'অন্য জেলার জার্সিতে আনন্দ কম'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুষ্কর খীসা মিমো
পুষ্কর খীসা মিমো

জাতীয় হকিতে কখনোই দল গড়ে না রাঙামাটি। তাই অন্য দলে খেলার সুযোগ নিতে হয় তাঁকে। গতবার ছিলেন টাঙ্গাইলে। কাল জাতীয় হকিতে চ্যাম্পিয়ন ফরিদপুরের আনন্দের মধ্যমণি হয়ে রইলেন পুষ্কর খীসা মিমো। সেই উচ্ছ্বাসের মধ্যেও আক্ষেপের সুর বেজে উঠল জাতীয় দলের এই স্ট্রাইকারের কণ্ঠে
. শুনলাম, জ্বর নিয়েই খেলেছেন...
পুষ্কর খীসা মিমো: এক সপ্তাহ ধরেই হালকা জ্বরে ভুগছি। আজও জ্বর নিয়েই খেলেছি। তবে একবার মাঠে নেমে গেলে জ্বরের কথা মনেই থাকে না।
. বল আর স্টিকের দারুণ কাজ দেখিয়ে গোল করলেন ফাইনালে। মনে হচ্ছে এ নিয়ে অনুশীলন করেছেন আলাদাভাবে...
পুষ্কর: নিজেকে ফিরে পেতে অনেক কষ্ট করেছি। একাই অনুশীলন করেছি। জাতীয় হকিতে গ্রুপ পর্বে এই নৌবাহিনীর সঙ্গেই হ্যাটট্রিক করেছিলাম। ওই দিন ৩-১-এ জিতেছিলাম আমরা। আজও আত্মবিশ্বাসী ছিলাম আমরাই জিতব।
. জাতীয় হকিতে ফরিদপুর মানেই বিশেষ কিছু। এবার কাছ থেকে সেই ফরিদপুর দলটাকে কেমন দেখলেন?
পুষ্কর: ফরিদপুর অনেক শক্তিশালী দল। তবে ফাইনালের প্রতিপক্ষ নৌবাহিনীও অনেক শক্তিশালী। পার্থক্যটা গড়েছেন আসলে আমাদের কোচ হারুন ভাই (জাতীয় দলের সাবেক কোচ মাহবুব হারুন)। এটাই আমাদের বড় শক্তির জায়গা। জুনিয়র-সিনিয়র মিলে আমরাও ব্যালান্সড একটা দল। কিন্তু তার পরও ফাইনাল ম্যাচটা ছিল ফিফটি-ফিফটি।
. তার পরও মনে হচ্ছিল আপনারা হেরেও যেতে পারেন...
পুষ্কর: ওরা যখন পেনাল্টি কর্নার পেয়েছে তখনই শুধু আমার মনে একটু ভয় লাগছিল। কারণ চয়ন ভাই-জিমি ভাই পিসি স্পেশালিস্ট। গোল হলেও হতে পারত যখন-তখন। কিন্তু বাকি সময় তেমন কিছুই মনে হয়নি। আর দ্বিতীয় গোলটি হওয়ার পর তো কোনো ভয়ই ছিল না।
. ফরিদপুরের হয়ে কি এবার প্রথম খেলেছেন?
পুষ্কর: এবারই প্রথম এবং ফরিদপুরকে চ্যাম্পিয়ন করতে পেরেছি বলে খুবই ভালো লাগছে। এই আনন্দ বলে বোঝাতে পারব না।
. ফরিদপুরে খেলছে অন্য জেলার খেলোয়াড়। আবার নৌবাহিনীতে ফরিদপুরের খেলোয়াড়। এমন গোলমেলে ব্যাপারকে কীভাবে দেখছেন?
পুষ্কর: আমার জেলা রাঙামাটি জাতীয় চ্যাম্পিয়নশিপে দল গড়ে না। তাই চাইলেই যেকোনো জেলায় খেলতে পারি। কিন্তু মাঝেমধ্যে খুবই খারাপ লাগে অন্য জেলার জার্সি পরতে। অন্য জেলার জার্সিতে আনন্দ কম। নিজের জেলার হয়ে খেলতে পারি না, আনন্দ করতে পারি না, সেই আক্ষেপ থাকেই। আসলে জাতীয় চ্যাম্পিয়নশিপে খেলার মতো খেলোয়াড়ই নেই আমাদের। এটা জেলা ক্রীড়া সংস্থার ব্যর্থতা। কারণ ওরা যদি না চায় তাহলে দল হবে কীভাবে?
. প্রথমবারের মতো ঘরের মাঠে নীল টার্ফে খেললেন। সবুজ ও নীল টার্ফের মধ্যে পার্থক্য কোথায়?
পুষ্কর: দুই টার্ফের মধ্যে বড় পার্থক্য হলো নীল টার্ফে বলটা একটু চোখে লাগে। সবুজ টার্ফে সেটা কম। এখানে নীল টার্ফে হলুদ বলেই খেলার নিয়ম। কিন্তু ফেডারেশন সাদা বলে খেলিয়েছে। তার পরও নীল টার্ফে খেলেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি।
. সামনেই তো দলবদল...
পুষ্কর: দলবদলের জন্যই অপেক্ষা করছি। কিন্তু সমস্যা একটাই, কবে লিগ শুরু হবে জানি না। এটা নিয়ে খুবই দুশ্চিন্তায় আছি। আশায় ছিলাম, ২৬-২৮ এপ্রিল দলবদল হয়ে যাবে। কিন্তু সেই তারিখও পেছাচ্ছে। এভাবে বারবার দলবদল পেছালে আমাদেরই ক্ষতি। আসলে আমাদের কথা কেউ ভাবে না।