'অনেকে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করিম বেনজেমা
করিম বেনজেমা

ক্যারিয়ারে এর চেয়ে বাজে সময় হয়তো আর কখনো আসেনি। চোট আর ফর্মের সঙ্গে যুঝছেন করিম বেনজেমা। সঙ্গে যোগ হয়েছে ব্যক্তিগত ঝামেলা। জাতীয় দলের সতীর্থ ম্যাথু ভালবুয়েনা ও তাঁর বান্ধবীর অন্তরঙ্গ মুহূর্তের মুঠোফোনে ধারণকৃত ভিডিওর ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগ ঝুলছে তাঁর মাথার ওপর। হতে পারেন জাতীয় দল থেকে নিষিদ্ধও। ফ্রেঞ্চ স্ট্রাইকার স্প্যানিশ দৈনিক এএস-এর সঙ্গে খোলাখুলি কথা বলেছেন সব বিতর্ক নিয়েই
: আপনি কি আবার ফ্রান্সের হয়ে খেলবেন?
করিম বেনজেমা: অবশ্যই। ওটাই তো আমার লক্ষ্য। আমি সব সময়ই চেয়েছি ফ্রান্সের হয়ে খেলতে, জাতীয় দলের জার্সিটা পরতে...
: ম্যাথু ভালবুয়েনার সঙ্গেও খেলবেন?
বেনজেমা: অবশ্যই। আমি তো সেটাই চাই এবং আমার মনে হয় যারা ফুটবল ভালোবাসে তারাও সেটাই চায়। ম্যাথু খুবই ভালো খেলোয়াড়। ওকে ফ্রান্সের দরকার। আবার ফ্রান্সের আমাকেও দরকার। ওর প্রতি আমার কোনো ক্ষোভ নেই।
: ইউরো ২০১৬ থেকে বাদ পড়ে যেতে পারেন—এটা নিয়ে কি উদ্বিগ্ন?
বেনজেমা: না, আমি উদ্বিগ্ন নই, কারণ জীবনে উদ্বিগ্ন হওয়ার মতো আরও অনেক কিছু আছে। ইউরো একটা বড় ব্যাপার এবং অন্য অনেক খেলোয়াড়ের মতো আমিও সেখানে খেলার স্বপ্ন দেখি। আর এবার তো এটা ফ্রান্সেই হবে, ফলে আরও ভালো হয়েছে। আমি উদ্বিগ্ন নই, আশা করছি সবকিছু দ্রুত মিটে যাবে এবং আমি ইউরোতে খেলতে পারব।
: আপনি কি কোচ দিদিয়ের দেশমের সঙ্গে কথা বলেছেন?
বেনজেমা: হ্যাঁ, তিনি সর্বশেষ দল দেওয়ার পর আমি তাঁকে মেসেজ দিয়েছিলাম। আমাদের কিছু কথা হয়েছে। তিনি আমার পাশে আছেন এবং আমাকে সমর্থন করেন। আমি তাঁর সঙ্গে অনেক কথা বলি। আমার পরিবারও আমার পাশে আছে। সাবেক খেলোয়াড়, বর্তমান দলের সবাই আছে আমার পাশে।
: এল ক্লাসিকো শুরুর আগে প্যারিসে সন্ত্রাসী আক্রমণে হতাহতদের স্মরণে ফ্রান্সের জাতীয় সংগীত গাওয়ার সময় আপনি থুতু ফেলেছেন বলে যে বিতর্ক, সেটি নিয়ে কী বলবেন?
বেনজেমা: এটা খুবই দুঃখজনক এবং হাস্যকর যে মানুষ এমন গল্পও বানাতে পারে। জাতীয় সংগীত গাওয়ার সময় আমি সন্ত্রাসী আক্রমণে ক্ষতিগ্রস্তদের কথা ভাবছিলাম। তাদের পরিবার, এমনকি আমার নিজের কথা, ফুটবলের কথা ভাবছিলাম। সত্যি বলতে, আমি জাতীয় সংগীতের পরে এবং ম্যাচ শুরুর আগে থুতু ফেলেছি, যেটা আমি প্রতি ম্যাচের আগেই করি। অন্য অনেক খেলোয়াড়ও করেন। কিন্তু কোনো অবস্থাতেই জাতীয় সংগীতকে অসম্মান করার কথা বা এ রকম কিছু আমার মনে আসেনি। খুবই হতাশাজনক যে মানুষের সামনে আমাকে এমন একজন হিসেবে তুলে ধরা হচ্ছে যে জাতীয় সংগীতকে সম্মান করে না, সন্ত্রাসী আক্রমণে ক্ষতিগ্রস্তদের সম্মান করে না। এটা আমাকে খুব পীড়া দেয়।
: কিন্তু জাতীয় সংগীত না গাওয়ার জন্য তো আগেও আপনার সমালোচনা হয়েছে?
বেনজেমা: গাওয়া না-গাওয়ার কথা আমি ভাবি না। আমি ফ্রান্সের হয়ে খেলছি বলে গর্বিত। জাতীয় দল নিয়ে আমার অনেক স্মৃতি, যেমন ১৯৯৮ বিশ্বকাপে দলকে টেলিভিশনে খেলতে দেখা। আমিও ভাবি যে, এখনকার ছেলেরা আমাকে টেলিভিশনে খেলতে দেখছে। ফ্রান্স আমার হৃদয়ে। কিন্তু মাঝে মাঝে এসব বিতর্ক অনেক বেশি দূর চলে যায় এবং ভার হয়ে চেপে বসে।
: যদি জাতীয় সংগীত গাওয়া বাধ্যতামূলক হতো, তাহলে কি আপনি গাইতেন?
বেনজেমা: হ্যাঁ, অবশ্যই। আমি সব সময় নিয়মকে শ্রদ্ধা করি এবং এটা কখনো বদলাবে না।
: মানুষ যখন ফ্রান্সের প্রতি আপনার ভালোবাসা নিয়ে প্রশ্ন তোলে তখন কেমন লাগে?
বেনজেমা: যদি ফ্রান্সের হয়ে খেলতে ভালো না লাগত তাহলে তো আমি দেশের হয়ে ৮১টি ম্যাচ খেলতাম না। দেখুন, আমি পাগল নই। আমি অনেক দিন ধরে দলে আছি এবং দেশের হয়ে আসলেই একটা টুর্নামেন্ট জিততে চাই।
: এই ভালবুয়েনা-বিতর্কটা কি আপনার ক্যারিয়ারের ক্ষতি করতে পারে বলে মনে করেন?
বেনজেমা: আমি রিয়াল মাদ্রিদের হয়ে ৭ বছর ধরে খেলছি, সমান সময় হয়েছে ফ্রান্স দলেও। আজ যেখানে এসেছি সেখানে আসার জন্য আমাকে অনেক লড়াই করতে হয়েছে এবং আমি এই লড়াই চালিয়ে যাব। অনেকে আমার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কিন্তু আমি এসব পাত্তা দিই না। আমি এখন যেমন আছি, সে রকম মানুষই থাকব।
: এত যে সব গল্প বের হচ্ছে, সেগুলো কীভাবে নিচ্ছেন?
বেনজেমা: আমি ঠিক আছি। আমার একটা বাচ্চা আছে, সে বড় হচ্ছে। ও আমার সঙ্গে অনেক কথা বলে, আমাকে হাসায়। আমি অনেক পরিশ্রম করি এবং একটা দারুণ ক্লাবে খেলছি। কথায় আছে না, মেঘের আড়ালে সূর্য হাসে। আমি তাই শান্ত ও নিরুদ্বিগ্নই আছি।