'আমার সব সময় একই লাগে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
ইংলিশ কাউন্টি দল সাসেক্সের জার্সি পরশুই প্রথম গায়ে চাপিয়েছেন। কিন্তু নতুন জার্সিতেও দেখা মিলল চেনা মুস্তাফিজেরই। কী দুর্দান্তভাবেই না ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিজের অভিষেক-লগ্নটা রাঙিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার! l ছবি: দ্য আর্গেস
ইংলিশ কাউন্টি দল সাসেক্সের জার্সি পরশুই প্রথম গায়ে চাপিয়েছেন। কিন্তু নতুন জার্সিতেও দেখা মিলল চেনা মুস্তাফিজেরই। কী দুর্দান্তভাবেই না ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে নিজের অভিষেক-লগ্নটা রাঙিয়েছেন বাংলাদেশের বাঁহাতি পেসার! l ছবি: দ্য আর্গেস
সাসেক্সের হয়ে খেলতে নেমেই ম্যাচসেরা মুস্তাফিজুর রহমান, ২৩ রানে নিলেন ৪ উইকেট। প্রথম ম্যাচেই ইংলিশ পরিবেশ জয় করার পরও বাংলাদেশের তরুণ বাঁহাতি পেসার উচ্ছ্বাসে ভেসে যাচ্ছেন না। মুঠোফোনে ইংল্যান্ড থেকে সাক্ষাৎকার দিলেন তারেক মাহমুদকে

*কেমন আছেন মুস্তাফিজ?

মুস্তাফিজুর রহমান: জি, ভালো আছি আল্লাহর রহমতে।

*ইংল্যান্ডে গিয়ে তো প্রথম ম্যাচেই দারুণ খেললেন। কেমন লাগছে?

মুস্তাফিজ: ধন্যবাদ...খুব ভালো লাগছে। এতটা আশা করিনি।

*সব মিলিয়ে প্রথম ম্যাচের অভিজ্ঞতা কেমন?

মুস্তাফিজ: কেমন আর...নরমাল যে রকম হয় আরকি। বাড়তি কিছু না।

*বাংলাদেশের বোলারদের জন্য ওখানে বল করাটা সব সময়ই চ্যালেঞ্জিং। আপনার কেমন লাগল?

মুস্তাফিজ: ভালোই...।

*না মানে কাউন্টি দলের হয়ে খেলছেন, ওই কন্ডিশনে বল করছেন। একটু তো রোমাঞ্চ থাকার কথা...

মুস্তাফিজ: কী বলব। ও রকম কিছু নেই। খেলতে আসছি, খেলছি...এই তো!

*অপরিচিতকন্ডিশনে গিয়ে প্রথম ম্যাচে ৪ উইকেট পেলেন। বাড়তি ভালো লাগা নেই?

মুস্তাফিজ: সবার দোয়া ছিল, সে জন্য হয়েছে।

*আমাদের দুর্ভাগ্য, বাংলাদেশ থেকে আপনার ম্যাচটা দেখা যায়নি। খেলা নিয়ে তাই আরেকটু বিস্তারিত জানতে চাইছি। বল হাতে যা যা করতে চেয়েছেন, সব পরিকল্পনামতো পেরেছেন?

মুস্তাফিজ: ভালোভাবেই পেরেছি। প্রথম উইকেটটা কাটারে নিয়েছি।

*উইকেট কেমন মনে হলো?

মুস্তাফিজ: ভালো। আমার কোনো সমস্যা হয়নি।

*উইকেট থেকে কোনো সুবিধা নিতে পেরেছেন?

মুস্তাফিজ: ইংল্যান্ডের উইকেটে বল একটু জোরে যায়, এটাই সুবিধা।

*এর আগে ভারতে আইপিএল খেলেছেন। সেটার সঙ্গে ইংল্যান্ডে খেলার কী পার্থক্য?

