'অবজ্ঞাই আমাকে শক্তি দিয়েছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

মনের মধ্যে পুষে রাখা জেদ কাউকে কত দূর এগিয়ে নিতে পারে, মাহফুজা খাতুন (শিলা) সেটি দেখালেন। ফেডারেশনের অবহেলা-বঞ্চনাকে শক্তির আধার বানিয়ে সবাইকে চমকে দিয়ে এসএ গেমসে জোড়া সোনা জিতলেন যশোরের মেয়ে। দারুণ এক আদর্শ হয়ে দাঁড়ালেন বাংলাদেশের অগুনতি নারীর সামনে। বদলে যাওয়া জীবনে এখন ব্যস্ততার শেষ নেই। ব্যস্ততার এক ফাঁকেই কাল বিকেলে মিরপুর সাঁতার কমপ্লেক্সে বসে ফিরে তাকালেন পেছনের দিনগুলোয়—

একটু আগে পাওয়া ফুলের তোড়াটা হাতে নিয়ে দাঁড়ালেন মিরপুর সাঁতারপুলের পাশে। গলায় এসএ গেমসে জেতা সোনার পদক দুটিও। হাস্যোজ্জ্বল মাহফুজা খাতুনের কাছে কালকের বিকেলটা হয়ে থাকল অন্য রকম  l শামসুল হক
একটু আগে পাওয়া ফুলের তোড়াটা হাতে নিয়ে দাঁড়ালেন মিরপুর সাঁতারপুলের পাশে। গলায় এসএ গেমসে জেতা সোনার পদক দুটিও। হাস্যোজ্জ্বল মাহফুজা খাতুনের কাছে কালকের বিকেলটা হয়ে থাকল অন্য রকম l শামসুল হক

* খুব ব্যস্ত সময় কাটছে এখন আপনার। যখন এই সাঁতারপুলে প্রথম এসেছিলেন কেউ চিনত না। অথচ কী জাদুবলে সব বদলে গেল! রাতারাতি হয়ে গেলেন তারকা। কেমন লাগছে?
মাহফুজা খাতুন: (হাসি) ভালো লাগছে। চারপাশে তাকিয়ে দেখি আমার পৃথিবীটা এখন অন্য রকম। দেখছেন তো, আপনাকেও সময় দিতে পারছি না। একটা টিভিতে লাইভ প্রোগ্রাম আছে। ওরা অনেকক্ষণ ধরে ফোন করছে। তবে দিন শেষে বলব, আমি যেমন ছিলাম তেমনই থাকতে চাই।
*কিন্তু আপনি যেভাবে নিজের ভেতরের ক্ষোভ উগরে দিয়ে সোনা আনলেন, তারপর তো আপনাকে নিয়ে সবার উচ্ছ্বাসটা একটু বেশিই হওয়ার কথা...
মাহফুজা: হ্যাঁ,সেটা হতেই পারে। গতকাল যেমন একটা রেডিও প্রোগ্রাম, তার আগে একটা টিভির অনুষ্ঠানেও মজা হয়েছে। কাছের মানুষদের হয়তো সময় দিতে পারছি না। তবে আমাকে নিয়ে সবার এত আগ্রহ দেখে উপভোগই করছি বেশি। খারাপ লাগাটা কম।

*সোনা জয়ের পর বিজয়মঞ্চে দাঁড়িয়েই বলেছিলেন আপনি চরম অবহেলার শিকার। ওই কথাটা কি এ মুহূর্তেও মনে আসছে?

