'অস্ট্রেলিয়াই আমার সেরাটা বের করে আনত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
রিচি রিচার্ডসন
রিচি রিচার্ডসন
‘হি হিজ মাই লোকাল বস!’—লিয়াজোঁ কর্মকর্তা এ আর মল্লিক রনিকে দেখিয়ে খানিকটা রসিকতা করলেন রিচি রিচার্ডসন। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়কের আলাপী ও আমুদে ভাবটা বজায় থাকল সাক্ষাৎকারজুড়েই। যেহেতু আইসিসির ম্যাচ রেফারি হিসেবে এসেছেন ঢাকায়; আইসিসির অনুমতি সাপেক্ষেই কাল দুপুরে হোটেল র‍্যাডিসনের লবিতে রিচার্ডসন একান্ত সাক্ষাৎকার দিলেন প্রথম আলোকে।

 *আপনার ক্যারিয়ারের শেষ থেকেই শুরু করা যাক। অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৯৬ বিশ্বকাপের সেমিফাইনালের হারটির কথা মনে করিয়ে দিই। ওয়েস্ট ইন্ডিজ ৩৭ রানে শেষ ৮ উইকেট হারাল। আর আপনি অসহায়ের মতো অন্যপ্রান্তে ৪৯ রানে অপরাজিত ছিলেন। ওই ম্যাচের পর তো ক্রিকেট থেকে অবসরই নিয়ে ফেললেন।

রিচি রিচার্ডসন: এটা আমার জন্য খুব হতাশার এক পরাজয় ছিল। আমার ধারণা, আমরা যদি ওই ম্যাচ জিততাম, মানে আমাদের অবশ্যই জেতা উচিত ছিল। তাহলে হয়তো ফাইনালে আমরা শ্রীলঙ্কাকেও হারাতে পারতাম। ওই ম্যাচে অনেক কিছুই ঘটেছে। টুর্নামেন্টে আমাদের দলে অনেক কিছু হয়েছে, যা আমরা ভাবতেই পারিনি। তবে এসব এখন ইতিহাস। ওই সময় আমি বেশ কিছু বিষয় নিয়ে খুব হতাশ ছিলাম। জানতাম, কিছুদিনের মধ্যেই অবসর নেব। কিন্তু ওই হারের পর মনে হলো সিদ্ধান্তটা এখনই নিয়ে ফেলি, সরে যাওয়ার এখনই সময়। এটাই জীবন, সব এখন ইতিহাস। জীবনে অনেক ভালো কিছুই পেয়েছি। সব মিলিয়ে আমি খুশি।

*ওই বিশ্বকাপে আপনারা কেনিয়ার কাছেও হেরেছিলেন...

রিচার্ডসন: হ্যাঁ, সেটাও খুব হতাশার ছিল। আমরা কেনিয়াকে অবহেলার চোখে দেখেছিলাম, খুব বেশি নির্ভার ছিলাম। যেটা বলেছি, অনেক কিছুই ঘটেছে যা আমরা আসলে কখনো ভাবিনি। আমরা ভেবেছিলাম, কোনোভাবেই কেনিয়ার কাছে হারতে পারি না। একের পর এক উইকেট হারানোর পরও মনে হচ্ছিল, কেউ না কেউ দাঁড়িয়ে যাবে। কিন্তু তা হয়নি, আর এখন তো সেটা ইতিহাসেরই অংশ।

*ক্যারিয়ারের এমন সমাপ্তি নিয়ে কি আক্ষেপ আছে?

রিচার্ডসন: না, না। আমি অবসরের ভাবনা অনেক আগে থেকেই শুরু করেছিলাম। আমার ধারণা, এর এক বছর আগে থেকেই অবসরের কথা বলেছি। হয়তো আরও এক বছর খেলতে পারতাম। কিন্তু ১৯৯০-৯১ থেকে ক্রনিক ফ্যাটিগ সিনড্রোমে ভুগছিলাম। ১৯৯৫-এ আমাকে কিছুদিন বিশ্রামেও যেতে হয়েছিল। দলকে অনুপ্রাণিত করাটা কঠিন হয়ে যাচ্ছিল। না, আসলে অনুপ্রেরণা জোগাতে সমস্যা ছিল না। তবে প্রতিদিন একই কাজ করার শক্তি পাচ্ছিলাম না। এটা একটা কাজে পরিণত হয়ে গিয়েছিল। নিজেকে প্রশ্ন করতে শুরু করলাম, কেন এত কষ্ট করা যদি উপভোগই করতে না পারি! কঠোর অনুশীলন করছিলাম, দলকে শতভাগ দিচ্ছিলাম। কিন্তু বিষয়টি খুব কঠিন হয়ে যাচ্ছিল। সকালে ঘুম থেকে ওঠা, পরিশ্রম করা। মাঝে মাঝে এমনও হয়েছে, এতটাই ক্লান্ত লাগত পরের দিনের ম্যাচের কথা ভাবতেও ভালো লাগত না।

*আপনার দলের বোলিং আক্রমণে নেতৃত্বে ছিলেন কোর্টনি ওয়ালশ ও কার্টলি অ্যামব্রোস। অধিনায়ক হিসেবে বিশ্বসেরা দুই ফাস্ট বোলারকে সামলাতেন কীভাবে?

