'আমার কাজ ভালো খেলা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>এবার ঢাকা প্রিমিয়ার লিগে কামরুল ইসলাম ১৬ ম্যাচে নিয়েছেন ২৭ উইকেট। স্থানীয় বোলারদের মধ্যে ভিক্টোরিয়ার এই পেসার আছেন সবার ওপরে। গত নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের স্কোয়াডে থাকলেও খেলা হয়নি একটি ম্যাচও। এবারের প্রিমিয়ার লিগের পারফরম্যান্স বড় স্বপ্নই দেখাচ্ছে তাঁকে
কামরুল ইসলাম
কামরুল ইসলাম

* লিগ শুরু হওয়ার আগে আপনার লক্ষ্য কী ছিল?
কামরুল ইসলাম: সর্বোচ্চ উইকেটশিকারি হতে হবে, এমনটা ভেবে আসলে খেলতে নামিনি। ভালো বোলিং করাই ছিল মূল লক্ষ্য। অনুশীলনে যে বিষয়গুলো নিয়ে কাজ করেছি, সেগুলো কাজে লাগানোর চেষ্টা করেছি। ইয়র্কার, জায়গায় বোলিং করা কিংবা আরও বৈচিত্র্য এনে ব্যাটসম্যানদের পরাস্ত করার চেষ্টা করেছি। তাতে সফল হয়েছি বলেই হয়তো স্থানীয় বোলারদের মধ্যে শীর্ষে আছি।
* লিগের শুরু থেকেই পেসাররা বলছিলেন, উইকেটে তেমন কিছু নেই। একজন পেসার হিসেবে এমন উইকেটে সাফল্য পাওয়া আপনার জন্য কতটা চ্যালেঞ্জিং ছিল?
কামরুল: শুধু উইকেটই নয়, আবহাওয়াও চিন্তার কারণ ছিল। প্রচণ্ড গরমে ভালো বোলিং করা পেসারদের জন্য খুবই কঠিন ছিল। যখন দেখলাম উইকেট থেকে তেমন সহায়তা পাওয়া যাবে না, কৌশল বদলেছি। সাধারণত শীতে কিংবা সবুজ উইকেটে এতটা কষ্ট করতে হয় না। জায়গায় বোলিং করলেই বল সুইং করে। এবারের লিগে মিরপুর বাদে অন্য দুই মাঠে বোলারদের জন্য তেমন কিছু ছিল না। বিকেএসপি-ফতুল্লায় তো ছিল রানে ভরা উইকেট। এ কারণে বোলিংয়ে বৈচিত্র্য আনা যেমন—ইয়র্কার, কাটার, স্লোয়ারে বেশি জোর দিতে হয়েছে।
* আপনার ইকোনমি ৫.৪৮। উইকেটসংখ্যা বেশি হলেও ইকোনমিটা কি একটু বেশি হয়ে গেছে?
কামরুল: দলের মূল বোলার ছিলাম আমি। যখনই উইকেট নেওয়ার প্রয়োজন হয়েছে আমাকে বোলিংয়ে আনা হয়েছে। নতুন বল, মাঝের সময় ও ডেথ ওভারে বোলিং করতে হয়েছে। উইকেট নেওয়ার জন্য মরা উইকেটে অনেক সময় শর্ট, ইয়র্কার বল করতে হয়েছে। এতেই ইকোনমি বেড়ে গেছে। যদি শুধু রান চেক দেওয়ার চিন্তা করতাম তাহলে হয়তো এত উইকেট পেতাম না। তাতে দলের তেমন উপকারও হতো না। তা ছাড়া আমার বলে অনেকগুলো ক্যাচ হাতছাড়া হয়েছে। নইলে উইকেটসংখ্যা আরও বাড়ত।

* ফেবারিট না থেকেও মাঠের পারফরম্যান্সে নজর কেড়েছে ভিক্টোরিয়া। চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা থাকলেও সেটি কাজে লাগাতে না পারার কারণ কী?
কামরুল: প্রথম পর্ব শেষে আমরা সবার ওপরেই ছিলাম। সুপার লিগেও ৫ ম্যাচের দুটিতে জিতেছি। নিশ্চয়ই জানেন, সুপার লিগ চলার সময় আমাদের পাওনা টাকাপয়সা নিয়ে ক্লাব কর্তৃপক্ষের সঙ্গে নানা জটিলতা তৈরি হয়েছে। এতেই আমরা পিছিয়ে পড়েছি। তবে এবার চ্যাম্পিয়ন হওয়ার মতোই খেলেছিলাম।
* জাতীয় দলে সুযোগ পেতে এই পারফরম্যান্সে আপনাকে কতটা আশাবাদী করছে?
কামরুল: আমার কাজ ভালো খেলা। বাকিটা বিচার করবেন নির্বাচকেরা। আল্লাহ চাইলে জাতীয় দলে একদিন আসবই, তিন সংস্করণেই খেলব। গত কয়েক বছর আমি ‘এ’ দল, হাইপারফরম্যান্স দল, একাডেমি দল—বিসিবির প্রায় সব দলেই খেলছি। ভালো না খেললে নিশ্চয়ই এসব দলে আমাকে রাখত না। জাতীয় দলে আসার আগে যতগুলো সিঁড়ি পেরোতে হয়, পেরিয়েছি। এখন বাংলাদেশ দলে সুযোগ পেলেই যে একেবারে চমকে দেব, তা বলছি না। তবে স্বপ্ন দেখি, ক্রিকেটের সব সংস্করণেই অনেক দিন দেশের হয়ে খেলব।