'আমার পায়ের কাজ রোনালদোর মতো'

টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি যেন এক ফেরিওয়ালা। দেশে-বিদেশের প্রায় সব ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে সদর্প বিচরণ ক্রিস গেইলের। আইপিএল, বিগ ব্যাশ, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, বিপিএল—সবখানেই আছেন তিনি। খেলেছেন দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা আর জিম্বাবুয়ের টি-টোয়েন্টি লিগেও। এত কিছুর ভিড়ে বাদ ছিল শুধু ইংল্যান্ডের ঘরোয়া লিগ টি-টোয়েন্টি ব্লাস্ট। সমারসেটের হয়ে কাল সেখানেও অভিষেক হয়ে গেল গেইলের। বিধ্বংসী এই ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যান তার আগে ইংল্যান্ডের সাময়িকী স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে কথা বলেছেন দেশে-বিদেশে টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা নিয়ে, উঠে এসেছে এই ধরনের ক্রিকেট নিয়ে তাঁর দর্শনও—
. ইংল্যান্ডে ক্রিকেট খেলাটা কতটুকু উপভোগ্য আপনার কাছে?
ক্রিস গেইল: আমি এখানে খেলা সত্যিই উপভোগ করি। শীতকালে কিছুটা সমস্যা হয়, তবে ইংল্যান্ডের গ্রীষ্ম আমার খুব ভালো লাগে। দর্শকেরাও দারুণ। আপনি কত রান করলেন সেটা ওদের কাছে বড় নয়, ওরা আপনাকে সব সময় তালি দেবে। এটা খুবই প্রেরণাদায়ক।
. সমারসেটের মাঠ তো খুব বড় নয়। মাঠের বাইরে পার্কিংয়ের গাড়িগুলোর কাচ কি অক্ষত থাকবে আপনি মারা শুরু করলে?
গেইল: অনেকেই আমাকে বলেছে, ক্রিস, এই মাঠটা ছোট, এখানে ব্যাট করে মজা পাবে। আমি আগে এই মাঠে একটা ম্যাচ খেলেছি। কোনো একটা সফরের প্রস্তুতি ম্যাচ ছিল সেটা। খুবই নিষ্প্রাণ উইকেট ছিল তখন। আশা করি, এখনো এমনই আছে। চেষ্টা করব গাড়িগুলো পার করে মারতে (হাসি)।
. খেলতে গিয়ে এত সফর করতে হয়, কীভাবে সামলান সবকিছু?
গেইল: অতিরিক্ত ভ্রমণ মাঝে মাঝে খুব বিরক্তিকর, এটা সত্যি। এ জন্য লম্বা সফরের পর নিজের মতো জীবনকে উপভোগ করাটা খুব জরুরি। আমিও সে রকমই মানুষ। আমি অনেক গান শুনি, পার্টি করি, যেভাবে পারা যায় নিজেকে চাঙা রাখার চেষ্টা করি। ম্যাচের মাঝে যদি কয়েকটা দিন বিশ্রাম পাই, একটু-আধটু পান করি। তবে খেয়াল রাখি সেটি যাতে বেশি না হয়ে যায়।
. এত যে ভ্রমণ করেন, কখনো কি হোটেল রুমে হঠাৎ ঘুম ভাঙার পর ভুলে যান আপনি কোন দেশে আছেন?
গেইল: হা হা হা। এখনো ও রকম কিছু হয়নি। তবে মাঝে মাঝে বেশি পান করে যখন ঢলে পড়ি, অন্যরা ধরাধরি করে রুমে দিয়ে যায়, তখন হঠাৎ জেগে উঠে মনে হয়, আমি কোথায়!
. ওই রকম পরিস্থিতিতে কী করেন?
গেইল: আমরা ভাগ্যবান যে চমৎকার সব হোটেলে থাকতে পারছি। ওরা সত্যিই আপনার খুব ভালো দেখাশোনা করে। কখনো যদি আপনার মনে হয় কোথায় আছেন ঠিক বুঝতে পারছেন না, হোটেলের অভ্যর্থনা কেন্দ্রে গিয়ে জিজ্ঞেস করবেন, ঠিক বলে দেবে (হাসি)।
. টি-টোয়েন্টিতে এত সফল ব্যাটসম্যান হয়ে ওঠার রহস্যটা কী?