রিচার্ডসন: এই দুজনের একটা সমস্যা ছিল। ছন্দে থাকলেই এদের হাত থেকে বল নেওয়া যেত না! এটা অধিকাংশ সময় ভালো। কিন্তু আপনি যখন দীর্ঘমেয়াদি পরিকল্পনা করবেন, তখন এটা করা ঠিক নয়। কিন্তু ওরা এটা বুঝতে চাইত না! তাদের কথা হচ্ছে, ‌‌‘বোলিংটা উপভোগ করছি, মনে হচ্ছে একে আউট করতে পারব, আমাকে বল করতে দাও!’ এটা নিয়ে সমস্যায় পড়তে হতো। এটা ছাড়া দুজনই দুর্দান্ত মানুষ। আমার সেরা দুই সেনা, আমাকে কখনো হতাশ করেনি। তাদের অধিনায়ক হতে পেরে আমি গর্বিত।

*ওয়ালশ এখন বাংলাদেশের বোলিং কোচ। দেখা-সাক্ষাৎ নিশ্চয়ই হয়েছে এবার?

রিচার্ডসন: হ্যাঁ, আমরা দেখা করেছি। স্মৃতি রোমন্থন করেছি, অনেক কথা হয়েছে। আমি ওকে নিয়ে ভীষণ খুশি। আমাদের দুজনের আন্তর্জাতিক ক্যারিয়ার কাছাকাছি সময়ে শুরু হয়েছিল। সে এমনিতে খুব ভালো, নিপাট ভদ্রলোক। ক্রিকেটের একজন দূতও বলা যায় তাকে। খেলাটা প্রচণ্ড ভালোবাসে, মানুষকে ভালোবাসে। আমি তার সেরা সাফল্য কামনা করি।

* বাংলাদেশের পেসাররা তাকে খুব পছন্দ করে।

রিচার্ডসন: হ্যাঁ, কারণটা বুঝি। অসাধারণ একজন মানুষ। সে মানুষের সঙ্গ পছন্দ করে।

*ব্রায়ান লারার উত্থান আপনার অধিনায়কত্বেই। তাকে কি প্রথম দেখেই বুঝেছিলেন, ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হতে পারবেন? 

রিচার্ডসন: প্রথম দেখাতেই বোঝা গিয়েছিল, ও অসম্ভব প্রতিভাবান। কিন্তু আপনি কখনো আগেভাগে কিছু বলতে পারবেন না। অনেক প্রতিভাবানের শুরু দেখে বলা হয়, এর ভবিষ্যৎ উজ্জ্বল। কিছুদিন পরে হারিয়ে যায়। লারার রানের ক্ষুধা ছিল অনেক বেশি। সে নিজেই নিজেকে সাহস দিত। প্রতিবার ব্যাট করতে যাওয়ার আগে বলত আমি আজ সেঞ্চুরি করব। এবং সে সেটা সে বহুবার করেছেও। লারা দৃঢ়প্রতিজ্ঞ, একমনা ছিল। সে লক্ষ্য স্থির করে সেটা পূরণও করত।

*অধিনায়ক হিসেবে লারাকে আলাদাভাবে উজ্জীবিত করতে হতো আপনাকে?

রিচার্ডসন: আমার সঙ্গে লারার ভালো সম্পর্ক ছিল। সে দলে আসার আগে থেকে আমাদের সঙ্গে যোগাযোগ ছিল। তবে প্রথম সেঞ্চুরির আগে খুব হতাশ হয়ে পড়েছিল। আমি একবার খেপে গিয়েছিলাম। বললাম, দেখ তুই উল্টোভাবে চেষ্টা করলে এটা পাবি না। ধৈর্য ধরতে হবে। শুধু ব্যাটিংয়ে গিয়ে পুরো এক দিন ব্যাট করার কথা ভাব। ওর প্রথম সেঞ্চুরির সময় আমি ক্রিজেই ছিলাম। বারবার বলছিলাম সেঞ্চুরির কথা ভুলে যা, ব্যাটিংয়ের কথাই শুধু ভাব। সেদিন সে ২৭৭ করেছিল, আমিও সেঞ্চুরি করেছিলাম। কিন্তু সেটা আমার খেয়ালই ছিল না, লারাকে সেঞ্চুরি করানো নিয়ে এতটাই ব্যস্ত ছিলাম! সে খুব করে চাচ্ছিল একটা সেঞ্চুরি, আমিও চাচ্ছিলাম ওর সেঞ্চুরিটা হোক।

*অস্ট্রেলিয়ার বিপক্ষে আপনার রেকর্ড ভীষণ উজ্জ্বল। ১৬ টেস্ট সেঞ্চুরির ৯টিই তাদের বিপক্ষে। অস্ট্রেলিয়ার সঙ্গে ভালো করার রহস্যটা কী?