মুস্তাফিজ: আইপিএলে যেমন গ্যালারিভর্তি দর্শক থাকে, এখানে এটা ও রকম না। কিছু লোকজন আসে। ভালো করলে হাততালির একটা শব্দ পাওয়া যায়। অতটা চিল্লাফাল্লা নেই। আইপিএলে চিল্লাফাল্লা হয়।

*এত ভালো বোলিং করলেন। সাসেক্সের কোচ, অধিনায়ক, অন্য সতীর্থরা কী বললেন?

মুস্তাফিজ: খেলার আগেও তাঁরা অনেক কিছু বলেছেন। আর ভালো করলে তো সবার ভালো বলারই কথা।

*সাসেক্স অনেক দিন ধরেই আপনার অপেক্ষায় ছিল। আপনি যাওয়ার পর তাদের মনোভাব কী?

মুস্তাফিজ: সবাই অনেক খুশি। এর বাইরে আর কী বলবে?

*মাঠে যখন উইকেটগুলো পাচ্ছিলেন, ওই সময় কেমন লাগছিল?

মুস্তাফিজ: আমার সব সময় একই লাগে।

*অন্য খেলা বা আইপিএলের সঙ্গে তুলনা করলে ইংল্যান্ডের মাটিতে পাওয়া উইকেটগুলোর কোনো পার্থক্য আছে?

মুস্তাফিজ: উইকেট সবই সমান। ছোট-বড় নেই।

*প্রথম ম্যাচেই ইংলিশ কন্ডিশন জয় করে ফেললেন। সেটার কী রহস্য?

মুস্তাফিজ: সবই ওপরওয়ালার ইচ্ছা। রহস্য নেই।

*গ্যালারিতে বাংলাদেশি দর্শক কেমন ছিল?

মুস্তাফিজ: ছিল কমবেশি। গ্যালারির সব জায়গায়ই ছড়িয়ে-ছিটিয়ে ছিল।

* ইংল্যান্ডে তো অনেক বাংলাদেশি। দেশি মানুষ, দেশি খাবার সবই আছে। ভারতের তুলনায় আপনার ওখানেই ভালো থাকার কথা...

মুস্তাফিজ: হ্যাঁ, এখন পর্যন্ত ভালো আছি। বাংলাদেশি এক ভাইয়ের বাসায় থাকছি। তবে এসেই খেলার মধ্যে ঢুকে পড়েছি। এখনো খুব বেশি কারও সঙ্গে দেখা হয়নি। ম্যাচের বাইরে সময় পাইনি। আজও (গতকাল) খেলা আছে।

*টি-টোয়েন্টি, ৫০ ওভারের মিলিয়ে বাকি ম্যাচগুলোতে লক্ষ্য কী?

মুস্তাফিজ: কোনো লক্ষ্য নেই। আমাকে তো সব খেলায় নাও নিতে পারে। বুঝব কী করে আমি পরের ম্যাচটা খেলব? টি-টোয়েন্টির বাইরে ৫০ ওভারে চারটি ম্যাচ আছে। যদি সুযোগ দেয় চেষ্টা করব ভালো খেলতে।

*ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে খেলবেন, কাউন্টি দলে থাকবেন—এ রকম স্বপ্ন দেখেছিলেন কখনো?

মুস্তাফিজ: ওভাবে ভাবিনি কোনো সময়।

*আপনি তো বয়সভিত্তিক পর্যায়েও একবার ইংল্যান্ডে খেলতে গিয়েছিলেন। সেটার কোনো স্মৃতি?

মুস্তাফিজ: হ্যাঁ, ২০১২-১৩-তে সম্ভবত। অনূর্ধ্ব-১৯ দলের সঙ্গে। সেবার ১৬ দিন ইংল্যান্ডে থেকেছি। কিন্তু এক ম্যাচ খেলে ইনজুরিতে পড়ে দেশে চলে গিয়েছিলাম।

*বাড়ির কথা মনে পড়ে?

মুস্তাফিজ: বাপ-মা মানুষ করেছে। মনে তো পড়ারই কথা।