>

কলম্বোয় সদ্য শেষ হওয়া দক্ষিণ এশিয়ান অ্যাকুয়াটিক চ্যাম্পিয়নশিপে জিতেছেন দুটি করে সোনা ও ব্রোঞ্জ। এসএ গেমসে পদকজয়ীদের ভিড়ে বাংলাদেশ দলে এবার বাড়তি আলো কেড়েছেন বিকেএসপির নবীন সাঁতারু আরিফুল ইসলাম। আরও অনেক দূর যাওয়ার স্বপ্ন দেখেন কিশোরগঞ্জের তরুণ
*পাঁচটি ইভেন্টে অংশ নিয়ে চারটিতে পদক।দুটিতেই সোনা।এতটা সাফল্য আশা করেছিলেন?
আরিফুল ইসলাম: শ্রীলঙ্কায় যাওয়ার আগে আমি যেমন আশা করেছিলাম, তেমনই হয়েছে। এটা আমার জন্য প্রত্যাশিত ফলই।
*আপনি এতটা আত্মবিশ্বাসী কীভাবে ছিলেন?
আরিফুল: সবকিছুর পেছনে বড় ভূমিকা আমার কোরিয়ান কোচ পার্ক তে গুনের। উনি আমাকে যেভাবে অনুশীলন করিয়েছেন, তাতে আরও বেশি সাফল্য আশা করছি। এবার আমার লক্ষ্য এসএ গেমস ও এশিয়ান গেমস।
*আপনি তো গত এসএ গেমসে ভারতে যেতে পারেননি।এর জন্য কি আফসোস হয়?
আরিফুল: ওই সময় আমার এসএসসি পরীক্ষা ছিল। এ জন্য যেতে পারিনি। তবে যদি যেতে পারতাম, তাহলে হয়তো বাংলাদেশ এসএ গেমস সাঁতারে আরও ভালো করত।
*গত বছর তো নিউজিল্যান্ডের সামোয়াতে যুব কমনওয়েলথ গেমসে অল্পের জন্য পদক জিততে পারেননি।
আরিফুল: আসলে সেবার সেমিফাইনালে উঠেছিলাম। কিন্তু আশা ছিল একটা পদক জয়ের। তবে ওই অভিজ্ঞতা এখানে কাজে লেগেছে।
*দুই বছর আগে কাতারে একটি হাইপারফরম্যান্স প্রোগ্রামে সোনা জিতেছিলেন।এর দুই বছর পর এল টানা দুটি সোনা।
আরিফুল: কাতারে ওটা ছিল একটা ট্রেনিং প্রোগ্রাম। বিশ্বের ৩৬টি দেশের তরুণ উদীয়মান সাঁতারুরা সেখানে অংশ নেয়। শেষ দিনের প্রতিযোগিতায় আমি সোনা জিতি। আমার পারফরম্যান্স দেখে আমাদের কোচ হামিদ স্যারকে অস্ট্রেলিয়ান এক কোচ বলেছিলেন, ‘এই ছেলে অনেক দূর যাবে।’ এটা শুনে আমার খুব ভালো লেগেছিল।
*শ্রীলঙ্কায়ও নিশ্চয় এমন কথা শুনেছেন?
আরিফুল: কলম্বোয় ভারত, মালদ্বীপ ও নেপালের কোচ বলেছেন, ‘তুমি কি বিদেশে অনুশীলন করো?’ গ্যালারি থেকে এক শ্রীলঙ্কান দর্শকও একই কথা বললেন। বললেন, এই বয়সে তো এত উন্নতি করা সম্ভব নয়। আমি সবাইকে বলেছি, আমাদের একজন কোরিয়ান কোচ আছেন। উনি খুবই ভালো মানের। ওনার অধীনেই অনুশীলন করছি।
*আপনি তো টানা চার বছর বয়সভিত্তিক সাঁতারে সেরা হয়েছেন।
আরিফুল: পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করি। এবারও জাতীয় বয়সভিত্তিকে ১৩টি ইভেন্টের মধ্যে ১২টিতে সোনা জিতেছি। ৯টিই রেকর্ড। এসবই আমাকে আন্তর্জাতিক অঙ্গনে ভালো সাঁতরানোর অনুপ্রেরণা জোগায়। আমার টাইমিংয়ে এখন যথেষ্ট উন্নতি হয়েছে। মূলত ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে বেশি জোর দিচ্ছি।
*এসএ গেমসে সোনা জিতেছিলেন কিশোরগঞ্জের কারার মিজান।তাঁর সম্পর্কে জানেন?
আরিফুল: উনি আমার দূরসম্পর্কের মামা। তবে আমি তাঁকেও ছাড়িয়ে যেতে চাই।