'আউটটার কথা অনেক দিনই মনে পড়বে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>মাঠ থেকে হোটেলে ফিরেই ব্যাগ গোছাতে ব্যস্ত হয়ে পড়েছেন। সন্ধ্যা ৬টায় বেরোতে হবে দুবাইয়ের ফ্লাইট ধরতে। সেখানে পিএসএলে খেলবেন। মহাব্যস্ততার মধ্যেও হোটেল থেকে চেকআউট করার সময় উৎপল শুভ্রকে মিনিট পনেরো সময় দিলেন মাহমুদউল্লাহ
.
.

* প্রায় ১৯ মাস ও ১০ ইনিংস পর টেস্টে আপনার প্রথম ফিফটি! জানেন নিশ্চয়ই...
মাহমুদউল্লাহ: না, হিসাবটা ঠিক জানতাম না। শুধু এটা জানতাম, অনেক দিন বড় ইনিংস খেলতে পারছিলাম না। স্টার্ট হচ্ছিল। কিন্তু টেস্ট ক্রিকেটে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, স্টার্ট করার পর ইনিংসটাকে বড় করা। সেটা পারছিলাম না। এটা নিয়ে খুব চিন্তিতও ছিলাম। আজকেও আমি খুব একটা খুশি না। কারণ গত চার-পাঁচটা টেস্টের চেয়ে একটু ভালো ব্যাটিং করছিলাম। ফিলটা ভালো হচ্ছিল। এ কারণেই আফসোসটা আরও বেশি।
* আপনি যতক্ষণ ছিলেন, ততক্ষণ তো ম্যাচ বাঁচানোর একটা আশাও ছিল...
মাহমুদউল্লাহ: আমি ও রকম লম্বা চিন্তা করছিলাম না। লাঞ্চ পর্যন্ত যখন ব্যাটিং করলাম, ফিরে আসার সময় ভাবছিলাম, দেখি কী করা যায়! তখন টি পর্যন্ত ব্যাটিং করার চিন্তা করি। হয়নি। আমি সেশন বাই সেশন চিন্তা করছিলাম। যদি শেষ সেশনটায় যাওয়া যেত, তখন হয়তো চিন্তা করতাম, কী করা যাবে, কী করা যাবে না।
* মুশফিকের আউটটা কি প্রভাব ফেলেছে? পরের বলেই যেভাবে মারতে গেলেন...
মাহমুদউল্লাহ: প্রভাব ঠিক না, আমি চিন্তা করছিলাম কাউন্টার অ্যাটাক করার। আমি ভেবেছিলাম, হয়তো আস্তে বল করবে, কারণ এপাশে বেশি রাফ ছিল। মিড অন অনেক ওপরে ছিল। ভেবেছিলাম, বলটা যদি নাগালের মধ্যে পাই, আমি মিড অন ক্লিয়ার করতে পারব। এই আত্মবিশ্বাস আমার ছিল।
* এই চিন্তাটাই একটু বুঝতে চাচ্ছি। মুশফিকও অমন একটা শট খেলে আউট হলেন। যুক্তি দিলেন, ফিল্ডার সরাতে চেয়েছিলেন। এখানে ভারতের যেহেতু হারার সম্ভাবনা ছিল না, শট খেললেই যে ফিল্ডার সরিয়ে নেওয়া হবে, সেই নিশ্চয়তা কোথায় ছিল?
