'এজিএম করা আমাদের বড় সাফল্য'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ শাহেদ রেজা
সৈয়দ শাহেদ রেজা

একটি দেশের আন্তর্জাতিক গেমসের সাফল্য-ব্যর্থতা অনেকটাই নির্ভর করে দেশটির অলিম্পিক অ্যাসোসিয়েশনের ওপর। গত পরশু আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব নির্বাচিত হয়েছেন সৈয়দ শাহেদ রেজা

l টানা দ্বিতীয় মেয়াদে বিওএর মহাসচিব হয়েছেন। পেছনে তাকালে প্রথম মেয়াদে নিজেকে কতটা সফল মনে করেন?

সৈয়দ শাহেদ রেজা: সাফল্য-ব্যর্থতার চূড়ান্ত মূল্যায়ন আপনারা করবেন। তবে আমি বলব, গত চার বছরে আমাদের সাফল্য ছিল। আমরা ক্রীড়াঙ্গনকে কিছু দিতে পেরেছি।

l দু-একটা উদাহরণ যদি দেন...

শাহেদ রেজা: ৩৯ বছর পর আমরা বিওএর এজিএম করতে সক্ষম হয়েছি। এটা আমাদের বড় সাফল্য। এর আগে কখনোই বিওএর এজিএম হয়নি। এর মাধ্যমে আমরা স্বচ্ছতা নিশ্চিত করেছি।

l এজিএম হওয়া অবশ্যই ভালো দিক। তবে সামগ্রিকভাবে বিওএ গতিশীল হয়েছে বলা কঠিন। কী বলবেন?

শাহেদ রেজা: দেখুন, গত মেয়াদে দায়িত্ব নিয়েই বাংলাদেশ গেমস করেছি। ১১ বছর ১১ মাস ১১ দিন পর ওই গেমসটা হয়েছে। তা ছাড়া ছোট ছোট দলকে পাঠিয়েছি আন্তর্জাতিক গেমসে, পদক আসা শুরু হয়েছে। এশিয়ান গেমসে আমরা পদক পেয়েছি। ইয়ুথ অলিম্পিকে পদক পেয়েছি। এগুলোও তো সাফল্য।

l কিন্তু এটাও ঠিক, ২০১০ ঘরের মাঠে এসএ গেমসে বাংলাদেশ ১৮টি সোনা জিতেছিল। ২০১৬ সালে আপনার সময়ে যেটি ৪টিতে নেমে এসেছে। এসএ গেমসকেই সাফল্য-ব্যর্থতার মানদণ্ড ধরলে এটাকে কীভাবে মূল্যায়ন করবেন?

শাহেদ রেজা: এ প্রশ্নের উত্তর আমি অনেক দিয়েছি। আগেরবার বাংলাদেশ দল খেলেছে দেশের মাটিতে। আর দেশের মাটিতে খেলার একটা সুবিধা থাকেই। কিন্তু ২০১৬ সালে ভারতে আমরা চারটি সোনা পাই। দেশের বাইরে আগের গেমসগুলোয় এর চেয়ে খুব বেশি সোনা আসেনি। সেটাও মনে রাখা উচিত। আমি বলব, ভালোই করেছি আমরা। তবে এটা ঠিক, ফেডারেশনগুলো খেলোয়াড়দের ভালোভাবে তৈরি করতে পারলে আরও সোনা আসতে পারত।

l ফেডারেশনগুলোর ওপর নজরদারিসহ ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে অলিম্পিক অ্যাসোসিয়েশনের ভূমিকা অনেক। কিন্তু বিওএ নির্বাচন নিয়ে যত উৎসাহ দেখা যায়, নির্বাচনের পর সেই উৎসাহ অনেকটাই ফিকে হয়ে যায়...

শাহেদ রেজা: না, ফিকে হবে না। দ্বিতীয়বার নির্বাচিত হয়েছি, আমার দায়িত্ব বাড়ল। অবশ্যই প্রত্যাশা অনেক বেশি। তা পূরণে কাজ করব। আমার পুরো পরিষদ জয়লাভ করেছে। তাঁদের সবাইকে নিয়ে চলব। যাঁরা নির্বাচনে আমাদের পরিষদের বাইরে ছিলেন, তাঁদের নিয়েও চলব। ক্রীড়াঙ্গনকে আমরা এগিয়ে নিতে চাই।

l কিন্তু দু-তিন বছর ধরেই শুনছি বিওএ একটা যুব গেমস করতে চায় দেশে। সেটার বাস্তব রূপায়ণ তো আমরা দেখছি না! খেলোয়াড়দের মান উন্নয়নে বিওএ আরও অনেক কিছু করতে পারত। কিন্তু সেখানেও ঘাটতি দেখেন অনেকে...

শাহেদ রেজা: খেলোয়াড়দের মান উন্নয়নে যুব গেমস নিয়ে কাজ চলছে আমাদের। এ বছরই গেমসটা করব। বাংলাদেশ গেমস নিয়েও চিন্তাভাবনা আছে। মাত্র তো নির্বাচন শেষ হয়েছে। আমরা বসব, সবকিছু আপনাদের জানাব। অলিম্পিক মুভমেন্ট নিয়ে কী করব, সেটাও জানতে পারবেন। সব ফেডারেশনের সভাপতি ও সাধারণ সম্পাদকের সঙ্গে বসার ইচ্ছা আছে আমার।