'আমাদের মূল শক্তি বোলিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
আজহার মেহমুদ
আজহার মেহমুদ

*মোহাম্মদ আমির অসাধারণ বোলিং করছেন এই টুর্নামেন্টে।দলের বোলিং কোচ হিসেবে তাঁর পারফরম্যান্স নিয়ে আপনার মূল্যায়ন কী?

আজহার মেহমুদ: আমির আগে যেভাবে বোলিং করেছে এবং ফিরে আসার পরও যেভাবে করছে, তাতে বলতে হবে সে বিশ্বমানের এক বোলার। অনুশীলনে খুব একটা সময় পাওয়া যায় না। তবে ঐচ্ছিক অনুশীলনে তাদের স্কিল নিয়ে কাজ করছি। আমরা শুধু ফিল্ড প্লেসিং ও এমন কিছু নিয়ে কাজ করছি। কালকের (পরশু) জয়ের পর আমাদের মনোবল অনেক চাঙা হয়েছে। মালিক (শোয়েব) ও উমর (আকমল) যেভাবে খেলা শেষ করে এল, পাকিস্তানের জন্য সেটি দারুণ ব্যাপার।

*দলের ব্যাটিং নিয়ে কি আপনি সন্তুষ্ট? যদিও এই টুর্নামেন্টে মিরপুরের উইকেটে ব্যাটসম্যানদের রান তোলা বেশ কঠিন হচ্ছে।

আজহার: সবাই ভুল করে। তবে ভুল থেকে যত তাড়াতাড়ি শেখা যায় ততই ভালো। ভারতের ব্যাটিং তো বিশ্বের সেরা। তাদেরও কিন্তু এখানে ভুগতে হয়েছে। উইকেট বেশ কঠিন। তবে টুর্নামেন্ট যত সামনের দিকে যাচ্ছে, তত উইকেটের চরিত্র বদলাচ্ছে। কাল (পরশু) কিন্তু উইকেটে অতটা ঘাস ছিল না। আমাদের খেলোয়াড়েরা এখন বেশ আত্মবিশ্বাসী। বোলিংয়ে আমরা যেভাবে ভালো করছি, আশা করি সামনের ম্যাচগুলোয় দারুণ কিছু হবে। আমাদের মূল শক্তি বোলিং, সেটির ওপরই আস্থা রাখব। একই সঙ্গে ব্যাটিংয়েও ভালো হবে।

*বাংলাদেশের দলের অন্যতম প্রধান দুই ভরসা মুশফিকুর রহিম-সাকিব আল হাসান এখনো বলার মতো পারফরম্যান্স করতে পারেননি।এই খেলোয়াড়দের প্রত্যাশিত সাফল্য না পাওয়ার কারণ কী মনে করছেন?

আজহার: ওদের সংগ্রাম করতে হচ্ছে। আমরা দেখেছি, মুশফিক-সাকিব পিএসএলেও ভালো করতে পারেনি। তবে এখানে সবাইকে বেগ পেতে হচ্ছে। কারণ, পিচে বল সুইং করছে, বাউন্স থাকছে। সবার একটু সময় লাগছে।

*এই টুর্নামেন্টে খুব বেশি রান হচ্ছে না।টি-টোয়েন্টির জন্য কতটা উপযুক্ত এই ধরনের উইকেট?

আজহার: সাধারণত ১৫০-১৬০ এর ওপর অনেক স্কোর দেখতে পাবেন। কিন্তু কদিন আগে এই ধরনের পিচে নিজেদের মাঠেই ভারত শ্রীলঙ্কার বিপক্ষে অল্প রানেই অলআউট হয়ে গেছে। স্কিল ও টেকনিক যাচাইয়ে এটা কখনো কখনো ভালো। পিচ নিয়ে আমরা তর্ক করতে পারি। তবে যে ধরনের উইকেটই তৈরি হোক, পেশাদার হিসেবে সেটিতে আমাদের খেলতে হবে। আমাদের সব ধরনের পিচেই খেলা শিখতে হবে।

*হঠাৎই চোট ছিটকে দিয়েছে বাংলাদেশ দলের পেস আক্রমণের অন্যতম ভরসা মুস্তাফিজুর রহমানকে।খবরটা শুনেছেন নিশ্চয়ই...

আজহার: মুস্তাফিজের চোট ও দলে না থাকার খবর শুনে খারাপ লাগছে। বাংলাদেশের জন্য বিরাট সম্ভাবনাময় খেলোয়াড়। দুর্ভাগ্য, সে দলে নেই। কিন্তু এটা পেশাদার ক্রিকেটের অংশ।