মাহমুদউল্লাহ: আমার যে গেমপ্ল্যান ছিল, তাতে ওই শটটা ঠিকই ছিল। যদিও মুশফিক আগের বলেই আউট হয়েছে, আমি আমার গেমপ্ল্যানে ঠিকই ছিলাম।
* সেটিই একটু বুঝতে চাচ্ছি।
মাহমুদউল্লাহ: (দৃশ্যতই একটু বিরক্ত) ওই ফিল্ডারটা তখন পিছিয়ে দিত। ওই শটটা খেলার চেষ্টা করার পরই তো ঠিকই পিছিয়ে দিয়েছে। তাতে সিঙ্গেল নেওয়ার সুবিধা হয়েছে। অশ্বিনকে যদি আপনি এক জায়গায় খেলতে থাকেন, ও যে কোয়ালিটির বোলার, তার ওপর ওপাশটাতে অনেক রাফ ছিল। গত দুই-তিন দিনের তুলনায় আজ বল বেশ টার্ন করছিল। এ কারণেই আমার চিন্তা ছিল, ওই ফিল্ডারটাকে যদি পিছিয়ে দেয়, তাহলে আমি আরেকটু স্বচ্ছন্দে ব্যাটিং করতে পারব।
* বল টার্ন করছিল বললেন। তবে ভারতের পঞ্চম দিনের উইকেট সাধারণত যেমন হয়, উইকেট তো মোটেই তেমন ছিল না...
মাহমুদউল্লাহ: ঠিকই বলেছেন, সে তুলনায় অনেক ভালো উইকেট ছিল। আমরা খুবই স্পোর্টিং উইকেট পেয়েছি। ব্যাট করার জন্য খুব ভালো উইকেট ছিল।
* এটার জন্য আফসোসটা কি একটু বেশি? দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ প্রায় ১০১ ওভার ব্যাটিং করেছে। দুটি ছোট পার্টনারশিপ হলেই হয়তো ম্যাচটা ড্র করা যেত...
মাহমুদউল্লাহ: ৪৫৯ রানের টার্গেট তো আর সম্ভব নয়। আমাদের সেশন বাই সেশন পার করতে হতো। হাতে উইকেট রেখে ছোট ছোট পার্টনারশিপ করতে হতো। এসব ক্ষেত্রে হয়তো আমাদের ঘাটতি আছে। তবে এই টেস্ট থেকে এই বিশ্বাসটা নিতে পারি যে, আমরা ওই মোমেন্টগুলো তৈরি করতে পারছি। বোলিংয়ে কোন সময় একটু রান থামানোর চেষ্টা করতে হবে, কখন আক্রমণে যেতে হবে। ব্যাটসম্যানদের ক্ষেত্রে নিজেদের খেলা বুঝে কখন ডিফেন্সিভ খেলতে হবে, কখন অ্যাটাকিং—এই জিনিসগুলো আমরা এখন ভালোই করছি। কিন্তু ছোট ছোট জায়গায় ভুল করার কারণে রেজাল্ট পাচ্ছি না। আজ যদি ড্র করতে পারতাম, খুবই ভালো লাগত।
* গত পরশু আপনি নটআউট ব্যাটসম্যান। রাতটা কেমন কেটেছে?
মাহমুদউল্লাহ: খুবই নরমাল।
* কীভাবে খেলবেন-টেলবেন, কোনো আলাপ-আলোচনা হয়নি?
মাহমুদউল্লাহ: আলোচনা তো হয়ই। দিনের খেলা শেষে যখন বাসে ফিরি বা ধরুন, আমরা বসে আছি আমি, সাকিব, মুশফিক, তামিম, মুমিনুল বা অন্য কোনো প্লেয়ার, হয়তো সৌম্য। তখন আমরা আলোচনা করতে থাকি, কালকে এভাবে ব্যাটিং করলে ভালো বা ওই বোলারটাকে এভাবে খেললে।
* ভারতে প্রথম টেস্ট ম্যাচ খেলার অভিজ্ঞতাটা কেমন হলো?
মাহমুদউল্লাহ: ভালো। খুবই ভালো। আগেই বললাম, উইকেটটা ভালো ছিল। স্পোর্টিং উইকেট ছিল। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এই টেস্ট ম্যাচটায় আমরা ভালো করেছি। তবে আরও ভালো করার ছিল। এখানে যা শিখলাম, যদি আমরা মনে রাখতে পারি, সামনে শ্রীলঙ্কায় টেস্ট আছে। যখন একই রকম পরিস্থিতি হবে, তখন মনে করতে পারব, এই পরিস্থিতিতে আমি ওই ভুলটা করেছিলাম। খেলতে খেলতে এই আইডিয়াটা হয়।
* র্যা ঙ্কিংয়ে এক নম্বর আর নয় নম্বর দলের খেলা মনে রাখলে বাংলাদেশ ভালোই করেছে। খেলার সময়ও কি মনে হয়েছে, ওরা আপনাদের চেয়ে অনেক ভালো, পার্থক্যটা অনেক?
