'...এর চেয়ে বেশি চাওয়ার নেই'

২০০৩ সালে রানার্সআপ ভারতের অধিনায়ক। এই বিশ্বকাপেও ছিলেন ধারাভাষ্যকার হিসেবে। কাছ থেকে দেখেছেন অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হয়ে যাওয়া মহাযজ্ঞ। ২০১৫ সালের বিশ্বকাপ নিয়ে সৌরভ গাঙ্গুলী কথা বলেছেন দ্য টেলিগ্রাফ-এর সঙ্গে
সদ্য শেষ হওয়া বিশ্বকাপ নিয়ে...
সৌরভ: দিনের শেষে যোগ্য দলই জিতেছে। অস্ট্রেলিয়ার প্রাপ্য ছিল এ জয়। আগেও বলছি, শ্রেয়তর দল ভালো খেলেই বিশ্বকাপ নিয়েছে।
মাইকেল ক্লার্কের ফিলিপ হিউজকে জয় উৎসর্গ করা...
সৌরভ: আমার কাছে অনন্য মনে হয়েছে। ক্লার্ক এর চেয়ে ভালো কিছু করতে পারত না। অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা একে অপরকে যে কতখানি সম্মান করে, এটিই আরেকবার দেখা গেল। এমন সম্মান সব দলেই থাকা উচিত।
বিশ্বকাপের এক নম্বর অধিনায়ক...
সৌরভ: মাইকেল ক্লার্ক। আক্রমণাত্মক, কৌশলেও অন্যদের চেয়ে এগিয়ে। (ফাইনালে) টস হারার পর সে যে আক্রমণাত্মক মানসিকতা নিয়ে এগিয়েছে, সেটিই পার্থক্য গড়ে দিয়েছে। অবশ্য অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণও অসাধারণ।
ব্রেন্ডন ম্যাককালাম কেন নয়...
সৌরভ: আমি মানছি, ম্যাককালাম বিশ্বকাপজুড়েই অসাধারণ ছিল। তবে ফাইনালে কে জিতল আর কে হারল, এমন অধিনায়কের মধ্যে বেছে নিতে বললে আমি জয়ী অধিনায়ককেই বেছে নেব। সে কারণেই ক্লার্ক।
ম্যাককালাম আইসিসির বিশ্বকাপের সেরা দলের অধিনায়ক...
সৌরভ: আমার তাতে সমস্যা নেই। যেমন বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে ক্লার্ক কোনো জায়গা পাবে না।
আইসিসির এই দল সম্পর্কে...
সৌরভ: আমি তিনটি পরিবর্তন করতাম। কোরি অ্যান্ডারসনের বদলে জেমস ফকনার, ড্যানিয়েল ভেট্টোরির জায়গায় ইমরান তাহির, আর মরনে মরকেলের বদলে মোহাম্মদ শামি।
বিশ্বকাপের সেরা ব্যাটসম্যান...
সৌরভ: স্টিভ স্মিথ। সেমিফাইনাল ও ফাইনাল—দুই জায়গাতেই ভালো করেছে। আরেকজন এবি ডি ভিলিয়ার্স। আরও প্রতিদ্বন্দ্বী আছে, তবে আমি এ দুজনকেই বেছে নেব।
সেরা বোলার...
সৌরভ: মিচেল স্টার্ক ও ট্রেন্ট বোল্ট। বোল্ট তো টুর্নামেন্টজুড়েই অসাধারণ ছিল।
অনেক দিন মনে রাখার মতো স্মৃতি...
সৌরভ: স্মৃতি...নিউজিল্যান্ডের খেলোয়াড়েরা ইডেন পার্কে যেভাবে সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার সঙ্গে জয় উদ্যাপন করল। অল্পের জন্য হেরে দক্ষিণ আফ্রিকানদের আবেগাপ্লুত প্রতিক্রিয়া। এ আবেগ খুব শিগগিরই ভোলা যাবে না।
৫০ ওভারের ক্রিকেটের ভবিষ্যৎ...
সৌরভ: ২০১৫ সালের বিশ্বকাপের পর ওয়ানডে ক্রিকেট নিয়ে কারও সংশয় থাকা উচিত নয়। এ টুর্নামেন্টে ভালো মানের খেলা হয়েছে, দর্শক টেনেছে। একবার ভাবুন, শুধু ফাইনালেই ৯৩ হাজার দর্শক! আয়োজনও ছিল অসাধারণ। ক্রিকেটপ্রেমী বা ক্রিকেটনিন্দুক—এর বেশি কিই-বা চাইতে পারে?