
মাত্রই ঘরের মাঠে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবল জিতেছে বাংলাদেশ। নেপালে অনূর্ধ্ব-১৯ সাফ জয়েরও সুযোগ সামনে। ফাইনালে উঠতে আজ অবশ্য পেরোতে হবে ভারত-বাধা। বাঁচা-মরার এই লড়াইয়ের পাশাপাশি দক্ষিণ এশিয়ার বয়সভিত্তিক ফুটবল নিয়ে কাঠমান্ডু থেকে ফোনে কথা বললেন বাংলাদেশ যুব দলের কোচ সাইফুল বারী টিটু
* কী মনে হয় ভারতের সঙ্গে জিতবেন?
সাইফুল বারী টিটু: জয়ের আশা অবশ্যই রাখি। তবে আমার চোখে ভারতই এই প্রতিযোগিতার সেরা দল। ওদের সঙ্গে জিততে আমাদের সেরা ফুটবলের চেয়েও ভালো খেলতে হবে। ছেলেদের সেভাবেই উজ্জীবিত করেছি।
* এমনিতে ভারতের সঙ্গে বাংলাদেশ দলের পার্থক্য কী?
টিটু: ভারতের এই দলটি চার-পাঁচ বছর ধরেই একসঙ্গে খেলছে। আমাদের দলও ধাপে ধাপে তৈরি হয়েছে, তবে ভারতের প্রক্রিয়াটা তুলনামূলক দীর্ঘ। ভারত ৪-৪-২ ছকে খেলে, লম্বা বলে বলে যায়। আমরা ৪-৩-৩ পদ্ধতিতে খেলাটা গড়ে তোলার দিকেই বেশি নজর দিচ্ছি।
* মাঠে আসলে ভারত কোন জায়গায় বাংলাদেশের চেয়ে এগিয়ে?
টিটু: ওরা দ্রুত আক্রমণে ওঠে। দুই উইংব্যাক অনবরত আক্রমণে বল জোগান দেয়। ওপরের দিকের খেলোয়াড়েরা জায়গা বদল করে ধাঁধায় ফেলে দেয় প্রতিপক্ষকে। সত্যি বলতে, ভারতীয় তরুণেরা আধুনিক ফুটবলই খেলছে। ওদের বিপক্ষে আমাদের রক্ষণকে জমাট রাখতে হবে খুব ভালোভাবে। এ জায়গায় আমাদের একটু দুর্বলতা দেখছি।
* সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক ফুটবলে ভালো করছে বাংলাদেশ। এর ফল কি আমরা সামনে আরও দেখতে পাব?
টিটু: আমি মনে করি, সামনে এর ফল আসবে আরও। এই অনূর্ধ্ব-১৯ দলটি ভুটানের সঙ্গে জিতলেও নিজেদের সেরাটা হয়তো দিতে পারেনি। নেপালের কাছে আমরা হেরেছি বটে, কিন্তু প্রত্যাশার কাছাকাছি ফুটবল ওই দিন খেলতে পেরেছি। প্রশংসাও পেয়েছি সবার। ম্যাচটা আমাদের পক্ষে ছিল ৬০-৪০। সব মিলিয়ে আমি অখুশি নই।
* বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল কদিন আগেই সাফ জিতেছে সিলেটের মাঠে। অনূর্ধ্ব-১৯ দলের কাছেও স্বাভাবিকভাবে প্রত্যাশাটা বেড়ে গেছে...
টিটু: দেখুন, অনূর্ধ্ব-১৬ আর অনূর্ধ্ব-১৯ এক নয়। মাঝখানে তিন বছরের ব্যবধান। অনূর্ধ্ব-১৯ দল অনেক বেশি পরিণত, এখান থেকেই জাতীয় দলে কড়া নাড়ে অনেকে। কাজেই দুটি টুর্নামেন্টের মেজাজ আলাদা। তবে হ্যাঁ, সবার প্রত্যাশা বেড়েছে জানি। তা পূরণ করাই আমার লক্ষ্য।
* জাতীয় দলের সহকারী কোচ আপনি। তো সেই অভিজ্ঞতা নিশ্চয়ই অনূর্ধ্ব-১৯ দলে কাজে লাগাতে পারছেন?
টিটু: ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন ভাই একটা উদ্দেশ্য নিয়ে আমাকে এই যুব দলের দায়িত্ব নিয়েছেন। তিনি চান, জাতীয় দল যেভাবে খেলে অনূর্ধ্ব-১৯ দলও যেন সেভাবে গড়ে ওঠে। সেই সূত্র মেনেই জাতীয় দলের খেলার ছকটা আমরা এখানেও অনুসরণ করছি। আমার মনে হয়, এটা জাতীয় দলের জন্য ভালো ফলই আনবে ভবিষ্যতে।
* এই অনূর্ধ্ব-১৯ সাফ টুর্নামেন্টের অন্য দলগুলোকে কেমন দেখছেন?
টিটু: সব দলই যুব ফুটবলে অনেক এগিয়ে গেছে। ভুটানের কথাই যদি আসে, ওদের অগ্রগতিও চোখে পড়ার মতো। নেপাল তো বেশ আগে থেকেই দৃষ্টি কাড়ছে যুব ফুটবলে। ভারতের কথা আগেই বললাম, অন্য দলগুলোর খেলা দেখেও আমার ভালো লেগেছে। সবাই আসলে এগোচ্ছে, আমরাও পিছিয়ে নেই।
* কাঠমান্ডুতে তো কিছুদিন আগে বড় ধরনের ভূমিকম্প হয়েছিল। সেই বিপর্যয় সামলে ওরা কীভাবে এই টুর্নামেন্টটা করছে?
টিটু: নেপালের স্থানীয় সংগঠকদের সাহস আছে বলতে হবে। ভূমিকম্পের প্রভাব এখনো দেশটাতে রয়েই গেছে। তারপরও মোটামুটি ভালোই আয়োজন করেছে। খেলা হচ্ছে কাঠমান্ডুর আনফা কমপ্লেক্স মাঠের টার্ফে। টার্ফে খেলার অভ্যাস আমাদের সেভাবে নেই। তবু মানিয়ে নিয়ে খেলছি। এটিও আমাদের জন্য বড় এক অভিজ্ঞতা।