'আমাকেও গার্সিয়ার মতোই দেখে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুল ইসলাম
মামুনুল ইসলাম

ইন্ডিয়ান সুপার লিগে তিনি এখন অ্যাটলেটিকো ডি কলকাতার খেলোয়াড়। জাতীয় দলের প্রয়োজনে ছুটি নিয়ে কাল ঢাকা ফিরেছেন ৯ দিনের জন্য। এ সুযোগে মামুনুল ইসলাম জানালেন অ্যাটলেটিকো থেকে নিয়ে আসা নানা অভিজ্ঞতা। বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রীতি সিরিজ প্রসঙ্গেও কথা বললেন জাতীয় দলের অধিনায়ক
 কোচকে বিদায় দিচ্ছে বাফুফে। ব্যাপারটা কীভাবে দেখছেন?
মামুনুল ইসলাম: এটা নিয়ে কোনো মন্তব্য করব না। ফেডারেশন কাকে কোচের দায়িত্ব দেবে, সেটা তাদের বিবেচনা। আমার কাজ খেলা, আমি সেদিকেই মনোযোগ দিচ্ছি।
 তার পরও লোডভিক ডি ক্রুইফকে কোচ হিসেবে কাছ থেকে দেখেছেন। কেমন দেখলেন তাঁকে?
মামুনুল:এশিয়ান গেমসে তাঁর অধীনে আমরা ভালোই খেলেছি। একটি ম্যাচ জিতেছি। বাকি দুটিতে ভালো খেলে হেরেছি। শুধু এটুকুই বলব।
 শ্রীলঙ্কার সঙ্গে প্রীতি ম্যাচ দুটিতে দল কেমন করবে বলে আশা করেন?
মামুনুল: মনে হচ্ছে ভালোই করব আমরা। আমি আজ ঢাকায় ফিরেই সরাসরি বিকেএসপিতে এসে দলের সঙ্গে যোগ দিয়েছি। অনুশীলনও করলাম।
 এবার আপনার অ্যাটলেটিকো অভিজ্ঞতা শুনব...
মামুনুল: দারুণ অভিজ্ঞতা। ওখানকার সবকিছু দারুণ পছন্দ হয়েছে আমার, ভাষায় প্রকাশ করা কঠিন। যেমন ধরুন, লিভারপুল ও বার্সেলোনার সাবেক তারকা লুইস গার্সিয়াকে যে চোখে দেখা হয়, আমাকেও তাই। গার্সিয়া শুধুই অ্যাটলেটিকোর অধিনায়ক।
 ছয়জন স্প্যানিশ খেলোয়াড়সহ কয়েকজন আফ্রিকানও আছেন অ্যাটলেটিকোতে। সবার সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করার অনুভূতি কেমন?
মামুনুল: বেশ মজার। ড্রেসিংরুমে নাচ-গান সবই হয়। আমরা যেমন এখানে নিয়মের শৃঙ্খলে থাকি, অ্যাটলেটিকোতে তেমন নয়।
 একটু বিস্তারিত বলবেন?
মামুনুল: আমরা ক্যাম্পে থাকার সময় একই পোশাক পরে থাকি, ওখানে এটা নেই। ম্যাচের আগের দিনের অনুশীলনে শুধু একই পোশাক পরতে হয় সবাইকে। বাকি সময়টা যে যার মতো। খাওয়া-দাওয়াও একসঙ্গে করা বাধ্যতামূলক করেনি টিম ম্যানেজমেন্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে যার যখন ইচ্ছে খেয়ে নেয়। সবকিছুতেই একটা স্বাধীনতা আছে।

 অনুশীলন সেশনগুলো কেমন?

মামুনুল: অসাধারণ।খুবই উঁচু মানের অনুশীলন। বল ছেড়ে দাঁড়িয়ে থাকার সুযোগ নেই। বলের পেছনে আপনাকে ছুটতে হবে। অনেক কিছু শিখছি, জানতে পারছি। আমি খুবই উপভোগ করি।

 কিন্তু কলকাতার হয়ে প্রথম দুই ম্যাচে মাঠে নামা হয়নি। অতিরিক্ত তালিকায়ও ছিলেন না। খেলার সুযোগ না পাওয়ার কারণ কী মনে করেন?

মামুনুল: দলের সঙ্গে স্পেনে কন্ডিশনিং ক্যাম্প করতে যেতে পারিনি। এটা বড় কারণ। কোচ আমাকে ভালোভাবে পরখ করতে পারেননি। তবে এই কদিনে তাঁর মনোযোগ কেড়েছি। আশা করি সামনে সুযোগ পাব।

 এমনিতে এই ইন্ডিয়ান সুপার লিগটা কেমন হচ্ছে?

মামুনুল: খুব উঁচু মানের লিগ। জমেও উঠেছে। প্রতিটি ম্যাচে দর্শকে ভরে যাচ্ছে গ্যালারি। গোটা ভারতে এই লিগ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে।

 আপনি তো আইএফএ শিল্ডে শেখ জামালের হয়ে কলকাতার মাঠে চোখ কেড়েছেন। তো সেখানকার মানুষের অভ্যর্থনা কেমন পাচ্ছেন এখন?

মামুনুল:সত্যি কথা বলতে, কলকাতার পঁচানব্বই ভাগ মানুষই আমাকে চেনেন। সেদিন একটা ট্যাক্সিতে উঠতে গিয়ে পেছন থেকে ডাক শুনলাম, ‘আরে, মামুনুলদা। কেমন আছেন।’ কলকাতার দর্শকেরা চায় আমি যেন খেলার সুযোগ পাই। ম্যাচে আমাকে দেখতে না পেয়ে ওরা বেশ দুঃখিত।