'অবশ্যই স্বপ্নটা দেখি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

মার্শাল আইয়ুব
মার্শাল আইয়ুব

টেস্ট দলে সুযোগ পেয়েও জায়গাটা ধরে রাখতে পারেননি। তিন টেস্টের সর্বশেষটি খেলেছেন ২০১৪ সালের জানুয়ারিতে। সেই মার্শাল আইয়ুব কাল বিকেএসপিতে লিস্ট ‘এ’ ম্যাচে প্রথম সেঞ্চুরি পেলেন। ম্যাচ শেষে এই স্টাইলিশ ব্যাটসম্যান কথা বলেছেন এই সেঞ্চুরি ও নিজের ক্যারিয়ার নিয়ে

*লিস্ট ‘এ’-তে এটা আপনার প্রথম সেঞ্চুরি। অবশেষে তিন অঙ্কের দেখা পেয়ে কেমন লাগছে?

মার্শাল আইয়ুব: প্রথম সেঞ্চুরি, স্বাভাবিকভাবেই ভালো লাগছে। চেষ্টা করব, সামনেও এমন ইনিংস আরও খেলতে। তবে প্রিমিয়ার লিগে এটাই প্রথম সেঞ্চুরি নয়।

*যখন ব্যাটিং শুরু করলেন, দল খানিকটা চাপে ছিল। ৩৪ রানে পড়ে গিয়েছিল ২ উইকেট। সেখান থেকে মাহমুদউল্লাহর সঙ্গে তৃতীয় উইকেট-জুটিতে ২০৩ রান তুললেন। শুরুতে আপনাদের পরিকল্পনা কী ছিল?

মার্শাল: আমরা যখন শুরু করলাম, তখন পরিকল্পনা ছিল ইনিংসটা এগিয়ে নিয়ে যাওয়ার। অন্তত ২০ ওভার খেলা আর ৭০-৮০ রানের জুটি গড়া। সেটা করতে পেরেছিও। প্রচণ্ড গরমে প্রচুর ঘাম ঝরেছে। এ জন্য কষ্টও বেশি হয়েছে। বিরতিতে আমাদের একাদশে বাইরে থাকা খেলোয়াড়েরা অনেক সহায়তা করেছে।

*চার দিনের ম্যাচে আপনার রেকর্ড-পরিসংখ্যান অনেক উজ্জ্বল। এ কারণে আপনার গায়ে সেঁটে গেছে ‘বড় দৈর্ঘ্যের খেলোয়াড়’ তকমা! ৫০ ওভারের ক্রিকেটে কেন নিজেকে প্রত্যাশামতো মেলে ধরতে পারেননি?

মার্শাল: আগে এক দিনের ক্রিকেটে ব্যাটিং করতাম পাঁচ বা ছয় নম্বর পজিশনে। নিজেকে প্রমাণ করার পছন্দসই ব্যাটিং অর্ডার পাইনি। এখন ওপরে ব্যাটিংয়ের সুযোগ পাচ্ছি বেশি। সর্বশেষ এক বছরে তিন-চারে নিয়মিত খেলছি। চেষ্টা করছি বড় ইনিংস খেলার। সেটি এখন হচ্ছেও।

*এক দিনের ক্রিকেটে ভালো করতে আলাদাভাবে কাজ করেছেন?

মার্শাল: প্রিমিয়ার লিগের আগে অল্প সময় পেয়েছিলাম। তখন কাজ করেছি। আমার স্ট্রাইকরেট আরও ভালো করতে কিছু কাজ করেছি।

*তাহলে এবারের ঢাকা প্রিমিয়ার লিগকে চ্যালেঞ্জ হিসেবেই নিচ্ছেন?

মার্শাল: অবশ্যই, আমার জন্য এবারের প্রিমিয়ার লিগ চ্যালেঞ্জিং। আমাদের ঘরোয়া ক্রিকেটে এক দিনের ম্যাচ একটু কম হয়। বেশির ভাগ সময় চার দিনের ম্যাচ খেলি। এই সংস্করণে ভালো কিছু করতে চাই এবার।

*যে তিনটি টেস্ট খেলেছেন, নিজেকে মেলে ধরতে পারেননি সেভাবে। কোথাও ভুল হয়েছে, ভেবে দেখেছেন?

মার্শাল: হয়তো আমার মনোযোগ কম ছিল। ওই জায়গায় থিতু হতে পারিনি। ছোট ছোট ইনিংস খেলেছি। এ ধরনের ইনিংস আসলে কাজে দেয় না। টিকে থাকতে হলে বড় ইনিংস খেলতেই হবে।

*ঘরোয়া ক্রিকেটে ভালো করার ধারাটা সর্বশেষ বাংলাদেশ ক্রিকেট লিগেও (বিসিএলে) ধরে রেখেছেন। হয়েছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক (৫৬২)। বাংলাদেশ দলে আবারও খেলার স্বপ্ন নিশ্চয়ই দেখেন...

মার্শাল: আমার কাজ হচ্ছে পারফর্ম করা। যত দিন খেলব, চেষ্টা করব ভালো করতে। আর অবশ্যই স্বপ্নটা দেখি। মাঝেমধ্যে অবশ্য হতাশা ঘিরে ধরে। তবে ওসব নিয়ে ভাবি না। আসলে আমি ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তা করি না। বর্তমানে থাকতেই পছন্দ করি।