
প্রতিদিনের মতো কালও এসেছেন বিসিবিতে। তবু একটু অন্য রকম সে আসা। সহকর্মীদের সঙ্গে কেক কাটলেন, পেলেন ফুলেল সংবর্ধনা। ১৫ বছর আগে এক্সিকিউটিভ হয়ে ঢুকেছিলেন যে প্রতিষ্ঠানে, সেখানে দুই মেয়াদে ভারপ্রাপ্ত প্রধান নির্বাহীর দায়িত্ব পালনের পর পেয়েছেন স্থায়ী দায়িত্ব। নিজের অফিসে বসে কথা বললেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী
l ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী থেকে ‘ভারপ্রাপ্ত’ শব্দটা এখন আর নেই। অনুভূতিটা কী?
নিজাম উদ্দিন চৌধুরী: আসলে অনেক দিন ধরেই আমি এ দায়িত্ব পালন করছি। খুব বেশি আলাদা কিছু মনে হচ্ছে না। হ্যাঁ, একটু অন্য রকম অনুভূতি তো আছেই। ১৫ বছর আগে আমি ক্রিকেট বোর্ডে জয়েন করেছিলাম। শুধু আমি কেন, যেকোনো মানুষই নিজ পেশায় সিঁড়ি বেয়ে ওঠেন।
l স্থায়ী দায়িত্ব পাওয়াটা কি প্রত্যাশিত ছিল?
নিজাম উদ্দিন: আশা তো থাকেই। আশার তো সীমা নেই। সাম্প্রতিক সময়ে আশা বেড়েছিল। প্রথম মেয়াদে (২০০৮) যখন আমি ভারপ্রাপ্ত দায়িত্বে ছিলাম, তখনো স্থায়ী করার আলোচনা হয়েছিল। কিন্তু তখন আমি নিজেই বলেছিলাম, একটু সময় দরকার। এরপর অনেকটা সময় পেরিয়েছে, বোর্ডে কাজ করেছি, দেখেছি। দেশের বাইরেও অনেক অভিজ্ঞতা হয়েছে। এখন মনে হয়েছে আমি প্রস্তুত।
l প্রধান নির্বাহীর দায়িত্বের পরিধিটা আসলে কেমন?
নিজাম উদ্দিন: পেশাদারি প্রতিষ্ঠান বা করপোরেট হাউসের তুলনায় স্পোর্টস ফেডারেশনগুলোর ধরন খানিকটা ভিন্ন। সেটা যতই পেশাদারি বোর্ড হোক। আমাদের দেশের প্রেক্ষাপটটা আরও ভিন্ন অন্যান্য দেশ থেকে। এমনিতে পেশাদারি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভরাই সবকিছু চালায়। আমাদের এখানে সেটা একটা মিশ্রণ। এখানে এক্সিকিউটিভদের সঙ্গে ক্লাব সংগঠকেরা আছেন, ক্রিকেট সংগঠক, কর্মকর্তারা আছেন। অনেক দিন থেকেই ক্রিকেটে অনেক অবদান তাঁদের। দায়িত্ব তাঁদেরও আছে। তাঁরা কিন্তু কাজগুলো ভেতরের তাড়না থেকেই করেন। আমরা পেশাদারেরা পারিশ্রমিক নিয়ে কাজ করি, তাঁরা করেন তাগিদ থেকে। তাঁদের ভূমিকাটা অনস্বীকার্য। সবাইকে নিয়েই তাই সবকিছু সামলাতে হয়।
l ক্রিকেট অস্ট্রেলিয়ায় যেমন প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ডই বোর্ডের প্রতিনিধিত্ব করেন সব জায়গায়। পেশাদারি প্রতিষ্ঠানে এটিই হওয়ার কথা, এখানে সেটা কতটা সম্ভব?
নিজাম উদ্দিন: আমি আবারও বলছি প্রেক্ষাপটটা ভিন্ন। অস্ট্রেলিয়াকে দিয়ে আমাদের বিবেচনা করলে চলবে না। শুধু আমরা নই, এই উপমহাদেশে দেখুন, ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কা কোথাও কিন্তু অস্ট্রেলিয়ার মতো নেই। এখানে অপারেশনাল কাজগুলো এক্সিকিউটিভরা করছেন, আর সংগঠক-কর্মকর্তারা অন্য কাজগুলো করছেন। উপমহাদেশে ধরনটাই হলো এই মিশ্রণ। চট করেই আমরা অস্ট্রেলিয়া-ইংল্যান্ড হতে পারব না। হয়তো একটা সময় অমন হবে। তবে সেটা ক্রিকেট বোর্ড নয় শুধু, আমাদের সবার মানসিকতার পরিবর্তন এলেই সেটা সম্ভব।
l এই দায়িত্ব পালনে কতটা যোগ্য মনে করছেন নিজেকে?
নিজাম উদ্দিন: নিজের যোগ্যতা তো নিজে বলতে পারব না। অন্যরা বলবে। আমি আত্মবিশ্বাসের কথা বলতে পারি। যদি বোর্ড ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা পাই, তাহলে চেষ্টা করব দেশের ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে। অনেক দিন থেকেই কাজ করছি, ধরনটা বুঝি, বাইরের অনেক দেশে দেখেছি, আশা করি ভালোভাবেই পারব।
l লক্ষ্য কী থাকবে? দায়িত্ব ছাড়ার সময় বোর্ডকে কোন জায়গায় দেখতে চান?
নিজাম উদ্দিন: আমার অনেক চিন্তাভাবনা আছে, পরিকল্পনা আছে। বোর্ড অনেক পেশাদার হয়েছে। তবে এটাও অস্বীকার করার উপায় নেই, কিছু কাজ করতে হবে। প্রতিষ্ঠানকে কয়েকটা ভাগে ভাগ করে কিছু কৌশল নির্ধারণ করার ইচ্ছে আছে। প্রাতিষ্ঠানিক ও মাঠপর্যায়ে, সব জায়গায় একটা কাঠামোর ভেতর নিয়ে যাব। সবার সমর্থন পেলে সেসব বাস্তবায়নের চেষ্টা করব।