>

ফুটবলের সাফল্যে মগ্ন এখন পুরো চট্টগ্রাম। বন্দর নগরীর অলিগলি, চায়ের দোকানে শুধুই চট্টগ্রাম আবাহনীর সাফল্যের গল্প। শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপে চট্টগ্রাম আবাহনীকে চ্যাম্পিয়ন করার অন্যতম নায়ক হেমন্ত ভিনসেন্ট বিশ্বাসকেও ছুঁয়ে গেছে সেই আনন্দ
* স্বপ্নের মতো টুর্নামেন্ট খেললেন। ট্রফিও জিতলেন। কেমন লাগছে?
হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস: প্রথমত আয়োজক কমিটিকে ধন্যবাদ জানাতে চাই, এত সুন্দর একটা টুর্নামেন্ট আয়োজনের জন্য। বঙ্গবন্ধু টুর্নামেন্টের পর শেখ কামাল টুর্নামেন্টে খেললাম—দুটোতেই অনেক অভিজ্ঞতা হয়েছে। এমনিতেই বাইরের দেশের ক্লাবগুলোর সঙ্গে খেলার সুযোগ পাই না। এখানে চ্যাম্পিয়ন হয়েছি। সব মিলিয়ে খুব ভালো লাগছে।
* টুর্নামেন্টে চট্টগ্রাম আবাহনীর দেশি ফুটবলারদেরও তো বড় পরীক্ষা দিতে হয়েছে?
হেমন্ত: অনেকে বলে, ভাড়াটে সৈন্য দিয়ে যুদ্ধে জেতা যায় না। তাই বিদেশিদের ওপর ভরসা না করে নিজেরাও ভালো খেলার চেষ্টা করেছি। প্রমাণ করেছি, দেশি ফুটবলাররাও ভালো খেলতে পারে। আমাদের এখন একটাই দাবি, এমন আন্তর্জাতিক টুর্নামেন্ট যেন ঘন ঘন আয়োজন করা হয়।
* গত সেপ্টেম্বরে বাফুফের অনুমতি ছাড়া ‘খ্যাপ’ খেলায় জাতীয় দলের ক্যাম্পে ডাকেননি কোচ। এ জন্য কারণ দর্শাও নোটিশও পেয়েছিলেন। এই টুর্নামেন্টে নিশ্চয় ভালো খেলার একটা তাড়না ছিলই...
হেমন্ত: ওই সময় খুব খারাপ লেগেছিল। আমি একটা ভুল করেছিলাম। ভুল থেকেই শিক্ষা নিতে হয়, এটাই স্বাভাবিক। জেদ ছিল, এই টুর্নামেন্টে ভালো খেলব। প্রমাণ করে দেখাব আমিও পারি। বাফুফেকেও ধন্যবাদ জানাই, আবারও সুযোগ দেওয়ার জন্য। এখন নতুন কোচের কাছে নিজেকে চেনাতে হবে। আমার ভেতরে আত্মবিশ্বাস আছে। আমি পারব।
* তাহলে তো নিজের খেলায় সন্তুষ্টই?
হেমন্ত: পুরো টুর্নামেন্টে ভালো খেলার চেষ্টা করেছি। ফাইনালে আমার গোলের রিপ্লেটা ছয়বার দেখেছি। ওই গোলের পর আমার যে কী ভালো লাগছে!
* যে দলটি প্রিমিয়ারে অবনমনের শঙ্কায় থাকে, সেই চট্টগ্রাম আবাহনীর এক অর্থে পুনর্জন্মই তো হলো...
হেমন্ত: এখন চট্টগ্রাম আবাহনীকে আরও ভালোভাবে চিনবে লোকে। চিনবে শুধুই আমাদের কারণে। ক্লাবের চেয়ারম্যান অনেক শুভেচ্ছা জানিয়েছেন। আমাদের বোনাস-টোনাসও দিয়েছেন। কোনো ক্লাবের খেলোয়াড়েরা যদি সেরা পারফরম্যান্স করে, তাহলে ওই ক্লাব এমনিতেই শেকড় থেকে গাছ পর্যন্ত উঠতে পারে। যেটা হয়েছে চট্টগ্রাম আবাহনীর বেলায়। আমরা সত্যিকার অর্থে শেখ রাসেলের ফুটবলার হতে পারি, কিন্তু খেলেছি চট্টগ্রাম আবাহনীর হয়ে। আসলে আমরা দেশের প্রতিনিধিত্ব করেছি।
* শতবর্ষের ঐতিহ্যবাহী ইস্টবেঙ্গলের সঙ্গে ফাইনাল। ফাইনালটা তো এক অর্থে ভারত বনাম বাংলাদেশের লড়াই-ই হয়েছে...
হেমন্ত: খেলার আগে সবার একটা কথাই মনে হয়েছে, ফাইনালটা হচ্ছে ভারত ও বাংলাদেশের মধ্যে। ওরা এক শ বছরের পুরোনো দল, ওদের অনেক সাফল্যের কথাও শুনেছি। আমাদের লক্ষ্যই ছিল যেভাবেই হোক, জিততেই হবে। তা ছাড়া প্রথম ম্যাচে ওদের সঙ্গে হেরেছিলাম। আমাদের মনে তাই জেদ ছিল। হারের প্রতিশোধ নিতে চেয়েছিলাম।
* দর্শকেরাও নিশ্চয়ই বাড়তি প্রেরণা হয়ে ছিল?
হেমন্ত: আসলে এত দর্শক হবে, আমরাও আশা করিনি। ভেবেছিলাম বঙ্গবন্ধু গোল্ডকাপের চেয়ে বেশি দর্শক হবে না। এক-দুইটা ম্যাচের পরই দর্শক বাড়তে শুরু করল। তখনই বুঝলাম, এ দেশে ফুটবলের জোয়ার এখনো আছে।