মাহফুজা: যেমানুষগুলোর কারণে অবহেলিত ছিলাম, তাঁদের কথা কখনোই ভুলব না। অবশ্য যতটা দায়ভার ফেডারেশনকে দিয়েছিলাম ততটা দেওয়া ঠিক হয়নি। কিছু কিছু কর্মকর্তা এই কাজগুলো করেছেন। ফেডারেশন সেক্রেটারি নন-টেকনিক্যাল মানুষ, তাঁকে বুদ্ধি-পরামর্শ দিয়ে ভুল বুঝিয়েছেন অন্যরা। তাঁদের প্রতিই আমার ক্ষোভ। আমাকে বিদেশে খেলতে পাঠানো হয়নি, কোনো প্রশিক্ষণেও নয়। আশা করছি, সেক্রেটারি সাহেব এখন থেকে বুঝেশুনে সিদ্ধান্ত নেবেন।

*এই যে আপনাকে কোথাও পাঠানো হতো না, ঠিক ওই সময় আপনার মনের অবস্থা কেমন ছিল?

মাহফুজা: খুবই খারাপলাগত। অনেক সময় ঘুমাতে পারতাম না ঠিকমতো। দক্ষিণ এশিয়ান রেকর্ড তো শুধু এবারই করিনি, ২০১৪ সালে জাতীয় প্রতিযোগিতায়ও রেকর্ড করেছি। তবু প্রাপ্যটা পাইনি। বয়স হয়ে গেছে, ভারী হয়ে গেছি ইত্যাদি খোঁচা মারা কথা শুনতাম। দুঃখে খেলাটাই ছেড়ে দিয়েছিলাম অনেকটা। নৌবাহিনী আমার পাশে ছিল বলে হয়তো আমি শিলা টিকে আছি।

* আপনার ভেতরকার বারুদটা একদিন জ্বলে উঠবে সত্যিই ভেবেছিলেন?

মাহফুজা:বিশ্বাস আমার ছিলই। অবজ্ঞাই আমাকে শক্তি দিয়েছে। নাজমা-সাগর অলিম্পিকের ট্রেনিংয়ের জন্য নির্বাচিত হয়েছে দেখে কষ্ট বেড়েছে। নিজেকে বলেছি, আমি কি এতই অপাঙ্‌ক্তেয়! একজন খেলোয়াড়ের স্বপ্ন থাকে অলিম্পিক। অথচ রেকর্ড গড়া টাইমিং নিয়েও আমি বিবেচনায় আসিনি। কোনো ট্যুরই না পেয়ে নৌবাহিনীকে জানিয়ে দিই, তাদের হয়েই শুধু খেলব। ন্যাশনাল টিমে নয়। এই এসএ গেমসের ক্যাম্পের প্রথম দিকে আমি আসিওনি। বাসায় চলে যাই। কোচ পার্ক আবার আসায় আমিও ফিরে আসি।

*শুধু কেন পার্কের কথা শুনে এলেন?

মাহফুজা: পার্কই আমাকে স্বপ্ন দেখান, বলেন, “তোমার টাইমিং ভালো আছে। গোল্ড তোমার পক্ষে সম্ভব। তোমাকে ছাড়া আমার আর উপায় নেই। এও বলেছিলেন, সব ভুলে আমার দিকে তাকিয়ে এসএ গেমস করো। আমার সাঁতারু অলিম্পিক-কমনওয়েলথ এশিয়াডে গোল্ড পেয়েছে, দক্ষিণ এশিয়ান গেমসে নেই। আমার এই ইচ্ছেটা পূরণ করো।”

*তাহলে কি বলা যায়, কোরিয়ান কোচ পার্ক তে গুনই আপনাকে নতুন জীবন দিয়েছেন?

মাহফুজা: সেটি আপনিবলতে পারেন। তিনি না এলে হয়তো আর ফিরতাম না। এটা বললে এখন ফেডারেশন হয়তো অন্যভাবে দেখবে। আর নৌবাহিনী আমাকে চাপ দিলে হয়তো জাতীয় দলে আসতাম। ওরা আমাকে তিনটি বছর ট্রেনিং করিয়ে মানুষ করেছে। তবে পার্ককে কৃতিত্ব দেব আলাদা করে।

* শুনেছি, কোচ আবদুল হামিদ আপনাকে পছন্দ করতেন না...

