'আমার আদর্শ জিনেদিন জিদান'

রিয়াল মাদ্রিদ চেয়েছিল তাঁকে। তিনি চেয়েছিলেন রিয়ালকে। সেই চাওয়া-পাওয়ার হিসাব মিলে যাওয়ার পর এখন রিয়াল আর হামেস রদ্রিগেজ ‘দুজন দুজনার’। আনুমানিক ৮০ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দেওয়ার পর পরশু সান্তিয়াগো বার্নাব্যুতে হয়ে গেল রদ্রিগেজের পরিচিতি অনুষ্ঠান। তারপর প্রথম সংবাদ সম্মেলনে কলম্বিয়ান প্লে-মেকার কথা বলেছেন স্বপ্নপূরণের অনুভূতি, লক্ষ্য, নতুন সতীর্থদের নিয়ে। স্প্যানিশ পত্রপত্রিকার সৌজন্যে সেই সংবাদ সম্মেলনের উল্লেখযোগ্য অংশ তুলে ধরা হলো এখানে
l স্বপ্নপূরণের অনুভূতি
আমি সব সময় এমন একটা মুহূর্তের স্বপ্ন দেখে এসেছি। আমার বিশ্বাস এখানে আমি ইতিহাস গড়তে পারব। আমি জানি, রিয়াল মাদ্রিদ ও আমার ওপর ভীষণ চাপ থাকবে। কিন্তু আমি প্রস্তুত। এখানে সবাই জিততে চায়। এখানকার খেলার ধরনের সঙ্গে আমাকে মানিয়ে নিতে হবে। আশা করছি, এই স্বপ্নের সুখের সমাপ্তি হবে।
l ট্রান্সফার ফি
আমি এই ক্লাবকে সাধ্যমতো সহযোগিতা করতে এসেছি। আমি এখানে ট্রফি জিততে চাই। এই দলবদলটা যাতে সফলভাবে হয় সে জন্য আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি। ট্রান্সফার ফির অঙ্ক নিয়ে আমি কথা বলতে চাই না। আমি শুধু রিয়ালের হয়ে ইতিহাস লিখতে চাই, মাদ্রিদ সমর্থকদের খুশি করতে চাই।
l রিয়াল মাদ্রিদে আদর্শ কে
সব সময়ই আমার আদর্শ জিনেদিন জিদান। ১০-১১ বছর বয়স থেকে আমি রিয়াল মাদ্রিদের সমর্থক। রিয়ালে যখন জিদান, রোনালদো, রবার্তো কার্লোস খেলতেন সেই স্মৃতি এখনো আমার মনে দাগ কেটে আছে। তাদের একসঙ্গে খেলতে দেখার অনুভূতি অসাধারণ।
l সান্তিয়াগো বার্নাব্যুতে প্রথম পা রেখে
সত্যি কথা বললে এ অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি সব সময় চেয়েছি রিয়াল মাদ্রিদের হয়ে চ্যাম্পিয়ন হতে। আশা করছি ক্যারিয়ারের বাকি সময়টা এখানেই কাটাব।
l রিয়ালের ১০ নম্বর জার্সি পাওয়ার অনুভূতি
এটা সত্য, আমি সব সময় ১০ নম্বর জার্সি পরি। কিন্তু এখানে আমি যেকোনো নম্বর পরতেই রাজি। ১০০ নম্বর জার্সি হলেও সমস্যা নেই। আমার লক্ষ্য, যত বেশি সম্ভব ট্রফি জেতা।
l কোন পজিশনে খেলতে আগ্রহী
সিদ্ধান্তটা কোচের ওপর ছেড়ে দিতে চাই। আমি মাঝে, ডানে, বাঁয়ে সব জায়গায় খেলতে প্রস্তুত। আমাকে কিন্তু কেউ বলেনি যে আমি রিয়ালে খুব গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আমি সেটা চাইও না। আমি চাই এখানে যেসব সুযোগ-সুবিধা আছে সেগুলো কাজে লাগিয়ে দলকে সাহায্য করতে।
l রাদামেল ফ্যালকাও আর টনি ক্রুস প্রসঙ্গে
দলবদল নিয়ে ফ্যালকাওয়ের সঙ্গে আমার কোনো কথা হয়নি। ও রিয়াল মাদ্রিদে আসতে পারে এমন কিছুও সে আমাকে বলেনি। তবে রিয়ালে খেলার সব রকম যোগ্যতা ফ্যালকাওয়ের আছে। আর ক্রুস তো অসাধারণ খেলোয়াড়। আসলে রিয়ালের সব খেলোয়াড়ই অসাধারণ। কেউ জয় ছাড়া অন্যকিছু ভাবে না।
l রিয়ালের হয়ে প্রথম ম্যাচের অপেক্ষা
১ আগস্ট থেকে আমি ক্লাবের সঙ্গে অনুশীলন শুরু করব। এই মৌসুমে রিয়ালের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ ১২ আগস্ট উয়েফা সুপার কাপে। আমি জানি না ওই ম্যাচেই আমাকে খেলানো হবে কি না। এসব সিদ্ধান্ত কোচের হাতে।