>

সেঞ্চুরি হাতছানি দিচ্ছিল প্রথম দিন শেষেই। কিন্তু বর্ষাক্রান্ত ফতুল্লা টেস্টে মুরালি বিজয় সেই সেঞ্চুরিটা পেলেন কাল তৃতীয় দিনে এসে, আউট হওয়ার আগে করলেন ১৫০ রান। ম্যাচের পর সংবাদ সম্মেলনে ভারতীয় ওপেনার কথা বললেন তাঁর ইনিংস, তৃতীয় দিন শেষে দলের অবস্থানসহ বিভিন্ন বিষয়ে
* আউট হওয়ার পর হতাশ মনে হলো, ডাবল সেঞ্চুরির প্রত্যাশা ছিল নিশ্চয়ই?
মুরালি বিজয়: এত দূর ভাবিনি। আমি আরেকটু ব্যাটিং করতে চেয়েছিলাম যাতে দলের রানটা ৫০০-এর কাছাকাছি যায়। জানতাম বৃষ্টি আসবে। ওই সময় ওটাই আমার পরিকল্পনা ছিল। কিন্তু শট খেলার জন্য ভুল বল বেছে নিলাম।
* বারবার বৃষ্টিবিরতির সঙ্গে কীভাবে মানিয়ে নিচ্ছিলেন?
বিজয়: সত্যি কথা বলতে, নিজের সেরা ব্যাটিংটা করতে পারছিলাম না। আমি চেয়েছিলাম উইকেটের সঙ্গে মানিয়ে নিতে আর উইকেট না দিতে। জানতাম একটা পর্যায়ে গিয়ে বোলাররা ক্লান্ত হবে। আর বাংলাদেশের যেহেতু চারজন স্পিনার, আমি সুযোগটা তখনই কাজে লাগাতে চেয়েছিলাম। বারবার বিরতির পর উইকেটে গিয়ে মানিয়ে নেওয়া একটু কঠিনই। কিন্তু পেশাদার হিসেবে এটা আপনাকে করতে হবে।
* জুবায়ের হোসেনকে কেমন দেখলেন? প্রথম দিনের চেয়ে আলাদা?
বিজয়: আমার মনে হয়, বাংলাদেশের কোচ এ প্রশ্নের ভালো জবাব দিতে পারবেন, আমি নই। আমি খুব একটা পার্থক্য দেখিনি। সে ভালো বোলার বলেই বাংলাদেশ দলে খেলছে। আশা করি, সে ভালো করবে।
* বৃষ্টিতে অনেক সময় নষ্ট হয়েছে, এখনো জয়ের কথা ভাবছেন?
বিজয়: অবশ্যই। আমরা জয়ের জন্যই খেলব। আবহাওয়া ঠিক থাকলে জয়ের সর্বোচ্চ চেষ্টাই করব।
* টেস্ট ও ওয়ানডে দুই ধরনের ক্রিকেটে ব্যাটিংয়ের পার্থক্য কতটুকু?
বিজয়: ওপেনার হিসেবে আপনার কাজ হচ্ছে ফুরফুরে মনে উইকেটে যাওয়া, মৌলিক বিষয়গুলো ঠিক রাখা এবং আত্মবিশ্বাস রাখা। আপনাকে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলাটা বদলাতে হবে, যেটি আমার ভবিষ্যতের জন্য খুবই দরকারি। এ মুহূর্তে আমি খুব ভালো অবস্থায় আছি, ভালো ব্যাট করছি।
* টেস্ট সেঞ্চুরির সামনে দাঁড়িয়ে দ্বিতীয় দিনের পুরোটা হোটেলে কাটানো কঠিন ছিল কি?
বিজয়: না, কঠিন ছিল না। কাল খেলা হয়নি এটা খুব দুঃখজনক, কিন্তু এ রকম হতেই পারে। আমার মনে হয় যদি আবহাওয়ার কথা মাথায় রেখে আমাদের আরও দ্রুত রান তুলতে পারতাম। প্রথম দিন শেষে যদি ২৬০-২৭০ হতো তাহলে আমাদের জন্য খুব ভালো হতো। কিন্তু এখনো আমরা ভালো অবস্থায় আছি।
* স্পিনাররা তো উইকেটের ভালো সাহায্য পাচ্ছে। হরভজন-অশ্বিনও ভালো করবেন বলে আশাবাদী নিশ্চয়ই?
বিজয়: অবশ্যই। তারা দুজন অন্য রকম বোলার। এই উইকেট থেকে তারা দুজনই সাহায্য পাবে।
* সঙ্গী হিসেবে ধাওয়ান কি শুরু থেকে কাজটা অনেক সহজ করে দিয়েছেন?
বিজয়: আপনাকে পরিস্থিতি অনুযায়ীই খেলতে হবে। তবে সঙ্গী ছন্দে থাকলে আপনার খুব বেশি ঝুঁকি নিতে হয় না। বিশেষ করে এই ধরনের পরিস্থিতিতে। শিখর যখন ব্যাট করছিল আমি শুধু চেয়েছি অনর্থক শট না খেলতে এবং স্ট্রাইক বদলাতে।
* শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করাটা কি পরিকল্পনার অংশ ছিল?
বিজয়: বললামই তো আপনাকে খেলতে হবে পরিস্থিতি অনুযায়ী। আমরা চেয়েছি ইতিবাচক খেলতে এবং স্কোরবোর্ডে যত বেশি পারা যায় রান তুলে ওদের চাপে ফেলতে। ওটাই আমার প্রাথমিক লক্ষ্য ছিল এবং আমি মনে করি আমরা সেটা করতে পেরেছি। রাহানে নিঃস্বার্থভাবে চমৎকার একটা ইনিংস খেলেছে। সব মিলিয়ে দল হিসেবে আমরা খুব ভালো করছি।
* জুনের বৃষ্টির সময় টেস্ট সূচি রাখা কতটা যৌক্তিক? ড্র হলে তো ভারত র্যা ঙ্কিংয়ে নিচে নেমে যাবে...
বিজয়: প্রথমত এই টেস্টের সূচি নিয়ে আমরা কিছু বলতে পারব না। এটা নির্ভর করে পুরো মৌসুমের সূচির ওপর। আর র্যা ঙ্কিংয়ের ব্যাপারে...এখনো এত দূর ভাবিনি। আমার মনে হয় দলের প্রায় সবাই-ই এত দূর ভাবেনি।