'আমরা চ্যাম্পিয়ন হতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
সৈয়দ গোলাম জিলানী
সৈয়দ গোলাম জিলানী
বেশির ভাগ সময় বয়সভিত্তিক দলগুলোর দায়িত্বে থাকেন। এবার পেয়েছেন অনূর্ধ্ব-১৬ দল। মাত্র ২২ দিনের অনুশীলনে বাংলাদেশ দলকে সেমিফাইনালে তুলে এনেছেন কোচ সৈয়দ গোলাম জিলানী। সে প্রসঙ্গ তো আছেই, সিলেট জেলা স্টেডিয়ামে বসে কাল কথা বললেন নানা বিষয়ে

* বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে হারিয়ে দেবে বাংলাদেশ, এতটা আশা করেছিলেন?
সৈয়দ গোলাম জিলানী: আমরা বছর পাঁচেক ধরে ভারতের সঙ্গে বয়সভিত্তিক বা বড়দের কোনো পর্যায়েই জিততে পারিনি। এবার ফুটবলারদের প্রতিজ্ঞা ছিল ভারতের সঙ্গে ভালো খেলতে হবে। ছেলেরা কথা রেখেছে। আমরা বলেছি, ভালো খেললে অবশ্যই জিতব। এবং কাঙ্ক্ষিত জয় পেয়েছি।
* এই দলটার ভালো করার পেছনের উপাদানগুলো কী?
জিলানী: ছেলেদের মনোবল চাঙা করতে অনেক কিছু করেছি। ওদের বলেছি, নিজের মাঠে খেলা। তোমরা শতভাগ নিংড়ে দেবে। ওরা সেটাই করেছে। এ ছাড়া এই টুর্নামেন্টের আগে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি সেইলর অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল। সেখান থেকে প্রায় ২০০ ফুটবলার বেছে নিই। এরপর ধাপে ধাপে ৬০ জন, পরে ৩২ জন নিয়ে ক্যাম্প শুরু করি। এর আগে এত সুন্দরভাবে বাছাইপ্রক্রিয়া হয়নি। এ জন্য বাফুফের ডেভেলপমেন্ট কমিটিকে ধন্যবাদ দিতে চাই।
* বাফুফের একাডেমির চালু করার সুফলও তো বলা যেতে পারে এটিকে...
জিলানী: তা তো অবশ্যই। বাফুফের একাডেমির ছয় কিশোর আছে এই দলে। বিকেএসপির ৯ জন। বাকি সবাই সেইলর অনূর্ধ্ব-১৫ টুর্নামেন্টের। শুধু একজন বাইরের।
* সেই একজন কে?
জিলানী: কিশোরগঞ্জের ভূঁইয়া একাডেমির স্ট্রাইকার নিপু। আমি এক জায়গায় গিয়ে ওর খেলা দেখে মুগ্ধ হই। এরপর ওকে নিজ দায়িত্বে তুলে এনেছি। এই টুর্নামেন্টে চমৎকার খেলছে ছেলেটা।
* গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে কি প্রতিপক্ষ হিসেবে আফগানিস্তানকে চেয়েছিলেন?
জিলানী: আফগানিস্তান ও নেপালের খেলা দেখেছি। ভারী বৃষ্টির কারণে আজ (কাল) মাঠ খেলার একেবারে অনুপযোগী হয়ে পড়ে। এই মাঠে স্বাভাবিক খেলা খুব কঠিন। তবে দুই দলের খেলাই ভালো লেগেছে। আফগানিস্তান টেকনিক্যালি ও ট্যাকটিক্যালি বেশ ভালো। নেপাল শুকনো মাঠে ভালো খেলতে পারে। তবে যে দলই আসুক না কেন আমাদের জিততে হবে।
* সেমিফাইনাল নিয়ে পরিকল্পনা কী?
জিলানী: ম্যাচ বাই ম্যাচ ধরে এগোতে চাই। প্রথম দুই ম্যাচ সেভাবেই এগিয়েছি। এখন আমার লক্ষ্য সেমিফাইনাল। এই ম্যাচ জিতলে সব রণকৌশলই প্রয়োগ করব। তবে এখনই তা বলতে চাইছি না।
* গত আসরে সেমিফাইনালে হেরেছিল বাংলাদেশ। সেই দলের সঙ্গে এই দলের পার্থক্য কোথায়?
জিলানী: গত দুবার আমি দায়িত্বে ছিলাম না। তবে যাঁরা দায়িত্বে ছিলেন তাঁদের কাছ থেকে ধারণা নেওয়ার চেষ্টা করেছি আসলে আমাদের সমস্যা কোথায় ছিল। সেসব শুধরে এই দলটাকে আরও শক্তিশালী করার চেষ্টা করেছি। এটা অনেক ভারসাম্যপূর্ণ দল।
* নিশ্চয়ই এই দল নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছেন?
জিলানী: স্বপ্ন কে না দেখে! আমরাও দেখছি। সেমিফাইনালে যে চার দল উঠেছে প্রতিটি দলই শক্তিশালী। তবে অবশ্যই একজন কোচ হিসেবে আমার লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া।
* সিলেটের দর্শক কি চাপ নাকি অনুপ্রেরণা?
জিলানী: ছেলেরা দর্শক দেখে আরও উজ্জীবিত হয়েছে। দর্শক হলো খেলার প্রাণ, যেমন নেপাল। দর্শকই নেপালের ফুটবলারদের ৫০ ভাগ উজ্জীবিত করে। আমি মনে করি সিলেটের দর্শক আমাদের ছেলেদের ভালো খেলতে অনুপ্রেরণা জোগাচ্ছে। কেউই নার্ভাস হচ্ছে না। প্রত্যেকে স্বাভাবিক খেলাটাই খেলছে। আশা করি, সেমিফাইনালেও ভালো খেলবে ওরা।