'আমার নায়ক ডি ভিলিয়ার্স'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিবোনেলো মাখানিয়া
সিবোনেলো মাখানিয়া

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। তবে আগামী বছর শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জটা অনেক কঠিন। খেলতে হবে বাংলাদেশের কন্ডিশনে! প্রস্তুতির দারুণ সুযোগ অবশ্য পাচ্ছে প্রোটিয়ারা, সিরিজ খেলতে এসেছে বাংলাদেশেই। সাত ওয়ানডের সিরিজ শুরু আজ। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রোটিয়া অধিনায়ক সিবোনেলো মাখানিয়া শোনালেন নিজের কথা, দলের কথা
বিশ্বকাপের দেশেই সিরিজ খেলতে পারা কত বড় সুযোগ আপনাদের জন্য?
সিবোনেলো মাখানিয়া: আমাদের জন্য এর চেয়ে ভালো বিশ্বকাপ প্রস্তুতি আর হতে পারত না। বাংলাদেশের কন্ডিশনে অভ্যস্ত হওয়ার সুযোগ পাওয়া, বাংলাদেশের ক্রিকেট সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারা দারুণ ব্যাপার। আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণও। শারীরিক ও মানসিকভাবে আমরা তৈরি এই চ্যালেঞ্জ নেওয়ার জন্য। আশা করি, দারুণ অভিজ্ঞতা হবে আমাদের।
প্রস্তুতি ম্যাচে তো স্পিন সামলাতে হিমশিম খেয়েছে আপনাদের ব্যাটসম্যানরা। মূল সিরিজেও কি স্পিনাররাই পার্থক্য গড়ে দেবে?
মাখানিয়া: অবশ্যই স্পিনই ভাগ্য গড়ে দেবে সিরিজের। আমাদের চেয়ে বাংলাদেশ দলটি পুরোই ভিন্ন। স্পিনটা সামলাতে শিখতে হবে আমাদের। তবে আমরা মোটেই ভড়কে যাচ্ছি না। যদি ক্রিকেটার হিসেবে নিজেদের গড়ে তুলতে হয়, যদি বিশ্বসেরা হতে হয়, তবে সব ধরনের কন্ডিশনে ভালো খেলতে হবে। সব চ্যালেঞ্জ জিততে হবে। বাংলাদেশও তেমন একটি জায়গা, বিশ্বসেরা ক্রিকেটারদেরও যেখানে পরীক্ষায় পড়তে হয়।
পরশুর প্রস্তুতি ম্যাচ থেকে কতটা ধারণা পেলেন?
মাখানিয়া: প্রস্তুতি ম্যাচ আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা দেখেছি ওদের বোলিং আক্রমণ কতটা বৈচিত্র্যময়। তার মানে আমাদের ব্যাটসম্যানদেরও সুনির্দিষ্ট পরিকল্পনা করে মাঠে নামতে হবে এবং সেটা বাস্তবায়ন করার আত্মবিশ্বাস থাকতে হবে। তবে আমরা প্রস্তুত। চ্যালেঞ্জটা নিতে উন্মুখ হয়ে আছি।
দক্ষিণ আফ্রিকার মূল দল ক্রিকেট বিশ্বে পরিচিত ‘চোকার্স’ বলে। আপনাদের প্রজন্ম কি সেই অপবাদ দূর করতে পারবে?
মাখানিয়া: আপনারা আমাদের দলকে চোকার্স বলতে পারেন, কিন্তু আমাদের কাছে ওরা আমাদের নায়ক। আমরা ওদের দিকেই তাকিয়ে থাকি, প্রতিটি সূক্ষ্ম ব্যাপারও ওদের কাছ থেকে শিখতে চাই। আমরা প্রোটিয়া বারুদের কথা বলি, অনূর্ধ্ব-১৯ পর্যায় থেকেই সেটার শুরু। আমাদের বয়সভিত্তিক ক্রিকেট কাঠামো দুর্দান্ত। ছেলেরা খুব সাহসী, মানসিক দক্ষতা দারুণ। এভাবে উন্নতি করতে থাকলে আন্তর্জাতিক ক্রিকেটেও বিশ্বকাপ জয় করতে পারি।
আপনার নায়ক কে?
মাখানিয়া: অবশ্যই এবি ডি ভিলিয়ার্স। ক্রিকেট খেলাটির, ব্যাটসম্যানশিপের ধারণাই বদলে দিয়েছে এবি। নতুন নতুন জিনিস উদ্ভাবন করে। মানুষ হিসেবেও অসাধারণ।
বিশ্বকাপের সেমিফাইনালে দলকে হারতে দেখা কতটা কঠিন ছিল?
মাখানিয়া: খুবই কষ্টকর ছিল। মেনে নিতে কষ্ট হয়েছে। সবচেয়ে খারাপ লেগেছে, আমাদের নায়কদের চোখে পানি দেখে। আবেগের স্রোত দেখে, সবাই ভেঙে পড়েছিল। ওরা খুব করে চাইছিল বিশ্বকাপ জিততে। বাড়িতে নিজের রুমে বসেই ওদের কষ্টটা আমি অনুভব করতে পারছিলাম। তবে দিন শেষে বলতে হবে, আমরা সেদিন শ্রেয়তর দলের কাছেই হেরেছি।
এই সিরিজে লক্ষ্য?
মাখানিয়া: দক্ষিণ আফ্রিকা সব সময়ই জিততে গর্ববোধ করে। অবশ্যই আমরা বিশ্বকাপের প্রস্তুতি নিতে চাই, অভিজ্ঞতা অর্জন করতে চাই। তবে সিরিজ জয়টাই মূল লক্ষ্য।