রিচার্ডসন: আমি চুপচাপ ধরনের মানুষ। কিন্তু ভেতরে ভেতরে খুবই লড়াকু। আপনি যদি আমাকে ছেড়ে দেন তবে আমিও কোনো কিছু করব না। কিন্তু আমার দিকে তেড়ে এলে কিংবা আগ্রাসী হলে আমিও পাল্টা জবাব দেব। সেটা আমার মতো করেই। অস্ট্রেলিয়ানরা অনেক বেশি আগ্রাসী, অনেক বেশি কথা বলে। ওদের সঙ্গে খেলতে গেলেই বেশি অনুপ্রেরণা পেতাম, শক্তি খুঁজে পেতাম। অস্ট্রেলিয়াই আমার সেরাটা বের করে আনত! ওদের বিপক্ষে তাই আমার রেকর্ড ভালো।

*আপনাকে বলা হয় ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অন্যতম সফল অধিনায়ক। একজন সফল অধিনায়ক হতে হলে কী কী গুণ থাকা জরুরি?

রিচার্ডসন: আপনাকে সহজাত নেতা হতে হবে। দল ও প্রতিপক্ষের শ্রদ্ধা পেতে হবে। খেলাটা ভালো বুঝতে হবে। দ্রুত চিন্তা করতে হবে। ম্যাচের পরিস্থিতি চট করে বুঝে নিতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, দলের খেলোয়াড়দের ভালোভাবে সামলানোর দক্ষতা থাকতে হবে। যদি ব্যাটসম্যান, বোলার ও ফিল্ডারকে দারুণভাবে সামলাতে পারেন, তবে সেরা অধিনায়ক হতে পারবেন।

*ক্যারিয়ারের সবচেয়ে কষ্টের ও সুখের অভিজ্ঞতা বলুন।

রিচার্ডসন: সবচেয়ে সুখের অভিজ্ঞতা আমার প্রথম টেস্ট সেঞ্চুরি। অবশ্য যখন নির্বাচকেরা প্রথম দলে নিলেন সেটাও অনেক আনন্দের অনুভূতি। তবে একজন ব্যাটসম্যান হিসেবে প্রথম টেস্ট সেঞ্চুরিটা আমার কাছে অন্য রকম ভালো লাগা তৈরি করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে করেছিলাম। আর বাজে অভিজ্ঞতা সম্ভবত ১৯৯৬ বিশ্বকাপে সেমিফাইনালে হারটা। সত্যি ওই পরাজয়ে খুব হতাশ হয়েছিলাম।

*শেষ দুটি ম্যাচ (টেস্ট) ছাড়া আপনি ক্যারিয়ারজুড়ে হেলমেটই পরেননি। এখনকার ব্যাটসম্যান হলে কি এটা সম্ভব হতো?

রিচার্ডসন: হ্যাঁ, শেষ দুটি ম্যাচে হেলমেট পরেছিলাম। হয়তো অনেক বোঝার বয়স হয়েছে তখন (হাসি)। হেলমেট পরতে খুব অস্বচ্ছন্দ বোধ করতাম। যখন ক্রিকেট শুরু করি ওয়েস্ট ইন্ডিজে হেলমট পরার চলও খুব একটা ছিল না। নিজের ওপর আস্থা রেখেছি। দৃষ্টি, রিফ্লেক্সের ওপর বিশ্বাস ছিল। আমার সৌভাগ্য কখনো আঘাত পাইনি। অনুশীলনে দ্রুতগতির বোলারদের প্রচুর খেলতাম। তাতেও একটা অভ্যস্ততা গড়ে উঠেছিল।

*ব্যাটসম্যান, অধিনায়ক, টিম ম্যানেজার ও আইসিসির ম্যাচ রেফারি। আপনাকে নানা ভূমিকায় দেখা গেছে। এর মধ্যে কোন কাজটা সবচেয়ে কঠিন মনে হয়েছে?

রিচার্ডসন: (হাসি) সবচেয়ে কঠিন অবশ্যই অধিনায়কত্ব। যখন অধিনায়ক ছিলাম, দলে সাপোর্টিং স্টাফ খুব একটা ছিল না। কাজেই আমাকে একই সঙ্গে অধিনায়ক, কোচ, পরামর্শক, বাবা—সব ভূমিকাতেই থাকতে হতো। এটা বিরাট দায়িত্ব। দলকে সামলানো, একাদশ তৈরি, নিজে ভালো করা, কেউ ভালো না করলে তার পেছনে সময় ব্যয় করা, সব মিলিয়ে কঠিন এক কাজ। এখন তো অনেক সাপোর্টিং স্টাফ প্রতিটি দলে। অনেক কিছুই বদলেছে।