'আমাদের ভালো খেলতেই হবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ ফুটবল খেলতে আজ সকালে ঢাকা ছাড়ছে বাংলাদেশ দল। এই দলের মিডফিল্ডার জাফর ইকবাল ভালো কিছু করার স্বপ্নের কথা বলে গেলেন। পরশু ঢাকা আবাহনীর বিপক্ষে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রস্তুতি ম্যাচে অনূর্ধ্ব-২৩ দলের জয়সূচক একমাত্র গোলটি তাঁরই। বান্দরবানের ছেলের চোখ সামনে

জাফর ইকবাল
জাফর ইকবাল

l ফিলিস্তিনেও গোল করতে পারবেন তো?

জাফর ইকবাল: চেষ্টা তে করবই। আমাদের প্রস্তুতি ভালোই হয়েছে। নেপাল-কাতারের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলব। আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি আমরা। আশা করি, ফিলিস্তিনে ভালো কিছুই হবে।

l নতুন কোচ, নতুন চ্যালেঞ্জ। ফিলিস্তিনে প্রতিপক্ষ দলগুলোও শক্তিশালী। বাংলাদেশ কেমন করতে পারে এই টুর্নামেন্টে?

জাফর: জর্ডান, ফিলিস্তিন, তাজিকিস্তানের সঙ্গে খেলা। আমরা মানসিকভাবে তৈরি আছি। ক্যাম্পে সব খেলোয়াড়ের মধ্যে একটা মরিয়া চেষ্টা দেখছি। সবাই চাইছে ভুটানের কাছে জাতীয় দলের হারের পর হতাশা কাটিয়ে উঠতে। সেটা করতে হলে অবশ্যই আমাদের সেরা নৈপুণ্য দেখাতে হবে ফিলিস্তিনে।

l টম সেন্টফিট এসে জাতীয় দলে আপনাকে নিয়েছেন। সঙ্গে আবদুল্লাহ। নতুন এই কোচকে কেমন দেখছেন?

জাফর: তাঁর নতুন কিছু পরিকল্পনা আছে, সে অনুযায়ীই খেলাচ্ছেন আমাদের। রক্ষণ কীভাবে করতে হয়, আক্রমণ গড়ার কৌশল, মাঝমাঠে খেলা তৈরি, এসব নিয়েই কোচ কাজ করেছেন। তিনি আমাদের কাছ থেকে খেলাটা আদায় করে নিচ্ছেন।

l অনুশীলনে বাংলাদেশের ফুটবলারদের দেখে প্রশংসা করেন কোচরা। কিন্তু আসল মঞ্চে বেশির ভাগ সময়ই ফুটবলাররা সেরাটা দিতে পারেন না। এই সমস্যা কাটিয়ে ওঠা সম্ভব হবে মনে করেন ফিলিস্তিনে?

জাফর: সমস্যাটা কাটিয়ে উঠতেই হবে। আমাদের ভালো খেলতেই হবে। ফুটবলের জন্য কিছু করার এটাই সময় আমাদের কাছে। নিজেদের মধ্যে আমরা এসব নিয়ে কথা বলি, আলোচনা করি।

l আপনি তো বান্দরবানের ছেলে। সেখান থেকে খুব দ্রুতই শীর্ষ ফুটবলে নজর কেড়েছেন। এটা কীভাবে হলো?

জাফর: আরামবাগে আসার আগে তৃতীয় বিভাগ খেলেছি দিলকুশার হয়ে। সেখান থেকে আমি, আবদুল্লাহসহ চার খেলোয়াড় চোখের পলকে শীর্ষ ফুটবলে উঠে এসেছি। তৃতীয় বিভাগ থেকে আরামবাগের হয়ে চ্যাম্পিয়নশিপ লিগ, সেখান থেকে প্রিমিয়ার লিগ, জাতীয় দল। সব যেন স্বপ্নের মতো ঘটল। আরামবাগে খেলার সুযোগটা করে দিলেন ক্লাবটির সভাপতি মমিনুল হক সাঈদ ভাই।

l এখন তো জাতীয় দল আপনাদের মতো তরুণদের দিকে তাকিয়ে আছে...

জাফর: জাতীয় দলে খেলার সবার জন্যই সৌভাগ্যের ব্যাপার। ছোট থেকেই ইচ্ছা ছিল ফুটবলার হব। এলাকার বড় ভাইদের সঙ্গে অনুশীলন করতাম। সেখান থেকে ঢাকায় আসা, তৃতীয় বিভাগে ১১টি গোল করেছিলাম। এভাবে এগিয়ে এসে এখন অনূর্ধ্ব-২৩ দলের হয়ে ভালো কিছু করতে চাই ফিলিস্তিনের মাটিতে।