'অলিম্পিকেও সোনা জিততে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ গেমসে ৫০ মিটার ফ্রি পিস্তলে এককে সোনা জেতার পর দলগত ব্রোঞ্জ দলেও ছিলেন শাকিল আহমেদ। সেই পদক দুটি হাতে পরশু খুলনায় গ্রামের বাড়িতে l সাদ্দাম হোসেন
এসএ গেমসে ৫০ মিটার ফ্রি পিস্তলে এককে সোনা জেতার পর দলগত ব্রোঞ্জ দলেও ছিলেন শাকিল আহমেদ। সেই পদক দুটি হাতে পরশু খুলনায় গ্রামের বাড়িতে l সাদ্দাম হোসেন

বাংলাদেশের শুটিংয়ে এয়ার রাইফেলের আড়ালে ঢাকা পড়ে গিয়েছিল পিস্তল ইভেন্ট। এবারের এসএ গেমসে ৫০ মিটার ফ্রি পিস্তলে সোনা জিতে সেটিকে আলোয় ফিরিয়েছেন শাকিল আহমেদ। এই সাফল্যের পর সারা দেশেই অভিনন্দন আর অভ্যর্থনায় সিক্ত সেনাবাহিনীর তরুণ শুটার। তাঁর বর্ণনাতেই উঠে এল, হঠাৎই কেমন বদলে গেছে তাঁর চারপাশের পৃথিবী—
* সোনা জয়ের পর প্রথম গ্রামে গেলেন। অভ্যর্থনাটা কেমন ছিল?
শাকিল আহমেদ: আমি অভিভূত। ভাবতেই পারিনি যে এলাকাবাসী এত ভালোবাসা জমিয়ে রেখেছিল। আমার খুলনায় পৌঁছানোর কথা ছিল সন্ধ্যা ছয়টায়। পথে একটু দেরি হয়েছিল। রাত সাড়ে আটটায় নেমে দেখি আমাকে নিতে এসেছেন বাবা-মা। পেছনে শ পাঁচেক লোক। সবার হাতে ফুল। অন্তত এক শ মোটরসাইকেল নিয়ে লোকজন এসেছিল আমাকে নিতে। এতটা আশাই করিনি আমি।
* খুলনা শহর থেকে কত দূর আপনার গ্রামে বাড়ি?
শাকিল: আমাদের বাড়ি ডুমুরিয়া উপজেলার রদাঘড়া ইউনিয়নের খরসংগ গ্রামে। শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে। আমরা শহরেই অনেক দিন ধরে থাকি। কিন্তু মাঝেমধ্যে গ্রামের বাড়িতে বেড়াতে আসি। সোনা জয়ের পর এবার এসে দেখি এলাকায় সাড়া পড়ে গেছে।
* সেটা কেমন?
শাকিল: এসেই দেখি ওই রাতে স্থানীয় খরসংগ বিপ্লবী তরুণ সংঘ আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য অপেক্ষা করছে। ওরা বিশাল কেক এনেছিল। যেখানেই যাই, সবাই আমাকে দেখতে ছুটে আসছে। ছবি তুলছে। সেলফি তুলছে। রাস্তা দিয়ে হাঁটতে পারছি না। স্থানীয় সাংসদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দর সংবর্ধনা দেওয়ার কথা আছে। বাড়ি পৌঁছে আমি মন্ত্রীর ফোন পেয়ে অবাক! তিনি বললেন, ‘বাবা, এখন তো অনেক রাত হয়ে গেছে। আমার কোথাও যেতে হলে সিকিউরিটি লাগে। এখন যেতে পারছি না তোমাদের বাড়িতে। কিন্তু তোমাকে খুব মিস করছি। কাল সকালে তোমার সঙ্গে দেখা করব।’
* খুলনা থেকে অনেক ক্রিকেটার উঠে এসেছেন জাতীয় দলে। ক্রিকেটারদের খ্যাতির বিড়ম্বনা দেখে অভ্যস্ত সবাই। আপনি শুটার হিসেবে কতটা উপভোগ করছেন?
শাকিল: ক্রিকেটারদের নিয়ে মানুষের উন্মাদনা দেখে নিজেও অভ্যস্ত। কিন্তু আমি এমন অভ্যর্থনা পেয়ে অভিভূত। বন্ধুরা বলছে, তুই তো এখন স্টার। তোর সঙ্গে মিশব কীভাবে? আমি যে ভালো কিছু করতে পারব, সেই বিশ্বাসটা ওদের মধ্যে তৈরি হয়েছিল আগেই। যেহেতু তিন মাস আগে এশিয়ান এয়ারগান চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতি, এবারও কিছু একটা করব এমনটা ভেবেছিল ওরা। কিন্তু সোনা জেতায় ওরাই বেশি আনন্দিত।
* বাড়িতে গিয়ে কী দেখলেন?
