'অবশ্যই আমরা জিততে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চন্ডিকা হাথুরুসিংহে
চন্ডিকা হাথুরুসিংহে

ভারতের মাটিতে প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। কাল ঘোষিত হয়েছে ১৫ সদস্যের বাংলাদেশ দল। এই দল নিয়ে কী আশা করেন চন্ডিকা হাথুরুসিংহে? মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের প্রধান কোচ কাল বললেন, সবচেয়ে ভালো ফলটাই তাঁর প্রত্যাশা, অর্থাৎ জয়। সেটি যদি না-ও হয়, লড়াই হবে দুর্দান্ত
* ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে প্রত্যাশা থাকবে কী?
চন্ডিকা হাথুরুসিংহে: অবশ্যই আমরা জিততে চাই। যদিও সেখানে জেতা কঠিন। রেকর্ড বলছে, ঘরের মাঠে তারা অনেক শক্তিশালী দল। তবে আমরাও আত্মবিশ্বাসী। আমরা টেস্টে উন্নতি করছি। আশা করি দুর্দান্ত এক লড়াই হবে।

* নিউজিল্যান্ড সফরের পরপরই ভারতের কন্ডিশনে ভালো করা কতটা কঠিন হবে?
হাথুরু: চ্যালেঞ্জিং হবে, বিশেষ করে ব্যাটসম্যানদের। শুধু মানসিকতা নয়, শট নির্বাচনেও পরিবর্তন আনতে হবে। টেস্টের আগে আমাদের একটা প্রস্তুতি ম্যাচ ও কিছু অনুশীলন সেশন আছে। যতটা সম্ভব আমরা মানিয়ে নেওয়ার চেষ্টা করব। বিষয় হচ্ছে, হায়দরাবাদের কন্ডিশন অনেকটা বাংলাদেশের মতোই।
* নুরুল হাসানের বদলে লিটন দাসকে দলে নেওয়ার কারণ কী?
হাথুরু: উইকেটকিপার হিসেবে নুরুল অসাধারণ করেছে। তার নিজের কোনো সমস্যা ছিল না। মনে করেছি ব্যাটিংয়ে লিটন আরও ভালো। কিপার হিসেবেও সে খারাপ নয়। আগে যখন খেলেছে, সোহানের (নুরুল) মতোই ভালো করেছে।
* ভারতের টেস্ট স্কোয়াড দেখেছেন নিশ্চয়ই। তাদের সঙ্গে যদি স্পিনারদের তুলনা করেন, বাংলাদেশ কি পিছিয়ে থাকবে?
হাথুরু: তাদের খুব ভালো স্পিনার আছে। র্যা ঙ্কিংয়ের বিচারে তাদের (রবিচন্দ্রন) অশ্বিন বিশ্বের এক নম্বর বোলার। তার মানে এই না, আমাদের বোলাররা ভালো নয়। আমাদের সাকিব আল হাসান আছে, সে এখন অনেক অভিজ্ঞ। মিরাজ-তাইজুলও টেস্টে ভালো করেছে। বলতে চাই না আমরা পিছিয়ে আছি। তবে হ্যাঁ, তারা আমাদের চেয়ে অভিজ্ঞ।
* ভারতে কী ধরনের উইকেট প্রত্যাশা করছেন?
হাথুরু: আমরা যেকোনো উইকেটের জন্য তৈরি। আমাদের দলে স্পিনার যেমন আছে, পেসারও আছে। আসলে এটা অনুমান করা কঠিন (উইকেট নিয়ে)। তাদের তিন পেসার ও একজন অলরাউন্ডার আছে। আমাদের পর অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের সিরিজ আছে। তারা কোন কৌশলে এগোবে বলতে পারছি না।
* বিরাট কোহলি তো দুর্দান্ত ফর্মে আছে...
হাথুরু: এটা নিয়ে কী করতে পারি (হাসি)!
* আপনি একটা সময় বলেছিলেন তাসকিন টেস্টের জন্য ফিট নয়। কিন্তু এরই মধ্যে তাঁর দুটি টেস্ট খেলা হয়ে গেছে। এখন তাঁকে নিয়ে কী বলবেন?
হাথুরু: হ্যাঁ, এটা ছয় মাস আগের কথা। এর মধ্যে ছয় মাস চলে গেছে। সে অনেক ওভার বোলিং করেছে। আমরা তাকে সতর্কভাবে খেলাচ্ছি। তার ওপর কতটা চাপ পড়ছে, সেটা দেখছি। সম্ভবত সে দুই দিনের ম্যাচটা (ভারত ‘এ’ দলের বিপক্ষে) খেলবে না।