আন্তর্জাতিক অঙ্গনে দীর্ঘদিন দাপটের সঙ্গে ম্যাচ পরিচালনা করেছেন। এবার যাচ্ছেন অবসরে। ঘরোয়া ফুটবলেও আর রেফারিং করবেন না। কাল এসব নিয়েই কথা বললেন বাংলাদেশের ফুটবল রেফারিংয়ের মুখ হয়ে ওঠা তৈয়ব হাসান বাবু

* শুনলাম আপনি বাফুফেকে চিঠি দিয়ে জানিয়েছেন আর রেফারিং করবেন না...
তৈয়ব হাসান: হ্যাঁ, ১৯৯৯ সাল থেকে আন্তর্জাতিক ফুটবলে রেফারিং করে এসেছি। ১৭-১৮ বছর হলো। আর কত! ৪৫ বছরের পর বিশেষ বিবেচনা ছাড়া এএফসির প্যানেল থেকে অবসর নিতে হয়, আমি ৪৫ পেরিয়েছি। ঘরোয়া ফুটবলেও আর করব না। ফিটনেস ধরে রাখার ব্যাপার আছে। গত ডিসেম্বর হাঁটুতে চোট পাই। সব মিলিয়েই এই সিদ্ধান্ত।
* কিন্তু আপনার চলে যাওয়া রেফারিদের অনেকের চোখেই একটা শূন্যতা।
তৈয়ব: প্রায় ৩০ বছরে ধরে ঘরোয়া খেলায় রেফারিং করলাম। অনেক অভিজ্ঞতা হয়েছে। সেদিন আমরা কয়েকজন রেফারিজ অ্যাসোসিয়েশনের অফিসে বসে অনার্স বোর্ড দেখছিলাম, জেড আলম সাহেব একসময় সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ করেছেন। তাঁকে অতিক্রম করে আমিই সবচেয়ে বেশি সময় আন্তর্জাতিক ম্যাচ করলাম। এটা পাকিস্তান আমল থেকেই ধরতে পারেন।
* বাংলাদেশের ফুটবলের মান যা-ই হোক, রেফারি হিসেবে আপনি দশ বছর দাপটের সঙ্গে এএফসির এলিট প্যানেলে ছিলেন। নিশ্চয়ই এটা বড় অর্জন?
তৈয়ব: অবশ্যই। ১০০টির ওপরে আন্তর্জাতিক ম্যাচ করেছি, ‘৯৯ অলিম্পিক বাছাইয়ে ভিয়েতনামে ম্যাচ দিয়ে শুরু। এএফসিতে সেরা ২৫ রেফারির তালিকায় ছিলাম। হেলাল ভাই বাফুফের সাধারণ সম্পাদক থাকার সময় এএফসির তৎকালীন সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম আমাকে ভালো রেফারিংয়ের স্বীকৃতি হিসেবে প্রশংসাপত্র দেন।
* আপনার অনেক প্রশংসা এএফসির রেফারিজ কমিটির প্রধানের মুখেও শুনেছি। ছোট দেশের বড় রেফারি বলা হতো আপনাকে। এটা কতটা উপভোগ করতেন?
তৈয়ব: অবশ্যই ভালো লাগত। এটা আমার পরিশ্রমেরই ফল। আমি এএফসি চ্যাম্পিয়নস লিগে হাই ভোল্টেজ ম্যাচ চালিয়েছি। জাপান-কোরিয়া শীর্ষ দলের খেলা চালিয়ে প্রশংসা পেয়েছি। উজবেকিস্তান-সংযুক্ত আরব আমিরাত জাতীয় দলের ম্যাচ করেছি, এমন অনেক ম্যাচই আছে।
* স্মরণীয় কোনো ম্যাচের কথা মনে পড়ছে?
তৈয়ব: কাজাখস্তানে মাইনাস ২২ ডিগ্রিতে পুরো মাঠ বরফে ঢাকা। চার-পাঁচটা পোশাক পরে মাঠে নামি। সাফের ফাইনালে বাঁশি বাজিয়েছি। এসবই স্মরণীয়।
* আপনি সাতক্ষীরায় দৈনিক জনকণ্ঠ-এর জেলা প্রতিনিধি ছিলেন। সেখান থেকে এত দূর উঠে এলেন। সেই আপনি একবার উত্তর কোরিয়া-ইরাকের ম্যাচে স্বাগতিক উত্তর কোরিয়ার বিপক্ষে শেষ সময়ে পেনাল্টি দিয়ে আলোড়ন তুলেছিলেন এএফসিতে। মনে পড়ে?
তৈয়ব: ২০০৭ সালে অলিম্পিক বাছাই ম্যাচের ঘটনা। এর আগে উত্তর কোরিয়ায় সিরিয়ার একজন রেফারি হামলার শিকার হন। তো আমি উত্তর কোরিয়ার বিরুদ্ধে ইরাকের পক্ষে পেনাল্টি দিই শেষ সময়ে, স্টেডিয়ামে পিনপতন নীরবতা। ম্যাচ ড্র। উত্তর কোরিয়া বাদ, ইরাক কোয়ালিফাই করে অলিম্পিকে।
* শুনেছি ওই পেনাল্টি আপনাকে আরও সামনে এগিয়ে দেয়...
তৈয়ব: ওই পেনাল্টি নিয়ে হইচই হয়, আমি ও ম্যাচ কমিশনার মালয়েশিয়ার দাতো ইয়াবি বিচলিত ছিলাম। মজার ব্যাপার, ১৫ দিন পর অস্ট্রেলিয়ায় অ্যাসাইনমেন্ট পাই, তার মানে ওই পেনাল্টি ঠিক ছিল। ওই ম্যাচ কমিশনার অস্ট্রেলিয়াতেও আমাকে জড়িয়ে ধরলেন, ম্যানেজার্স মিটিংয়ে বললেন, আমি এশিয়ার একজন সাহসী রেফারি।
* কখনো তো ফিটনেস টেস্টে আপনি বাদ পড়েননি। অথচ সাম্প্রতিক সময়ে আমাদের দুজন রেফারি এএফসিতে গিয়ে ফেল করছেন।
তৈয়ব: হ্যাঁ, আমি এলিটে ঢুকে কখনো বাদ পড়িনি। এখন আমার কষ্ট ও আফসোস হচ্ছে, এলিটে কেউ আর থাকছে না আমার পর। আমি এলিটে থাকার সুবাদে স্বয়ংক্রিয়ভাবে আমার সঙ্গে দুজন সহকারী ও একজন চতুর্থ রেফারি ছিল এলিটে। তারা এখন থাকবে। কিন্তু আমাদের কোন রেফারি থাকছে না এলিটে, এটাই হতাশার।
* তাহলে দেশের রেফারিং কোথায় রেখে যাচ্ছেন?
তৈয়ব: ভবিষ্যৎ পাইপলাইন আরও শক্তিশালী হওয়া দরকার। এসব নিয়ে কাজ করতে রেফারিজ ইনস্ট্রাকটরের কোর্স করে এসেছি মালয়েশিয়ায়।