গেইল: বোলাররা যাতে পেয়ে না বসে আপনাকে সেই চেষ্টা করতে হবে। শুধু তখনই আপনি নিজের ইনিংসটা নিয়ন্ত্রণ করতে পারবেন। চাইলে এক বা একাধিক বোলারকে আপনার লক্ষ্যবস্তু বানাতে পারেন। এটা নির্ভর করে পরিস্থিতির ওপর। কখনো সফল হবেন, কখনো পারবেন না।
. আপনি তো বোলারদের আতঙ্ক। কিন্তু আপনিও ভয় পান এমন কিছু কি আছে?
গেইল: সেভাবে ভাবিনি। তবে যদি কেউ মাথায় বন্দুক ধরে তাহলে হয়তো ভয় পাব। কিন্তু আমার মাথায় বন্দুক ধরবে কেন? আমি তো ভালো মানুষ। সুতরাং চিন্তার কিছু নেই।
. বিশাল সব ছক্কা হাঁকানো ছাড়া আপনার আর কী গুণ আছে?
গেইল: কেন, জানেন না আমি খুব ভালো ফুটবল খেলি! আমার পায়ের কাজ প্রায় ক্রিস্টিয়ানো রোনালদোর মতো। ছোটবেলায় ফুটবলই আমার প্রথম পছন্দ ছিল। অনেক ক্রিকেটারই ফুটবল পছন্দ করে, অনুশীলনের সময় সেটা নিশ্চয়ই দেখেছেনও। অনুশীলনে অনেকেই ফুটবল-দক্ষতা দেখায়, ফুটবলার হওয়ার ভান করে। আমি কিন্তু পুরোদস্তুর ফুটবলার।
. আপনার বন্ধু উসাইন বোল্ট তো খুবই ফুটবলপ্রেমী। আচ্ছা কোনটা হলে বেশি খুশি হবেন—বোল্টের চেয়ে দ্রুত দৌড়াতে পারলে, নাকি রিয়ানার চেয়ে ভালো গান করতে পারলে?
গেইল: আমি দুটোই পারি না কে বলেছে আপনাকে? (হাসি) আসলে আমি একটু-আধটু গান করি। কোনো দিন হয়তো রিয়ানার সঙ্গেও মঞ্চে গাইব। আমাদের ডুয়েট সুপারহিট হয়ে যাবে। ও খুব খুব ভালো গান গায়, তবে আমার গলাও খারাপ না। ওর কাছাকাছি। আর বোল্টকে হারানোর কথা বলছেন? সেটাও সম্ভব যদি শুরুতেই জার্সি টেনে ধরে ওকে ফেলে দিতে পারি।
. আপনি কি ফ্যাশনসচেতন?
গেইল: আমার মনে হয় কখনো কখনো নিজেকে সাধারণ রাখাটাই ভালো। টি-শার্ট, জিনস, স্নিকার এটুকুতেই চলে।
. কী বলেন! নাবিকদের মতো হ্যাট, ওয়েস্ট কোট এসব তাহলে কে পরে?
গেইল: (হাসি) সেসব তো মাঝে মাঝে। আসলে কী পরলাম আমার কাছে সেটা বড় ব্যাপার নয়, সব পোশাকেই আমাকে ভালো দেখায় এ কথা আপনাকে নিশ্চিত করে বলতে পারি। আমার শরীরটা এতই চমৎকার!
. পিঠের চোটটার অবস্থা কী? অনেক দিন তো এটা আপনার সঙ্গী...
গেইল: যায় আবার আসে, এ অবস্থায়। বিশ্বকাপের সময় যেমন ছিল তার চেয়ে এখন ভালো।
. আর কি কখনো টেস্ট খেলবেন না?
গেইল: সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। তবে এর আগে চোটটার অবস্থা বুঝতে হবে। ওয়েস্ট ইন্ডিজের কোচের সঙ্গেও কথা বলতে হবে। আমি তো আর কোনো ধরনের ক্রিকেট থেকেই অবসর নিইনি।
. কিছু জ্ঞানের কথা বলে শেষ করুন। মানে আপনার জীবনদর্শন...
গেইল: চূড়ায় ওঠা যতটা কঠিন, পিছলে পড়ে যাওয়া ততটাই সহজ। সুতরাং বিনীত থাকুন, মানুষকে সম্মান করুন। হৃদয়ে মায়া-মমতা রাখুন, ফিরিয়ে দেওয়ার মানসিকতা ধারণ করুন।