শাকিল: বাবা-মা আমাকে পেয়েই বুকে জড়িয়ে ধরেন। আম্মু তো কান্নাকাটিই শুরু করে দেন। আমার প্রিয় খাবার চিংড়ি ভুনা। বাড়িতে গিয়ে দেখি আম্মু আমার জন্য চিংড়ি রান্না করে রেখেছেন।
* এভাবে রাতারাতি বদলে যাওয়ায় বাড়তি দায়িত্ব অনুভব করছেন নিশ্চয়ই?
শাকিল: সোনা জয়ের পর দায়িত্ব অনেক বেড়ে গেল। এর পরের গেমসে যাতে আরও ভালো কিছু করতে পারি, সেই চেষ্টা করব। তাহলেই সোনা জেতা সার্থক হবে। আর শুধু সোনা জিতলেই হবে না। রেকর্ড গড়ে জিততে হবে। আমি সরাসরি অলিম্পিকে খেলতে চাই।
* কিন্তু কমনওয়েলথ গেমসে রুপাজয়ী আবদুল্লাহ হেল বাকি অনেক চেষ্টা করেও অলিম্পিকের কোটা প্লেস পাননি। আপনি কতটা আশাবাদী?
শাকিল: আমি আশাবাদী মানুষ। নিজের যোগ্যতা দিয়েই কোটা প্লেস অর্জন করব। একটা সোনা জিতে যথেষ্ট সম্মান পেয়েছি। এবার চেষ্টা করব সারা বিশ্বে বাংলাদেশের নাম ছড়িয়ে দেওয়ার।
* আপনার পরে গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জেতেন শোভন চৌধুরী। তাহলে নতুনরাই কি শুটিংয়ে ভরসা হয়ে উঠছেন?
শাকিল: অবশ্যই। আমরা নতুন যুগের সূচনা করেছি আগেই। এর ধারাবাহিকতা রাখতে চাই।
* আপনি শুটিংয়ে এলেন কীভাবে?
শাকিল: বাবার একটা এয়ারগান আছে। ছোটবেলা বন্দুক নিয়ে বিলে, নদীর পাড়ে পাখি শিকার করতাম। কিন্তু সেনাবাহিনীতে চাকরি পাওয়ার আগে জানতামই না বন্দুক দিয়ে খেলাধুলা হয়। সেনাবাহিনীতে যোগ দিয়েই শুটিং প্রতিযোগিতায় প্রথম অংশ নিই। এভাবেই শুরু।
* শুটিং নিয়ে বিশেষ কোনো মজার ঘটনা আছে?
শাকিল: পদক জেতার আগে একবার বাড়িতে এসেছিলাম। তখন অনেকে পাখি শিকার করতে এলে এয়ারগান নিয়ে আমার কাছে আসত। এসে বলত, জাতীয় দলে খেলে ওই ছেলে। ওকে ডাকো। বাইরে কোথাও ঘুরতে গেলেও যদি কেউ শোনে যে ছেলেটা ন্যাশনাল শুটার, তখন অনেকে বলে, আপনি কেমন শুট করেন একটু দেখি। ভালোই লাগে তখন।
* কমনওয়েলথ গেমসে সোনা জিতেও হারিয়ে গেলেন আসিফ হোসেন খান। আবদুল্লাহ হেল বাকি কমনওয়েলথে রুপা জয়ের পর ধারাবাহিকতা দেখাতে পারছেন না। আপনি কত দূর যেতে পারবেন?
শাকিল: যেহেতু অল্প বয়সে শুটিং শুরু করেছি, মনোযোগ দিয়েই খেলছি। এর শেষ কোথায়, সেটা না দেখে ছাড়তে চাই না। শেষ মানে অলিম্পিকে সোনা জেতাই আমার লক্ষ্য। যেহেতু দক্ষিণ এশিয়ার মধ্যে সোনা জিতেছি, এরপর অলিম্পিকেও সোনা জিততে চাই। সেই দিন বেশি দূরে নয়, যেদিন অলিম্পিকেও উড়বে লাল-সবুজ পতাকা।