয় দলের এমিলি, রনি, জীবন ভাইদের গোল না পাওয়ার কষ্টটা বুঝি। আমার স্বপ্ন, একদিন জাতীয় দলে খেলব। লিগে আবাহনী, মোহামেডান, শেখ জামালের মতো ক্লাবে খেলব।
* এই লিগ শেষে নিজেকে কোথায় দেখতে চান?
শান্ত: সর্বোচ্চ গোলদাতা হয়ে দলকে যেন চ্যাম্পিয়ন করতে পারি।