
কাতারে ৩-৭ ডিসেম্বর হয়ে গেল বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নশিপ। এ ধরনের প্রতিযোগিতা বাংলাদেশের সাঁতারুদের জন্য অভিজ্ঞতা অর্জনেরই মঞ্চ। পরশু দেশে ফিরে সেই অভিজ্ঞতাই জানালেন ২০০৬ কলম্বো এস এ গেমসে সোনাজয়ী শাহজাহান আলী (রনি)
কাতার সফরটা কেমন হলো?
শাহজাহান আলী: মোটামুটি ভালোই বলব। আসলে বিশ্ব সাঁতার চ্যাম্পিয়নিশপের মতো প্রতিযোগিতায় আমরা তো আর পদক জিততে যাইনি। বরাবরের মতো লক্ষ্য ছিল, নিজেদের সেরা টাইমিং করা। সেটি আমরা তিনজনই করতে পেরেছি। সে দিক থেকে সফরটা ভালোই কটেছে।
কার টাইমিং কত ছিল?
শাহজাহান: ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে আমার টাইমিং ৩০.৮৫ সেকেন্ড। এই ইভেন্টে আমার সেরা ৩০.৬৩, এটিতেই আমি কলম্বো সাফে সোনা জিতেছিলাম। ৫০ মিটার বাটারফ্লাইয়ে অনিক ইসলাম এবার ওর সেরা টাইমিং করেছে, ২৫.৬৬। আগের সেরা ২৬.২৬। এই ইভেন্টেই সোনিয়া আক্তারও সেরা টাইমিং করেছে। আগে ছিল ৩৩.০০। কাতারে ৩২.১০।
তাহলে তো আপনারা লক্ষ্য পূরণ করেই ফিরছেন বিশ্ব চ্যাম্পিয়নশিপ থেকে...
শাহজাহান: সামর্থ্য অনুযায়ী আমরা চেষ্টা করেছি। আমি ১১৫ জনে ৭৭তম, অনিক ১৪৫ জনে ৮১। সোনিয়ার অবস্থানটা ঠিক মনে করতে পারছি না। আমাদের আসলে আরও ভালো করার ক্ষমতা আছে। এই আত্মবিশ্বাসটা আমরা পেয়েছি বিশ্ব চ্যাম্পিয়নশিপে।
এমনিতে এ ধরনের প্রতিযোগিতায় গেলে অনেক অভিজ্ঞতা হয়। আপনার অভিজ্ঞতা কেমন?
শাহজাহান: অনেক কিছু কাছ থেকে দেখেছি। বড় বড় সাঁতারু কীভাবে অনুশীলন করেন, প্রতিযোগিতায় নামার আগে কী করেন, কীভাবে কম্পিটিশন করেন, এসব দেখারও তো অনেক বড় ব্যাপার। তাঁদের কাছ থেকে দেখে বুঝেছি, আমাদের অনেক দূর যেতে হবে।
আধুনিক সাঁতার সম্পর্কেও তো নিশ্চয়ই ধারণা হয়েছে?
শাহজাহান: তা তো হয়েছে। যেমন আমরা সাধারণত পানিতেই ৮০-৯০ ভাগ অনুশীলন করি। মানে একজন সাঁতারুকে ফিট থাকতে যা যা করণীয়, সেটা মূলত আমরা পানিতেই সেরে নিই। কিন্তু এখন অর্ধেক ফিটনেস অনুশীলনই করতে হবে ওপরে। মানে অর্ধেক পানি, অর্ধেক পানির ওপরে। এগুলো আমরা আগে জানতাম না। অনেক কিছুই শিখে এলাম। এসব নিয়ে আরও অনেক টেকনিক শেখার আছে আমাদের।
বড় কোনো সাঁতারুর সঙ্গে কথা হয়েছে?
শাহজাহান: ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে অলিম্পিক চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকার ভ্যানডন ক্যামেরন এসেছিলেন। তিনি ৫০ মিটারে সোনা পেয়েছেন কাতারে। ১০০ মিটারে অবশ্য সোনা জিততে পারেননি, ব্রাজিলের এক সাঁতারু তাঁকে হারিয়ে দিয়েছেন। ইচ্ছে ছিল, ক্যামেরনের সঙ্গে একটু কথা বলব, কিন্তু সেই সুযোগ মিলল না।
অন্য কারও সঙ্গে?
শাহজাহান: অনেকের সঙ্গেই হয়েছে। জিম্বাবুয়ের সাঁতারুদের কথা বলতে পারি। ওরা অনেকটা আমাদের মতোই, সামান্য একটু এগিয়ে। আমি যেমন ৫০ মিটার ব্রেস্টস্ট্রোক ৩০ সেকেন্ডে করি, ওরা হয়তো ২৯। ওরা বলল, সুযোগসুবিধা তেমন পাচ্ছে না। তাই থমকে আছে এক জায়গায়।
বাংলাদেশও তো এক জায়গায় দাঁড়িয়ে। এগোনোর পথ কী?
শাহজাহান: পথ একটাই, আমাদের কঠোর ও কার্যকর অনুশীলন করতে হবে। এর কোনো বিকল্প নেই। আমরা তো সেভাবে লম্বা সময়ের জন্য আধুনিক ট্রেনিং পাই না। এটা পেতেই হবে। এবার বিশ্ব চ্যাম্পিয়নশিপে যাওয়ার আগে এক মাস অনুশীলন হয়েছে বিকেএসপিতে, তাই আমাদের টাইমিংও ভালোই হয়েছে কাতারে।