
বিসিবির বিরুদ্ধে নানা অভিযোগ জানিয়ে আসছিলেন কদিন ধরেই। মাঠ, আম্পায়ারসহ একরাশ অভিযোগ-সংবলিত একটি চিঠি গত ২৯ নভেম্বর পাঠিয়েছেন বোর্ড সভাপতিকে। কাল প্রাইম ব্যাংকের কাছে হারের পর আবার ফুঁসে উঠলেন লুৎফর রহমান। বোর্ডের বিরুদ্ধে ষড়ন্ত্রের অভিযোগ তুলে লিজেন্ডস অব রূপগঞ্জ ক্লাবের কর্ণধার হুমকি দিলেন ঢাকা প্রিমিয়ার লিগ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেওয়ার
কঠিন কোনো সিদ্ধান্ত নিচ্ছেন বলে গুঞ্জন শোনা যাচ্ছে...
লুৎফর রহমান: আমি আমার কমিটির সঙ্গে কথা বলছি। হয়তো বা দল প্রত্যাহার করে নিতে পারি লিগ থেকে। এই বোর্ডের বিরুদ্ধে লড়াই করে তো লাভ নেই, আমি একা। এটিই তাই আমার প্রতিবাদ। আর এরা তো সব চোরচোট্টা। আমি মনে করি সব কটাই চোর। ইচ্ছে করে এই আম্পায়ারদের দেওয়া হচ্ছে আমাদের ম্যাচে ও আবাহনীর ম্যাচে। গত বছর থেকে যদি দেখেন, আবাহনীর রেলিগেশন ম্যাচে এই আম্পায়ার ছিল। আবাহনীর ম্যাচে ও আমাদের ম্যাচে এই দুই আম্পায়ারকে দেওয়া হয়। একটা মিশন নিয়ে পাঠানো হয়েছে এঁদের।
নির্দিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ আছে?
লুৎফর: বোর্ড প্রেসিডেন্ট যতই বড় বড় কথা বলুন, উনি নিজে এই ম্যানিপুলেশনের সঙ্গে জড়িত। ওনার যে একটা কর্মচারী আছে, মল্লিক (বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক), তাকে দিয়ে সব করানো হয়। সেই নিজে সব হ্যান্ডেল করে, ফিকশ্চার থেকে শুরু করে মাঠ, আম্পায়ার, বোর্ডের সবকিছু সে করে। আর এখানে একজন আছে, সুজন (খালেদ মাহমুদ), আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের কলঙ্ক সে। বাংলাদেশ ক্রিকেটের সব পদে আছে সে—বোর্ড পরিচালক, ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান, এক দলের কোচ, আরেক দলের ম্যানেজার...শুধু রুস্তমের (বিসিবির অফিস সহকারী) পদেই সে নাই। তো এদের কাছ থেকে কী আর আশা করা যায়!
এসব কি মুহূর্তের উত্তেজনায় আবেগতাড়িত কথা, নাকি আসলেই দল প্রত্যাহারের কথা ভাবছেন?
লুৎফর: মোটেও উত্তেজিত হয়ে বলছি না। সব সময় বলে আসছি। দেখুন, আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি। এতগুলো টাকা খরচ করছি ক্রিকেট খেলার জন্য। এখন যদি বোর্ড মনে করে ক্রিকেটের জন্য আমার মতো লোক দরকার নেই, সেটা বোর্ডের ব্যাপার। আমার ক্লাবকে নিচে নামিয়ে দিতে চাইলে দেবে। কিন্তু আমি কঠিন সিদ্ধান্ত নেব প্রয়োজনে।
বিসিবি-প্রধান কাল সব অভিযোগ উড়িয়ে দিয়েছেন...
লুৎফর: বোর্ড প্রেসিডেন্ট কালকে বললেন, ‘আমি কিছু জানি না।’ পুরো ভুল কথা। তিনি সব জানেন। তাঁর কথা ছাড়া, তাঁর অফিসের মল্লিকের ইশারা ছাড়া একটা আম্পায়ার কোথাও মুভ করতে পারে না। আপনারা জানেন, সেদিন আমাদের ম্যাচে আম্পায়ার ছিল গাজী সোহেল। আবাহনী ওই ম্যাচে হেরেছে, এখন আর তাকে আম্পায়ারিং দেবে না। তাকে সাসপেন্ড করা হয়েছে। তাহলে বুঝুন! আমি তো রেফারেন্স ছাড়া কোনো কথা বলছি না! আপনারা দেখেন, আজকে লিগের টপ দুই দলের খেলা, অথচ কোন দুজন আম্পায়ার দেওয়া হয়েছে? আমাদের আন্তর্জাতিক আম্পায়ার আছেন, তাঁদের না হোক অন্তত ‘এ’ গ্রেড আম্পায়ার আছেন। এমন একটা ম্যাচে তাঁদের কাউকে দেওয়া হলো না দায়িত্ব!
এখন আপনি আর কী করতে চান?
লুৎফর: এভাবে চললে দেশের ক্রিকেটের উন্নতি কীভাবে হবে? বোর্ড প্রেসিডেন্ট নিজে বেক্সিমকোর চাকুরে। আরেকজন আছে মল্লিক, সে তো আরও নিচের পোস্টে চাকরি করে। সিম্পলি চাকর সে! চাকর-বাকরদের দিয়ে ক্রিকেট চালালে দেশের ক্রিকেটের উন্নতি হবে কীভাবে? আমি এখানে ক্রিকেট খেলতে এসেছি। কিন্তু আমার সঙ্গে নোংরামি করলে আমিও নোংরামি করতে পারি।