'অলিম্পিকে পদক জয় সম্ভব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
শাকিল আহমেদ
শাকিল আহমেদ
অলিম্পিকে পদক জয়ের স্বপ্ন নিয়ে কাজ শুরু করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। লক্ষ্য ২০২০ টোকিও অলিম্পিক। ফেডারেশন দুই বিদেশি কোচের অধীনে গত মাস থেকে শুরু করে দিয়েছে অনুশীলন ক্যাম্প। এসএ গেমসে ১০ মিটার এয়ার পিস্তলে সোনাজয়ী তরুণ শুটার শাকিল আহমেদ ভীষণ রোমাঞ্চিত এই অলিম্পিক ক্যাম্প নিয়ে

* কেমন চলছে অনুশীলন?
শাকিল আহমেদ: মাত্রই তো ক্যাম্প শুরু হলো। এখনো এয়ার রাইফেলের কোচ ঢাকায় ফেরেননি। তবে পিস্তলের কোচ মার্কো সসিচ প্রতিদিন দুই বেলা অনুশীলন করাচ্ছেন। জিম করাচ্ছেন।
* অনুশীলনে কোন দিকগুলোয় কোচ বেশি নজর দিচ্ছেন?
শাকিল: বিশ্বের সেরা সব শুটারের সঙ্গে যাতে আমরা লড়াই করতে পারি সেভাবেই আমাদের গড়তে চান কোচ। কীভাবে আমাদের স্কোরের উন্নতি করা যায় সেটাই তাঁর আসল ভাবনা। উনি বাংলাদেশ টিমের অনুশীলনের মৌলিক দিকগুলো সম্পূর্ণ বদলে দিয়েছেন। আমাদের একটাই কথা, মিশন টোয়েন্টি-টোয়েন্টি। ওই লক্ষ্য নিয়েই ধীরে ধীরে এগোচ্ছি।
* এশিয়ান গেমস, কমনওয়েলথ, বিশ্বকাপ পেরিয়ে তবেই অলিম্পিক। এই লক্ষ্য পূরণ কতটা সম্ভব?
শাকিল: আমরা তো চার বছর আগেও ক্যাম্প করেছি আলাদা নির্দেশনায়। এখন সেটা পুরোপুরি পাল্টে গেছে। এই নিয়মে অনুশীলন করার পর শুটিংটা একেবারে সহজ মনে হয়। তাই অলিম্পিকে পদক জয় অবশ্যই সম্ভব মনে হয়।
* সেটা কেমন?
শাকিল: মাঝেমধ্যে মনে হয়, আমরা যেভাবে অনুশীলন করছি, তা খুবই সহজ। এই নিয়ম মানছি বলে স্কোরে বিশাল উন্নতি হচ্ছে। এখন আমি নিয়মিতই ৬৬০-এর ওপরে স্কোর করছি। কখনো তো ৬৭০, ৬৭২-ও হচ্ছে। আমরা অলিম্পিকের পদক নিয়ে আপাতত ভাবছি না। আমাদের আসল লক্ষ্য সেরা আটে যাওয়া। এটা কঠিন কিছু না। আমাদের সেই সামর্থ্য আছে। আমরা চেষ্টা করলে পারব।
* বাংলাদেশের শুটাররা তো বড় প্রতিযোগিতায় গিয়ে স্নায়ুচাপে ভোগেন। এটা নিয়ে কাজ করছেন কোচ?
শাকিল: যেকোনো গেমসে কেউ ভালো করলে তার ওপর এমনিতেই সবার নজর থাকে। এ জন্য তার চাপও বেড়ে যায়। মাথার ভেতরে চলে আসে, ভালো করতে হবে। তবে কোচ বলেছেন কারও দিকে তাকানো যাবে না, তিনি বিশেষ কিছু টিপসও দিয়েছেন এ ব্যাপারে। এবার যেমন ইরানে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে এই নিয়ম অনুসরণ করেছিলাম। আমার ইরানে একটুও হার্টবিট হয়নি। স্কোর ভালো হয়েছে। দলের ফল হয়তো খারাপ হয়েছে, কিন্তু আমার পারফরম্যান্সে কোচ খুশি ছিলেন।
* আগামী ফেব্রুয়ারিতে দিল্লিতে বিশ্বকাপ শুটিং। এই অনুশীলন সেখানে কতটা কাজে দেবে আপনাদের?
শাকিল: অবশ্যই এটা আমাদের কাজে দেবে। দিল্লিতে পদক জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী। বিশ্বকাপ তো অলিম্পিকেরই সমান। বিশ্বকাপে যারা খেলে, তারাই আবার অলিম্পিকে যায়।
* আপনারা নাকি নতুন অস্ত্র পাচ্ছেন? হঠাৎ করে নতুন অস্ত্রে অনুশীলন করতে সমস্যা হবে না?
শাকিল: অপু ভাই (ফেডারেশনের সাধারণ সম্পাদক ইন্তেখাবুল হামিদ) বলেছেন, আমাদের সবার নতুন অস্ত্র, নতুন শু ও পোশাক দেওয়া হবে। বলেছেন, সুযোগটা কাজে লাগাও। ফেডারেশন ২০২০ সাল পর্যন্ত নিয়মিত ক্যাম্প চালু রাখতে পারলে একটা ভালো ফল হবে বলে আশা রাখি।