মাহফুজা: কথাটা ঠিক। ২০১৩ সালে যখন স্পেনের ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ট্রেনিংয়ে ছিলাম, কোচ হামিদ স্যার বলেছিলেন, জাতীয় দলের দায়িত্বে থাকলে কখনো আমাকে সুযোগ দেবেন না। আমি মোটা হয়ে গেছি...এসব ভেবেই হয়তো বলেছেন। ওই দিনই তাঁর মুখের ওপর বলেছিলাম, যোগ্যতা থাকলে জাতীয় দলে খেলব আমি। পারলে আপনি আমাকে সরাবেন।

* ফেডারেশনে সমস্যা, পড়াশোনার জন্য চট্টগ্রাম দৌড়াদৌড়ি...সেই দিনগুলো কেমন ছিল?

মাহফুজা: অনেক দৌড়ঝাঁপ করেছি। বন্ধুরা নোট দিয়ে সহযোগিতা করেছে। দেখা যেত, বিকেলে খেলেই চট্টগ্রাম গিয়েছি রাতে। অনেক কষ্ট করতে হয়েছে আমাকে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন, বিশ্ববিদ্যালয়গুলেয়ে যেন খেলোয়াড় কোটা করে দেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ওই খেলোয়াড় কোটাতেই আমি সাংবাদিকতায় ভর্তি হয়ে অনার্স-মাস্টার্স শেষ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারলে হয়তো এই কষ্টটা আমার হতো না।

*সাংবাদিকতা বেছে নেওয়া কেন?

মাহফুজা: ওটা ইচ্ছে করেইনেওয়া। কোনো কারণে নৌবাহিনী ছাড়লে আমি সাংবাদিকই হব।

*প্রিন্ট না ইলেকট্রনিক মিডিয়া?

মাহফুজা: অবশ্যই স্প্রিন্ট এবং স্পোর্টস। ইলেকট্রনিক মিডিয়ার প্রতি আমার আগ্রহ নেই।

*অন্য প্রসঙ্গে আসি। আপনার বাবা অসুস্থ জানি। ওনার সমস্যা আসলে কী?

মাহফুজা: উনি অনেক ধূমপান করেন। লিভার, ইউরিনে সমস্যা। ওনার যক্ষ্মা হয়েছিল, ওটার চিকিৎসা চলছে।

*আরেকটি কথা, মেডেল বিক্রির স্মৃতিটা নিশ্চয়ই অনেক কষ্ট দেয়?

মাহফুজা: অনেক কষ্ট...। একটু খুলে বলি, ’৯৯ সালে শিশু একাডেমীতে সাঁতারে খেলতে এসে গোল্ড মেডেল পাই দুটি। ২০০৮ সালে বাবা যখন অসুস্থ হয়ে যান, আম্মা মেডেল থেকে সোনাটা বের বিক্রি করে দেন। আব্বুর চিকিৎসা আর আমাকে কিছু টাকা দেন। পরে আম্মা বলেন, তুমি মন খারাপ করো না। ওটা আমি তোমাকে বানিয়ে দেব। আম্মা বুঝতে পারেন কাজটা ঠিক হয়নি। কিন্তু কিছু করার ছিল না তাঁর।

*শেষ পর্যন্ত এটা আপনার জন্য বড় অনুপ্রেরণা হলো। এর বাইরে আর কোনো অনুপ্রেরণা আছে?

মাহফুজা: আছে। মেম সাহেব নামে নিমাইভট্টাচার্যের একটা উপন্যাসে সংগ্রামের কথা পড়তাম অনেক। ওটা আমাকে উদ্বুদ্ধ করেছে অনেক।

*আগামী মাসের প্রথম সপ্তাহে সতীর্থ এক সোনাজয়ী সাঁতারুকে বিয়ে করছেন শুনলাম...নতুন জীবনে আগাম শুভেচ্ছা...

মাহফুজা: না, না, বিয়ের কিছু ঠিক হয়নি এখনো। হলে তো জানবেনই (হাসি)।