মাহমুদউল্লাহ: র্যাঙ্কিং তো অবশ্যই কিছু না কিছু বলে। ওরা বিশ্বের সেরা দল, টানা ১৯টি টেস্টে অপরাজিত, নিশ্চয়ই ওরা ভালো ক্রিকেট খেলছে। তবে আমি যখনই টপ টিমের সঙ্গে খেলি, আমার ভালো লাগে। মনে হয়, এটা আমার জন্য একটা ভালো চ্যালেঞ্জ। নিজেকে টেস্ট করতে পারব। আমি ব্যাপারটাকে খুব সিম্পলভাবে দেখি। ভালো দলের সঙ্গে খেললে বুঝি, আমি কোন জায়গায় আছি, কোথায় উন্নতি করতে হবে।
* কোনো নির্দিষ্ট বোলার কি বেশি ভুগিয়েছে? সাকিব উমেশ যাদবের কথা বলছিলেন...
মাহমুদউল্লাহ: উফ্, উমেশ যা বোলিং করেছে...সাকিবের সঙ্গেও সেদিন কথা হচ্ছিল, আমি ওকে বললাম, উমেশ তো সাপের মতো বল রিভার্স করাচ্ছে। প্রথম ইনিংসে ১০ ওভার পর থেকেই ও বল রিভার্স করাতে শুরু করেছে।
* সাকিব বলেছেন, উমেশের ওই স্পেল তাঁর ক্যারিয়ারে খেলা সেরা। আপনিও কি তাই মনে করেন?
মাহমুদউল্লাহ: আমি তা বলছি না। তবে ইট ওয়াজ টাফ। খুব ভালো জায়গায় বল করেছে, সুইংটাও দারুণ কন্ট্রোল করেছে।
* টেস্টে বাংলাদেশের ভালো করতে না পারার একটা কারণ কী, স্টার প্লেয়াররা ঘরোয়া ফার্স্ট ক্লাস ক্রিকেটে খেলে না। তাহলে দীর্ঘ পরিসরে কীভাবে খেলতে হয়, সেটি শিখবেন কীভাবে?
মাহমুদউল্লাহ: স্টার প্লেয়ার...স্টার প্লেয়ার বলতে...
* স্টার প্লেয়ার মানে ন্যাশনাল টিমের প্লেয়াররা...
মাহমুদউল্লাহ: ও, আমার তো মনে হয়, সবাই খেলার চেষ্টা করে। আমিই যখন নিউজিল্যান্ড থেকে ফিরলাম, ভেবেছিলাম একটা চার দিনের ম্যাচ খেললে আমার খুব ভালো হয়। খেলতেও চেয়েছিলাম। কিন্তু হাতে সময় ছিল খুব কম। পরে চিন্তা করলাম, আমি আমার ফ্যামিলির সঙ্গে থাকতে পছন্দ করি। ওই সময়টা আমার দরকার। কারণ বিসিএল খেললে হয়তো ঢাকার বাইরে চলে গেলাম। তখন ওদের সঙ্গে থাকা হবে না। আমার মনে হয়, আমরা ন্যাশনাল টিমের প্লেয়াররা এখন আগের চিন্তা থেকে অনেক সরে এসেছি। ইন্টারন্যাশনাল ক্রিকেট খেললে ডমেস্টিক খেলব না, এমন কিছু না।
* বিরাট কোহলি বলেছেন, এই উইকেটে বেসিক ক্রিকেট করলেই রান করা যায়। যা শুনে মুশফিক বলেছেন, আমাদের দলে তো কোনো বিরাট কোহলি নেই। যদি প্রশ্ন করি, কেন নেই? কেন আপনাদের কেউ ‘বিরাট কোহলি’ হতে পারেন না?
