'আমি এক শ ভাগ নিরাপদ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>
কাজী সালাউদ্দিন
কাজী সালাউদ্দিন
একের পর এক ফিফার রাঘববোয়ালেরা নিষিদ্ধ হয়েছেন এবং হচ্ছেন। নিষিদ্ধ হওয়ার তালিকায় সবচেয়ে বড় নাম স্বয়ং ফিফা সভাপতি সেপ ব্ল্যাটার। ব্ল্যাটারের ঘনিষ্ঠজন কাজী সালাউদ্দিন নিরাপদ আছেন তো? শুধু এ বিষয়টা নিয়েই কাল এই সাক্ষাৎকার দিলেন বাফুফে সভাপতি


* ফিফার নিষিদ্ধ-কাণ্ডে আপনিও ঝুঁকির মধ্যে আছেন বলে গুঞ্জন শোনা যায়। সত্যিই কি সে রকম কোনো আশঙ্কা আছে আপনার?
কাজী সালাউদ্দিন: মোটেও না। কারণ, আমি ফিফার কোনো রাজনীতি বা আর্থিক কাজকারবারে যুক্ত নই। আর যাঁরা নিষিদ্ধ হচ্ছেন এবং যাঁরা নিষিদ্ধ করছেন, দুই পক্ষের সঙ্গেই আমার ঘনিষ্ঠতা আছে (হাসি)। কাজেই আমার মনে বিন্দুমাত্র ভয় নেই। আমি এক শ ভাগ নিরাপদ।
* বলেন কী, নৈতিকতা কমিটির কর্মকর্তারাও আপনার বন্ধু, এটা তো আগে শুনিনি!
সালাউদ্দিন: হ্যাঁ, সব কথা তো বলতে হয় না। ফিফায় সবার সঙ্গেই আমার খাতির আছে। নৈতিকতা কমিটির সদস্যরাও আমার পরিচিত মানুষ। একটা মানুষ কখন ভয় পায়? যখন তাঁর মধ্যে অপরাধবোধ থাকে বা দুর্নীতি করে। আমি তো আগেই বলেছি, ফিফা বা এএফসির টাকাপয়সার লেনদেন থেকে এক শ হাত দূরে থাকি। বড় মুখ করে একটা দাবি করব, সালাউদ্দিন বিক্রি হয় না কারও কাছে।
* কিন্তু আপনার ঘনিষ্ঠরা তো সবাই নিষিদ্ধ হয়ে যাচ্ছেন। সর্বশেষ থাইল্যান্ডের ওয়াউরি মাকুদিও নিষিদ্ধ হয়েছেন। এ কারণেই আসলে অনেকের মনে আপনাকে নিয়েও কৌতূহল...
সালাউদ্দিন: যাঁদের এমন কৌতূহল আছে, তাঁদের আমি খুব আত্মবিশ্বাস নিয়েই বলছি, আমার ও রকম কিছু হওয়ার সম্ভাবনা শূন্য। আমি খুব ফুরফুরে আছি। হাম্মামকে ২০১২ সালে যখন ফিফা নিষিদ্ধ করল, তখনো তো আমাদের এখানে ফিসফাস শুনেছি, এবার না সালাউদ্দিন যায়! কই, তেমন কিছু দেখেছেন?
* না, তা দেখিনি। তবে আজও অনেকে রসিকতা করে বলছিলেন, বাংলাদেশের ফুটবলের বন্ধু মাকুদি যখন গেল, সাফের সভাপতি হিসেবে এবার বুঝি আপনার পালা!
সালাউদ্দিন: (হাসি) নিশ্চিত থাকুন, ও রকম কোনো চান্স নেই। আমি সাফের প্রেসিডেন্ট হতে পারি, কিন্তু সাফকে ব্যবহার করি না। তবে ভোটের সময় সবাই আমার কাছে ভোট চায়। ফিফায় নিষিদ্ধ হওয়া মিশেল প্লাতিনিও তো আমাকে চারটি চিঠি লিখেছেন সম্প্রতি। কোরিয়ার মিস্টার চুং কদিন আগে ঢাকায় ঘুরে গেছেন কয়েক ঘণ্টার জন্য। এগুলো তো হবেই। বিষয়টা হলো আমি নৈতিকতাবিরোধী কিছু করছি কি না, সেটাই আসল।
* আপনার মধ্যে এত আত্মবিশ্বাস কীভাবে এল?
সালাউদ্দিন: হ্যাঁ, অবশ্যই আমি খুব আত্মবিশ্বাসী। কারণ, আমি ওসব সজ্ঞানে এড়িয়ে চলি। ফিফায় কী হচ্ছে, তা নিয়ে মাথা ঘামাই না। যারা সামনে ফিফার নেতৃত্বে আসবে, তারাও দেখবেন আমার বন্ধু। একটা কথা বলি, এএফসিতে এবার সাফ অঞ্চলের জন্য একটা সহসভাপতি পদ বরাদ্দ ছিল। সাফের সভাপতি হিসেবে সেই পদের জন্য আমার নাম প্রস্তাব করেছিলেন স্বয়ং এএফসি সভাপতি। আমি সেটা নিইনি।
* কেন নেননি?
সালাউদ্দিন: কারণ, আমি চাই বাংলাদেশের ফুটবল নিয়ে থাকতে। একই সঙ্গে এখন আমার হাতে সাফ আছে। দুটোই আমার সাম্রাজ্য। আমি ফুটবলার, ফুটবল রাজনীতির আশপাশে আমি থাকি না। ফিফা-এএফসিতে গিয়ে বড় নেতা হওয়ার কোনো স্বপ্ন বা আগ্রহ কোনোটিই আমার নেই।
* বড় পদে সবাই যেতে চায়। আপনার সামনে সুযোগ থাকলে যাবেন না কেন? এটা তো দেশের জন্যই ভালো...
সালাউদ্দিন: আমি এখন যেভাবে আছি, সেভাবেই থাকতে চাই এবং থাকব। ফিফা-এএফসির পদের প্রতি আমার কোনো মোহ নেই। ফুটবল ফেডারেশন যেদিন ছাড়ব, আমাকে কিন্তু কোথাও খুঁজে পাবেন না। মাঝখানে যেমন ফুটবল থেকে অনেক বছর দূরে ছিলাম, আবারও তাই হবে।