'আমরা একইভাবে ভাবি'

ব্যাট হাতে দারুণ সব জুটি গড়েছেন, জুটি তাঁরা মাঠের বাইরেও। মাহেলা জয়াবর্ধনে ও কুমার সাঙ্গাকারার সেই বন্ধুত্বও যেন ক্রিকেট রূপকথারই অংশ। টেস্ট ক্রিকেট থেকে প্রিয় বন্ধুর বিদায়বেলায় ক্রিকইনফোর সঙ্গে সাক্ষাৎকারে কুমার সাঙ্গাকারা কথা বলেছেন মাঠে ও মাঠের বাইরে অনেক স্মৃতি নিয়ে। সেটিরই নির্বাচিত অংশ
l প্রথম দেখায় তাঁকে (জয়াবর্ধনে) কেমন মনে হয়েছিল?
সাঙ্গাকারা: প্রথম দেখায় যে কারোরই ওকে খুব সিরিয়াস বলে মনে হবে। তবে সম্পর্কের জড়তাটা কেটে গেলে মাইয়ার (মাহেলা) মজার দিকটা দেখা যায়। ওকে যারা চেনে তারা অনেকেই বলেছে, প্রথম দেখায় মনে হবে খাবারের টেবিলে ভ্রু কুঁচকে একটা লোক বসে আছে। যার সঙ্গে কথা বলব কী বলব না এ নিয়ে ভাবতে হয়। প্রথম দেখায় আসলে তার সম্পর্কে এ রকম একটা ধারণা তৈরি হবে। তবে যেহেতু আমরা সমবয়সী ছিলাম, আমাদের জমতে বেশি সময় লাগেনি। বাকি সবাই আমাদের চেয়ে একটু বয়সী ছিল, এটাও একটা কারণ।
l আপনার আর জয়াবর্ধনের মধ্যে কী কী ব্যাপারে মিল?
সাঙ্গাকারা: আমরা একইভাবে ভাবি। আমরা দুজনেই বাইরে ঘুরতে পছন্দ করি, ভালো রেস্টুরেন্টে খেতে পছন্দ করি, যে দেশে যাই সেটা ঘুরে দেখতে পছন্দ করি। ক্রিকেট, সিনেমা এমন অনেক কিছু নিয়ে কথা বলতে আমাদের ভালো লাগে। সিনেমা কিংবা গানের পছন্দ হয়তো একই রকম নয়। কিন্তু এসব ব্যাপারে উৎসাহটা একই রকম। আমার মনে হয় এটাই আমাদের দুজনকে কাছাকাছি নিয়ে এসেছে।
l জয়াবর্ধনের কোন ইনিংসটা দেখে আপনার মনে হয়েছে ও একজন অসাধারণ খেলোয়াড়?
সাঙ্গাকারা: ভারতের বিপক্ষে এসএসসিতে (কলম্বো) তাঁর ২৪২ রান (ফেব্রুয়ারি, ১৯৯৯) অথবা গলে নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর ১৬৭ (জুন, ১৯৯৮)। গলে প্রথম দিন থেকেই বল ঘুরতে শুরু করেছিল। এমন একটা উইকেট, যেখানে নিউজিল্যান্ড রানই পাচ্ছিল না, সেখানে সে কী অবলীলায় খেলে গেল!
l কলম্বোতে ২০০৬ সালে আপনাদের দুজনের সেই দারুণ জুটি (৬২৪, বিশ্ব রেকর্ড)। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কা ২ উইকেটে ১৪ রান, সেই সময় দুজন জুটি বেঁধেছিলেন। সেই জুটিটা কীভাবে হয়েছিল?
সাঙ্গাকারা: আসলে সেটা ছিল ‘ব্যাট করো আর রান তোলো’ এমন সহজ ব্যাপার। দক্ষিণ আফ্রিকা খুব সহজেই অলআউট হয়ে গিয়েছিল। আমরা প্রথম বল থেকেই আক্রমণ শুরু করলাম এবং পুরো ইনিংসে সেই ছন্দটা ধরে রাখলাম। একবারও পেছনে ফিরে তাকাইনি, একবারও বোলারদের ছাড় দেওয়ার কথা ভাবিনি। আমরা যেভাবে ইচ্ছা সেভাবেই শট খেলতে পারছিলাম। শুরুর কিছুটা সময় ছাড়া আমরা যেন ইচ্ছামতো বাউন্ডারিতে বল পাঠাতে পারছিলাম আর দক্ষিণ আফ্রিকানদের ওপর চাপ একটু একটু করে বাড়ছিল। একসময় তো আমার মনে হচ্ছিল ওরা আমাদের কখনোই আউট করতে পারবে না। আর সে কারণেই আমরা আরও মুক্তভাবে খেলতে শুরু করলাম। ওরা খুব রক্ষণাত্মক ফিল্ডিং সাজিয়েছিল, কিন্তু তার পরও আমরা আক্রমণ করে গেছি এবং রান করেছি।
l তাঁর ব্যাটিংয়ের কোন দিকটা আপনাদের এমন দারুণ সব জুটি গড়তে সাহায্য করেছে?
সাঙ্গাকারা: ও খুব সহজেই চাপটা প্রতিপক্ষের ওপর দিয়ে দিতে পারে। ফলে আমরা দুজনেই পালা করে আক্রমণাত্মক ও রক্ষণাত্মক ভূমিকা নিতে পারি। এটাই মাইয়ার (মাহেলা) সঙ্গে ব্যাট করার সবচেয়ে ভালো দিক। স্ট্রাইক বদল হয়, বাউন্ডারিও আসে।
l জয়াবর্ধনে আপনার ব্যবসায়িক অংশীদারও। খেলার বাইরে ব্যবসার সঙ্গী হিসেবে তিনি কেমন?
সাঙ্গাকারা: আমাদের একটা মিল হলো, আমরা দুজনেই বুঝি যে, আমরা ব্যবসা খুব একটা ভালো বুঝি না। এটা আমাদের খুব জলদি বুঝতে হবে। একই সঙ্গে আমরা চেষ্টা করি যাদের আমরা বিশ্বাস করি তাদের সঙ্গে কাজ করতে। আমাদের কোনো উদ্যোগ যদি ব্যর্থও হয়, আমাদের বন্ধুত্বের কোনো ক্ষতি না করেই সেটি থেকে সরে আসার কথাটা আমরা মাথায় রাখি।