
কাতারে ভিন্ন দুটি প্রতিযোগিতায় বাংলাদেশের তিনজন নারী ভারোত্তোলক অংশ নিয়ে তিনজনই পদক জিতেছেন। তাঁদেরই একজন জহুরা আক্তার (রেশমা) এর আগেও পেয়েছেন দুটি আন্তর্জাতিক পদক। কাল দেশে ফেরার পর এসব নিয়েই কথা বললেন কুমিল্লার মেয়ে
আপনারা তো তিনজনই পদক নিয়ে ফিরলেন। এই সাফল্যের রহস্য কী?
জহুরা আক্তার: আসলে আমরা সারা বছরই ট্রেনিং করি। তার জন্যই দেশের বাইরে আমাদের রেজাল্ট ভালো। কাতারে এশিয়ান জুনিয়র ও ইয়ুথে ৩৬টি দেশের মধ্যে বাংলাদেশ পঞ্চম হয়েছে। অনেক ভালো করেছি আমরা। এটা আমাদের ভারোত্তোলনের জন্য বড় একটা অনুপ্রেরণা।
প্রতিযোগিতার মানটা কেমন ছিল?
জহুরা: মান অনেক ভালো। আগের চেয়ে অনেক বেশি খেলোয়াড় এসেছে। কাতার ওপেনে মোল্লা সাবিরা সুলতানা আপা আটজনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হয়েছেন। তিনি অনেক অভিজ্ঞ, ভারও তুলেছেন স্বাভাবিকের চেয়ে বেশি। এশিয়ান জুনিয়র ও ইয়ুথে ৬৩ কেজিতে মাবিয়া আক্তার ব্রোঞ্জ জিতেছেন পাঁচজনের সঙ্গে খেলে। একই প্রতিযোগিতায় ৪৪ কেজি বিভাগে আমিও পাঁচজনের সঙ্গে খেলে দ্বিতীয়। আমাদের পদক জেতাও সহজ ছিল না।
আপনার বিভাগে প্রতিযোগী কারা ছিলেন?
জহুরা: আমার বিভাগে ভারত প্রথম, ইরাকের একজন প্রতিযোগী তৃতীয় হয়েছে। ইরাকের আরেকজন ছিল, চীনা তাইপের একজন।
মোল্লা সাবিরা, তারপর ফাহিমা আক্তার ময়না। এখন আপনারা। ভারোত্তোলনে তাহলে একটা পথরেখা তৈরি হয়েছে বলা যায়?
জহুরা: হ্যাঁ, সেটাবলা যায়। সাবিরা আপাকে দেখেই এই খেলায় এসেছি। তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি। এটা অনেক কাজে এসেছে। এখন আমরা বিদেশে গিয়ে পদক জেতায় মেয়েরা উৎসাহী হবে ভারোত্তোলনে। সামনে আরও মেয়ে আসবে আশা করি।
এই যে বাংলাদেশের মেয়েরা বিদেশে গিয়ে পদক জিতেছেন, কী মনে হয়, কত দূর যাওয়া সম্ভব?
জহুরা: ভালোট্রেনিং পেলে আরও অনেক দূর যাওয়া সম্ভব। আমি প্রথম দিকে ২৫-৩০ কেজি ওজন তুলতাম, ট্রেনিংয়ের মাধ্যমে অনেক উন্নতি করে এখন তুলি ১১৪-১১৫ কেজি। ভালো ট্রেনিং হলে এটা আরও বাড়বে। ট্রেনিংয়ের বিকল্প নেই। ওটা চালিয়ে যেতেই হবে।
আপনাদের দেখে অন্য দেশের মেয়েরা কী বলল?
জহুরা: অন্য দেশের মেয়েরা একটু অবাকই। এত কম সুযোগ-সুবিধার মধ্যেও আমরা ভালো করছি দেখে ওরা অনেক উৎসাহ দেয়। একজন আমাকে বলেছে, তোমরা ট্রেনিংটা চালিয়ে যাও। তাহলে ফল আরও ভালো হবে। ওরা উন্নতমানের প্রশিক্ষণ পায়। তার পরও আমরা পিছিয়ে নেই। সবচেয়ে বড় কথা, আমাদের মধ্যে আগ্রহ আছে। এটাকে কাজে লাগাতে পারলে আরও ওপরে ওঠা সম্ভব মনে করি।
আপনি নিজে ভারোত্তোলনে কীভাবে এলেন?
জহুরা: আমাকে এই অঙ্গনে এনেছেন বক্সিং কোচ শাহাদাত হোসেন স্যার। খিলগাঁওয়ে ওনার বাড়িতে আমরা ভাড়া থাকতাম। উনি একদিন এনএসসির জিমনেসিয়ামে নিয়ে এলেন, সেখানে ট্রেনিং করালেন কাজল স্যার। এভাবেই শুরু।
তারপর?
জহুরা: ২০১১ সালেকমনওয়েলথ চ্যাম্পিয়নশিপে রুপা জিতেছি। এটা আমার প্রথম আন্তর্জাতিক পদক। ২০১৩ সালে ব্রোঞ্জ জিতেছি এশিয়ান ইয়ুথে। এবার আরেকটি পদক। প্রথম দিকে খেলাটা অনেক কঠিন লাগত। ভার তুলতে গেলে পড়ে যেত। এখন এত কঠিন লাগে না। টেকনিক শিখে গেছি...হা...হা...হা।