'আদালতের রায় মেনে নেব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামিন নিয়ে বিশ্বকাপ খেলতে গিয়েছিলেন। সফল একটা বিশ্বকাপ শেষে পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজেই পড়লেন চোটে। সেই চোটের সঙ্গে লড়াই এখনো শেষ হয়নি, লড়তে হচ্ছে আদালতেও। তবে পেসার রুবেল হোসেনের আশা, সব লড়াই জিতে ফিরতে পারবেন ভারত সিরিজেই
 চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে পুরো টেস্ট সিরিজে খেলতে পারলেন না। এখন কী অবস্থা?

রুবেল হোসেন
রুবেল হোসেন

রুবেল হোসেন: আল্লাহর ইচ্ছায় এখন অনেকটা ভালো। দুই দিন বল করেছি। শর্ট রানআপে বল করতে কোনো সমস্যা হয়নি। তবে পুরো রানআপে বল করার সময় শরীরের বাঁ দিকে একটু সমস্যা লাগছিল।
 মাঠে ফিরতে পারবেন কবে?
রুবেল: ডাক্তাররা বলেছেন তিন সপ্তাহ পর। সেটা ২৩-২৪ তারিখের দিকে শেষ হবে। তবে এখন আমি ৭০ শতাংশ জোর দিয়ে বল করছি। পুরো শক্তিতে বল করলেই আসলে বোঝা যাবে কী অবস্থা।
 ভারত সিরিজে খেলার ব্যাপারে কতটা আশাবাদী?
রুবেল: আমি তো আশাবাদী, খেলব। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। ইনশা আল্লাহ, সিরিজের আগে সুস্থ হয়ে যাব।
 ২৪ মে থেকে বিসিএলের চূড়ান্ত পর্ব শুরু হবে। ওটা দিয়েই কি মাঠে ফিরতে পারবেন?
রুবেল: আগামী দুই দিন বল করে যদি ব্যথা অনুভব না করি আর ফিজিও-ও যদি বলে খেলতে সমস্যা হবে না, তাহলে অবশ্যই ম্যাচটা খেলতে চাই।
 ওয়ানডেতে আপনার পারফরম্যান্স ভালো হলেও আপনি যে মানের বোলার, সেটার ছায়া নেই টেস্টের পারফরম্যান্সে। এটা কেন?
রুবেল: খেয়াল করলে দেখবেন আমি আমার ক্যারিয়ারের বেশির ভাগ টেস্ট খেলেছি দেশের মাটিতে। আর দেশের মাটিতে পেসসহায়ক উইকেট খুব কমই পাই আমরা। তার পরও চেষ্টা করি ভালো বল করতে। তবে অধিনায়ক আমাকে যেকোনো সময় যেকোনো স্পেলে বল দিলেই আমি জোরে বল করতে পারি। আমি মনে করি, ওটাই আমার প্লাস পয়েন্ট।
 পাকিস্তানের বিপক্ষে ঢাকা টেস্টে তো পেসবান্ধব উইকেট ছিল। খেলতে পারেননি বলে আফসোস আছে নিশ্চয়ই...
রুবেল: আফসোস তো আছেই। পেস বোলিংয়ের উইকেট ছিল। বাউন্স ছিল, বল উঠেছে। রাজীব ভাইয়ের (শাহাদাত হোসেন) টেস্টে অনেক ভালো রেকর্ড আছে। উনি চোট না পেলে আমার ধারণা, খেলাটা অন্য রকম হতে পারত। ওখানেই আমরা পিছিয়ে গেছি। শহীদ দলে নতুন, ওর একার ওপর অনেক চাপ পড়ে গেছে।
 আপনার বিরুদ্ধে তো একটা মামলা আছে। আজ (গতকাল) তাতে আরেকবার জামিন পেয়েছেন শুনলাম...
রুবেল: হ্যাঁ, আজ (গতকাল) আদালতে গিয়েছিলাম, জামিন নিলাম। আদালত জানিয়েছেন, দুই দিন পর শুনানি হবে। ২০ মে শুনানির দিন ঠিক করা হয়েছে।
 কিন্তু মাঝে তো শোনা গিয়েছিল বাদিনী মামলা তুলে নিয়েছেন!
রুবেল: না, মামলা তোলেনি। তবে পুলিশের তদন্তে তার কোনো অভিযোগেরই সত্যতা মেলেনি। মেডিকেল রিপোর্ট থেকে শুরু করে কোনো কিছুতেই অভিযোগের পক্ষে প্রমাণ পাওয়া যায়নি। কিন্তু পুলিশের দেওয়া চূড়ান্ত রিপোর্টের ওপর সে নারাজি দিয়েছে। সে জন্যই শুনানি হবে। এই শুনানিতেও অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে মামলা বাতিল হয়ে যেতে পারে বলে আমার আইনজীবীরা আমাকে জানিয়েছেন। তবে আদালত যে রায়ই দেবেন, আমি তা মাথা পেতে মেনে নেব।