'আমাদের সোনা জয়েরই সামর্থ্য আছে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরদুজ্জামান মুন্সি
আরদুজ্জামান মুন্সি

গত দুটি কাবাডি বিশ্বকাপে ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। কিন্তু আহমেদাবাদ থেকে বাংলাদেশ দল কাল ফিরল খালি হাতে। পাঁচ ম্যাচের তিনটিতে জিতে গ্রুপে তৃতীয় হওয়া দলটির অধিনায়ক আরদুজ্জামান মুন্সির কণ্ঠে তাই শুধুই আফসোস
* বিশ্বকাপ কাবাডিতে এই প্রথম পদকহীন বাংলাদেশ। অথচ রুপার প্রতিশ্রুতি দিয়ে দেশ ছেড়েছিলেন।
আরদুজ্জামান: আমরা সাফল্য চেয়েছিলাম, কিন্তু সেটা হয়নি। এ জন্য নিজেকে দোষ দিতে পারছি না। আমি রেইডে বিশ্বকাপের সর্বোচ্চ পয়েন্ট পেয়েছি। অন্যরাও চেষ্টা করেছে। কিন্তু দক্ষিণ কোরিয়ার সঙ্গে দুর্ভাগ্যজনকভাবে হেরে সব শেষ হয়ে গেল। ওদের ৮ পয়েন্টের ব্যবধানে হারাতে পারলে সেমিফাইনালে খেলতাম আমরাই। ৮ পয়েন্টের ব্যবধান তাড়া করতে গিয়েই সেদিন ম্যাচটা হেরেছি।

* কোরিয়ার সঙ্গে ম্যাচ শেষ হওয়ার মিনিট খানেক আগেও ৩০-২৬ পয়েন্টে এগিয়ে থাকা অবস্থায় হেরে গেলেন!

আরদুজ্জামান: ওই মুহূর্তে ডু অর ডাই রেইডে ধরা পড়ে আমি বাইরে চলে যাই। তখনো মাঠে ছয়জন খেলোয়াড় ছিল। কিন্তু নেতৃত্বের অভাব ছিল। আমি থাকলে হয়তো এভাবে হারতাম না।

* তাহলে চাপ নিয়ে ফেলেছিলেন?

আরদুজ্জামান: হয়তো একটু চাপ নিয়ে ফেলেছিলাম। কিন্তু সেটা হেরে যাওয়ার মতো এত বেশি ছিল না।

* হারের পর খুবই আফসোস হচ্ছিল নিশ্চয়?

আরদুজ্জামান: অবশ্যই। কারণ ভারতের বদলে হয়তো আমরাই আজ (কাল) সেমিফাইনালে খেলতাম থাইল্যান্ডের সঙ্গে। থাইল্যান্ডকে প্রস্তুতি ম্যাচে হারিয়েছি। ওদের এখানেও হারাতে পারতাম।

* বিশ্বকাপের আগে মাত্র অল্প কয়েক দিনের প্রস্তুতিই কি এমন ফলের কারণ?

আরদুজ্জামান: অল্প সময়ের প্রস্তুতি নিলেও অনেক উন্নতি করেছি। আমাদের আসল সমস্যা, বিশ্বের অন্য দলগুলো সম্পর্কে একদমই ধারণা নেই। যদি আন্তর্জাতিক ম্যাচ আরও বেশি খেলার সুযোগ থাকত তাহলে সোনাও জিতে আসতে পারতাম। আমাদের সোনা জয়েরই সামর্থ্য আছে।

* অস্ট্রেলিয়ার সঙ্গে রেকর্ড ৮০-৮ পয়েন্টের ব্যবধানে জয় প্রসঙ্গে কী বলবেন?

আরদুজ্জামান: আসলে এই জয়টাই ছিল আমাদের একমাত্র সান্ত্বনা। কোরিয়ার কাছে হারের পরই পরিকল্পনা করি, যেন পরের যেকোনো ম্যাচে অন্তত একটা রেকর্ড করতে পারি। এমন একটা কিছু করব যাতে বিশ্বের মানুষ জানতে পারে বাংলাদেশ হেলাফেলা করার মতো দল নয়।

* গ্যালারি থেকে তো অনেক সমর্থন পেয়েছেন!

আরদুজ্জামান: দর্শকদের সমর্থন সব সময়ই উৎসাহ জোগায়। ওখানে বাংলাদেশের সমর্থক যাঁরা ছিলেন সবাই আহমেদাবাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়তে যাওয়া বাংলাদেশের ছেলেমেয়ে। আয়োজকেরা একদিন অধিনায়কদের নিয়ে অনুষ্ঠান করেছিল। সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এসেছিলেন। ছাত্ররা যখন জানতে পারেন যে বাংলাদেশের অধিনায়ক এসেছে সেখানে, তখন থেকেই ওরা আমার সঙ্গে দেখা করার জন্য, ছবি তোলার জন্য চেষ্টা করে। এরপর আমার মোবাইল নম্বর নেয়। নিরাপত্তার কড়াকড়ির কারণে সবার সঙ্গে দেখা করতে পারিনি। তবে আমি এক ছাত্রকে একফাঁকে আমার নম্বর দিয়েছিলাম। বলেছিলাম ভাইবারে বা ইমোতে ফোন দিতে। ওরা আমাদের খেলা দেখে খুব খুশি।

* কোনো দলকে অলআউট করলে তুহিন তরফদার ডিগবাজি দিতেন। একদিন তো ওর জার্সি ছিঁড়ে ফেললেন অস্ট্রেলিয়ার এক খেলোয়াড়...।

আরদুজ্জামান: তুহিন দুর্দান্ত এক খেলোয়াড়। আগেও একদিন ওর জার্সি ছিঁড়েছে একজন খেলোয়াড়। এটা নিয়ে পরে সবাই মজা করতাম। আর অলআউট করার পর ওকে আমিই বলতাম ডিগবাজি দিতে। দর্শকদের আনন্দ দেওয়ার জন্যই!