'আইসল্যান্ড পারলে বাংলাদেশ কেন নয়?'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
পল স্মলি
পল স্মলি
পেশাদারি কাঠামোয় দেশের ফুটবল সাজাতে চান বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এই প্রথম তাই একজন বিদেশি টেকনিক্যাল ডিরেক্টর (টিডি) নিয়োগ দেওয়া হচ্ছে। যাঁর নাম পল স্মলি। কী হবে তাঁর দায়িত্ব? এসব নিয়েই কাল বাফুফে ভবনে কথা বললেন এই ব্রিটিশ টিডি

* বাফুফে সভাপতি বলেছেন, আপনার নিয়োগটা হবে অন্তত দুই বছরের। আপনিই দেখাবেন উন্নয়নের পথরেখা। আপনি নিজে কতটা প্রস্তুত?

পল স্মলি: আমি তৈরি আছি। ফেডারেশন সভাপতির সঙ্গে কথা বলে মনে হলো, তাঁর সুদূরপ্রসারী একটা লক্ষ্য আছে। আমরা একসঙ্গে কাজ করতে উদ্গ্রীব।
* টেকনিক্যাল ডিরেক্টরের কাজের পরিধি বিশাল। নির্দিষ্ট করে যদি বলেন, আপনার প্রথম কাজটা কী হবে?
স্মলি: টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক দিকটি ঠিক করব আমি। তাই আমার পদের নাম টেকনিক্যাল ও স্ট্র্যাটেজিক ডিরেক্টর। আমার প্রথম কাজ হবে আগামী তিন, চার বা পাঁচ বছরে এমন একটা কৌশল নির্ধারণ করা যাতে বাংলাদেশের ফুটবল এগিয়ে যায়।
* ফিফা র্যা ঙ্কিংয়ের ১৮০-এর আশপাশে থাকা বাংলাদেশকে আপনি কীভাবে এগিয়ে নিতে চান?
স্মলি: খেলোয়াড়দের সক্ষমতা বাড়ানো খুবই জরুরি। ইউরোর আইসল্যান্ডের দিকে তাকান, মাত্র ৩ লাখ ৩০ হাজার জনসংখ্যার দেশটি কী দারুণভাবে খেলোয়াড়দের তৈরি করেছে। ১৬ কোটি মানুষের বাংলাদেশ থেকে তাহলে ভালো ফুটবলার তৈরি হবে না কেন?
* উত্তরটা সবাই জানে, বাংলাদেশের ফুটবলাররা শারীরিককভাবে দুর্বল...
স্মলি: দুর্বলতা তো আছেই। তবে সেদিন ফেডারেশন কাপের ফাইনাল দেখে মনে হয়েছে, ভালো শারীরিক গঠনেরও কিছু খেলোয়াড় আছে। কিছু স্কিলফুল খেলোয়াড়ও চোখে পড়েছে।
* সম্প্রতি অস্ট্রেলিয়া-বাংলাদেশ ম্যাচ দেখেছেন পার্থে। তা থেকে বাংলাদেশ দল সম্পর্কে আপনার ধারণা কেমন হয়েছিল?
স্মলি: মিশ্র। ওই ম্যাচে বাংলাদেশ দলের ট্যাকটিকসটা ভালো লাগেনি। মনে হয়নি খেলোয়াড়েরা শারীরিকভাবে বড় ম্যাচ খেলতে তৈরি ছিল। অস্ট্রেলিয়ার বারে একটা মাত্র লক্ষ্যভ্রষ্ট শট। আমি তখন অস্ট্রেলিয়ান ফেডারেশনের সঙ্গে কাজ করছিলাম, এখনো করছি। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ায় খেলতে যাওয়ার আগে বাংলাদেশ দল সম্পর্কে আমরা অনেক গবেষণা করে একটা প্রতিবেদন জমা দিই অস্ট্রেলিয়ান ফেডারেশনকে। আসলে বাংলাদেশকে নিয়ে অনেক কাটাছেঁড়া করে তবেই ম্যাচ খেলেছিল অস্ট্রেলিয়া। আমি নিশ্চিত নই এমন কিছু বাংলাদেশ করেছিল কি না।
* সারা পৃথিবীতেই খেলোয়াড় তুলে আনে ক্লাব। বাংলাদেশে ক্লাব এটা করে না। তাহলে ফেডারেশনের পক্ষে আসলে কতটা করা সম্ভব?
স্মলি: এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমিও চাই ক্লাব এগিয়ে আসুক। তাদের অনেক কিছু করার আছে। এ নিয়ে ক্লাবের সঙ্গে আমি ও বাংলাদেশ দলের কোচ টম সেন্টফিট বসব, আলোচনা করব।
* সারা পৃথিবীতে ৪-৫ বছর বয়স থেকেই শিশুদের ফুটবল-শিক্ষা শুরু হয়। বাংলাদেশে ঠিক কত বছর থেকে আপনি শুরু করতে চান?
স্মলি: ৪-৫ বছর বয়স থেকে শুরু করতে চাই। তবে এখানে সেটা সম্ভব কি না জানি না। খুব ছোট থেকে গড়ে না তুললে জাতীয় দলকে ভুগতে হয়। এবার বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশ দলের বেশির ভাগ ম্যাচই আমি দেখেছি। এই দলের উন্নতি চাইলে কিছু নতুন খেলোয়াড় লাগবে। নিচ থেকে খেলোয়াড়দের ফুটবল-শিক্ষা জরুরি, কোচ-এডুকেশনও আবশ্যক।
* আপনার খেলোয়াড়ি অভিজ্ঞতাও নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন?
স্মলি: অবশ্যই। ইংল্যান্ডে পেশাদার ফুটবলে ডিফেন্ডার ছিলাম। ইংল্যান্ড অনূর্ধ্ব-১৬, ১৭, ১৮ দলে খেলেছি। খেলা ছেড়ে ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে কাজ করেছি, ২০০২ সালে নিউজিল্যান্ড যাই। আশা করছি, এসব অভিজ্ঞতা বাংলাদেশে কাজে লাগাতে পারব।