মাহমুদউল্লাহ: এটার উত্তর দেওয়া কঠিন (হাসি)। বিরাট কোহলি একজনই। তবে আমাদের টিমে মুশফিক আছে, সাকিব আছে, তামিম আছে, সৌম্য আছে, মুমিনুল আছে...
* আপনি তো দেখি বাংলাদেশ টিমের সব ব্যাটসম্যানের নাম বলতে শুরু করেছেন। ভারতেরও তো কোহলি ছাড়াও রাহুল আছে, বিজয় আছে, রাহানে আছে, পূজারা আছে...। আমার প্রশ্ন হলো, বাংলাদেশ দলে অমন টপ ক্লাস প্লেয়ার কেন হবে না?
মাহমুদউল্লাহ: অবশ্যই হবে। যেটা আগেই বললাম, আমরা বছরে টেস্ট খেলি তিনটা-চারটা। বছরে তিন-চারটা টেস্ট খেলে বিরাট কোহলি পাওয়া খুব কঠিন। যদি আমরা নিয়মিত টেস্ট ম্যাচ খেলতে থাকি, তাহলে হয়তো একদিন হবে। বিরাট কোহলিই তো বলেছে, টেস্ট খেলাটা এমন যে, যত কম খেলবেন ততই উন্নতি করার সম্ভাবনা কমে যাবে। আমিও বিশ্বাস করি, আমরা যত টেস্ট খেলব, সেটা হোমেই হোক বা অ্যাওয়ে হোক, যদি আমরা খেলতে থাকি, আমরা ক্রমশই আরও ভালো হব।
* এই টেস্টের কী সবচেয়ে বেশি মনে পড়বে?
মাহমুদউল্লাহ: ওই আউটটার কথা মনে পড়বে। অনেক দিনই মনে পড়বে।
* ওই শটটা খেলার পেছনে চিন্তাটা কী ছিল?
মাহমুদউল্লাহ: আমি আসলে বলটা প্লেস করতে চেয়েছিলাম। আপনি খেয়াল করেছেন কি না, আমি এক পা উঠিয়ে মেরেছি। ওপাশটা অনেক বড়, তাই রিস্ক নিতে চাইনি। স্বাভাবিক সময়ে হয়তো আমি পুরো শক্তিতেই হুক করতাম। বলটা ছিল এ জায়গায় (বুক দেখিয়ে)। স্কয়ার লেগটা বেশি সামনে ছিল। ফাইন লেগ তো ফাইন লেগের জায়গায়ই ছিল। দুটির মাঝখানে বেশ ফাঁকা ছিল।
* আপনার আউটটা সবারই মনে পড়বে। আপনি থাকলে ম্যাচটা ইন্টারেস্টিং হতে পারত!
মাহমুদউল্লাহ: ইন্টারেস্টিং হতো কি না জানি না। তবে আমি চেষ্টা করছিলাম যতটুকু ফাইট করা যায়। আমাদের সবার মধ্যেই এখন এই বিশ্বাসটা আছে যে, ফাইট করি, তারপর দেখা যাক, কী হয়!

১৯
টানা ১৯ ম্যাচ অপরাজিত ভারত। ধারাটা টেস্ট ইতিহাসের পঞ্চম সেরা। ১৯৮২ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত টানা সর্বোচ্চ ২৭ ম্যাচে অপরাজিত ছিল ওয়েস্ট ইন্ডিজ।

৬
ষষ্ঠবারের মতো ম্যাচের দুই ইনিংসেই ১০০ ওভারের বেশি খেলল বাংলাদেশ।

৭০
৭০ বলে ৩ রান করেছেন কামরুল। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে ৭০ বা তার বেশি বল খেলে এর আগে সর্বনিম্ন ১০ রান করেছিলেন আশরাফুল (৯১ বল) ও জাভেদ ওমর (৭৮ বল)।

৩
তৃতীয়বারের মতো এক ইনিংসে বাংলাদেশের পাঁচ ব্যাটসম্যান ২০-এর ঘরে আউট হলেন।